০৯:১৩ পি.এম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহে উৎসাহিত করতে ‘গ্রীন ভয়েস’ নামক পরিবেশভিত্তিক সংগঠন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহৃত প্লাস্টিক জমা দিলেই বিভিন্ন প্রজাতির গাছের চারা পাচ্ছেন।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে জাম, কাঁঠাল, নিম, বিভিন্ন প্রজাতির ফুলগাছ এবং ইনডোর প্ল্যান্টের চারা সংগ্রহ করেন।
আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী
আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। একই সাথে বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশকে আরও সবুজ করে তোলার বার্তা দেওয়া হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, কর্মসূচিতে সংগৃহীত সব প্লাস্টিক আলাদা করে সংরক্ষণ করা হবে। পরে সেগুলো পৌরসভার প্লাস্টিক সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করা হবে, যাতে এগুলো পুনঃপ্রক্রিয়াজাত (রিসাইক্লিং) করা সম্ভব হয়। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণের কারণ না হয়ে পুনর্ব্যবহারের সুযোগ পাচ্ছে।
গ্রীন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেছেন, ‘এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। আমরা চাই, মানুষ যেন প্লাস্টিককে আবর্জনা হিসেবে না ফেলে সঠিকভাবে সংগ্রহ করে এবং এর বিনিময়ে একটি গাছ গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করে।’
সংগঠনটির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম মন্তব্য করেছেন, ‘প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এটিকে প্রকৃতিতে ফেলে না দিয়ে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। প্লাস্টিকের পরিবর্তে একটি গাছ গ্রহণের মাধ্যমে চারপাশকে সবুজ করে তোলাটাই এই উদ্যোগের লক্ষ্য।’
আরও পড়ুন: ময়মনসিংহে বিজয়া দশমী: ব্রহ্মপুত্রের কাচারী ঘাটে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক সামিয়া তাবাসসুম জিমি এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন