মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৩ পি.এম
সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ওমর সানী বিয়ের দিনের সেই বিশেষ সময়ে ফিরে গেছেন, একটি স্মৃতির ছবি প্রকাশ করে। ছবিতে নববধূর সাজে দেখা যায় তার স্ত্রী ও অভিনেত্রী মৌসুমীকে। বিয়ের সাজে ধরা দিয়েছেন ওমর সানীও।
ওমর সানী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন দশকের বেশি পুরনো ছবিটি প্রকাশ করেন। ছবির সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘বৌভাতের দিন। স্থান রাওয়া ক্লাব মাঠ, মহাখালী।’
ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের নজর কাড়ে তারকা দম্পতির পুরনো স্মৃতি। সেইসঙ্গে নতুন করে আলোচনায় আসে তাদের প্রেম ও বিয়ের গল্পও।
ওমর সানী ও মৌসুমীর প্রেমের শুরু নব্বইয়ের দশকে। ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। যদিও এরও আগে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরত অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়েছিল বলে বিভিন্ন সময় জানিয়েছেন ওমর সানী।
একপর্যায়ে সেই ভালো লাগা গড়ায় ভালোবাসায়। এরপর ১৯৯৫ সালের ৪ মার্চ দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেন তারা। সে সময় বিয়ের খবর প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। অভিনয়জীবন চালিয়ে যাওয়ার পরিকল্পনা থেকেই বিষয়টি কিছুটা আড়ালে রেখেছিলেন তারা।
এরপর একই বছরের ২ আগস্ট ঘটা করে আয়োজন করা হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনার। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব মাঠে আয়োজিত সেই অনুষ্ঠান হয়ে ওঠে তাদের দাম্পত্যজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। দীর্ঘদিন ধরে এই দিনটিকেই বিবাহবার্ষিকী হিসেবে উদযাপন করে আসছেন ওমর সানী ও মৌসুমী।
এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান—ছেলে ফারদীন এহসান ও মেয়ে ফাইজা। তিন দশকের বেশি সময়ের সংসারজীবনে নানা সময়ে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও একসঙ্গেই পথ চলেছেন ওমর সানী ও মৌসুমী। সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস ও ত্যাগকে গুরুত্বপূর্ণ মনে করেন ওমর সানী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের ভাঙাপুল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে একটি ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে তাবলিগ জামাতের সদস্য সিরাজুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় আরও তিনজন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার ভাঙাপুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন নুরুল ইসলাম (৩২), রাকিব (২২), এবং আনোয়ার বেগস (৬০)।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, কয়েক দিন আগে সিরাজুল ছাগলনাইয়ার উত্তর মন্দিয়া গ্রামে তাবলিগ জামাতে দলগত চিল্লায় অংশ নিতে আসেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সহযোগীরা তাকে চিকিৎসার জন্য ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সিরাজুল ঘটনাস্থলেই মারা যান এবং তিনজন আহত হন।
ছাগলনাইয়া থানার এসআই শাহীনুর আলম জানিয়েছেন, নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে "একটি হৃৎস্পন্দন ও উপেক্ষা করবেনা" এই প্রতিপাদ্যে ফেনীতে সচেতনতামূলক র্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ফেনী কার্ডিয়াক সেন্টার।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফেনী কার্ডিয়াক হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "বর্তমানে বাংলাদেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, ধূমপান, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবারই এর প্রধান কারণ। মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।"
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বিশেষ ছাড়
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজ পুরোদিন সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষার উপর *৩০% বিশেষ ছাড় থাকবে। এর মধ্যে রয়েছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি, আল্ট্রাসনোগ্রামসহ হৃদরোগ সংক্রান্ত সকল পরীক্ষা
এছাড়াও দিনব্যাপী বিনামূল্যে রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
এসময় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো: মোফাজ্জল হক রায়হান বলেন,
হৃদরোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা, ধূমপান পরিহার, লবণ কম খাওয়া এবং মানসিক চাপমুক্ত থাকার পরামর্শ দেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের অরুণাচল প্রদেশে ভারত-মিয়ানমার সীমান্তে সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিদের হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। এই হামলায় আরও চার জওয়ান আহত হয়েছেন। মঙ্গলবার সকালে চ্যাংলং জেলার নামপং এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৬টার দিকে নামপং সার্কেলের নামপং নালার কাছে হামলাটি সংঘটিত হয়। ওই সময় ২১ আসাম রাইফেলসের সদস্যরা এলাকায় টহল দিচ্ছিলেন।
সীমান্তে বেড়া দেওয়ার কাজ চলমান থাকায় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। টহলের সময় জওয়ানদের লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই হামলায় ঘটনাস্থলেই এক জওয়ান নিহত হন এবং আরও চারজন আহত হন।
প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সন্দেহভাজন জঙ্গিরা টহল দলের ওপর গুলি চালালে হাবিলদার জানখোকাই কুকি (৪২) নিহত হন। আহত জওয়ানদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে হামলায় এনএসসিএন (কে-ওয়াইএ) গোষ্ঠীর সদস্যদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এ ঘটনায় আসাম রাইফেলসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। চাংলাংয়ের পুলিশ সুপার (এসপি) কিরলি পাডু জানিয়েছেন, তিনি সীমান্তে হামলার খবর পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য চাংলাং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি বলেন, ‘ভারত-মিয়ানমার সীমান্তে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে আমরা খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চাংলাং থানার ওসিকে বলা হয়েছে।’
বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলাচলের কারণে চাংলাং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়ে আসছে। সীমান্তের দুই পাশে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উয়েফা নেশনস লিগের গ্রুপ বি২-তে গোলশূন্য ড্র করে উত্তর আয়ারল্যান্ড হাঙ্গেরির বিরুদ্ধে। গতকাল সোমবার বেলফাস্টের উইন্ডসর পার্কে হাঙ্গেরির সঙ্গে অনুষ্ঠিত ম্যাচে উত্তরের দলটি একটি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। এর ফলে, দুই ম্যাচে এক জয় ও একটি ড্রয়ের মাধ্যমে ৪ পয়েন্ট নিয়ে অপরাজিত অবস্থানে রয়েছে মাইকেল ও’নিলের দল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লিগ বি-এর কঠিন গ্রুপে টানা দুই ম্যাচে কোনো গোল হজম না করে উত্তর আয়ারল্যান্ডের রক্ষণভাগের দৃঢ়তা প্রশংসনীয়। ম্যাচের প্রথমার্ধে প্যাট্রিক কেলি এবং আইজ্যাক প্রাইস হাঙ্গেরির রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোলরক্ষক তোথ তা তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন।
হাঙ্গেরির তারকা মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই পুরো ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হন। ম্যাচের ৯০ মিনিটে তাদের প্রথম অন-টার্গেট শটটি আসে।
গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা উত্তর আয়ারল্যান্ড আগামী শুক্রবার স্লোভাকিয়ার মাঠে ইউক্রেনের বিরুদ্ধে খেলবে। একই রাতে হাঙ্গেরি তাদের প্রথম জয়ের লক্ষ্যে ঘরের মাঠে জর্জিয়াকে আতিথ্য দেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ