ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ভারতের প্রথম বুলেট ট্রেনে ৫৫৭ আরোহীর যাত্রা, সুবিধা থাকছে বিভিন্ন


ভারতের প্রথম বুলেট ট্রেনে ৫৫৭ আরোহীর যাত্রা, সুবিধা থাকছে বিভিন্ন

ভারত প্রথমবারের মতো উচ্চগতির বুলেট ট্রেন চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে। মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডরের জন্য ট্রেনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নকশা ও নির্মাণ করা হচ্ছে।

বর্তমানে বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেডের (বিইএমএল) কারখানায় ট্রেনটির নির্মাণকাজ চলছে। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে ভারতীয় প্রকৌশলীরা নিজেদের প্রযুক্তিতে এটি তৈরি করছেন। ভারতের আবহাওয়া ও পরিচালন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার উপযোগী করেই ট্রেনটির নকশা করা হয়েছে।

বুলেট ট্রেনটি পরীক্ষামূলকভাবে ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে। তবে নিয়মিত চলাচলের সময় এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার। ট্রেনটির দৈর্ঘ্য হবে ২০২ মিটার এবং এতে মোট আটটি কোচ থাকবে। এর মধ্যে চারটি মোটরচালিত কোচ এবং চারটি সাধারণ কোচ। ট্রেনটিতে একসঙ্গে ৫৫৭ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয়ের ৭ জরুরি প্রশ্নের উত্তর

ট্রেনটিতে সাতটি স্ট্যান্ডার্ড-ক্লাস কোচ ও একটি এক্সিকিউটিভ-ক্লাস কোচ থাকবে। স্ট্যান্ডার্ড-ক্লাসের কোচগুলোতে প্রতি সারিতে তিনটি করে এক পাশে এবং দুটি করে অন্য পাশে আসন সাজানো থাকবে। এক্সিকিউটিভ-ক্লাস কোচে দুই পাশে দুটি করে আসন থাকবে।

ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। আধুনিক অন-বোর্ড নিয়ন্ত্রণব্যবস্থা সেখানে থাকবে। এর মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং অপারেশন কন্ট্রোল সেন্টারের সঙ্গে সমন্বয় করা সম্ভব হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে আটটি কোচের দুটি ট্রেন একসঙ্গে যুক্ত করে ১৬ কোচের একটি ট্রেন তৈরি করা সম্ভব হবে।

যাত্রীদের আরামের কথা বিবেচনা করে ট্রেনটির ভেতরের নকশা ভারতীয়দের শারীরিক গঠন ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এতে রয়েছে প্রশস্ত আসন ও পা রাখার পর্যাপ্ত জায়গা। প্ল্যাটফর্মের সমান উচ্চতায় ট্রেনে ওঠার সুবিধাও রাখা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য সংরক্ষিত আসনও রয়েছে।

প্রতিটি কোচের মধ্যে বিশেষভাবে তৈরি সিল করা সংযোগপথ রাখা হয়েছে। ফলে যাত্রীরা সহজেই এক কোচ থেকে অন্য কোচে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের হুমায়ুন কবির

প্রতিটি সারিতে বড় জানালা থাকায় যাত্রীরা বাইরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। ট্রেনের ভেতরে আধুনিক এলইডি আলোকব্যবস্থা রয়েছে। মালপত্র রাখার জন্য মাথার ওপরের র‍্যাকের পাশাপাশি বড় লাগেজ রাখার জন্য মেঝেতে আলাদা জায়গা রাখা হয়েছে। প্রতিটি আসনের পাশে ল্যাপটপ ও মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য পাওয়ার আউটলেটও রয়েছে।

পরিবেশদূষণ কমাতে ট্রেনটিতে আধুনিক বায়ো-ডাইজেস্টার টয়লেট ব্যবহার করা হয়েছে। ট্রেনটিতে থাকবে আধুনিক যাত্রী তথ্যব্যবস্থা। এর মাধ্যমে পুরো যাত্রাপথে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। প্রতিটি কোচে থাকা এলসিডি পর্দায় ইংরেজি, হিন্দি ও আঞ্চলিক ভাষায় বিভিন্ন তথ্য দেখানো হবে।

যাত্রীদের নিয়মিত তথ্য জানাতে থাকবে মাইক ও স্বয়ংক্রিয় ঘোষণাব্যবস্থা। উচ্চগতির ওয়াই-ফাইভিত্তিক বিনোদনব্যবস্থা থাকবে। এর মাধ্যমে যাত্রীরা ভ্রমণের সময় আগে থেকে সংরক্ষিত বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন। জরুরি প্রয়োজনে ট্রেনের কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিটি কোচ ও সংযোগস্থলে বিশেষ ‘টক-ব্যাক’ ব্যবস্থা রাখা হবে।

সব ধরনের যাত্রীর সুবিধার কথা বিবেচনা করে ট্রেনের মেঝে প্ল্যাটফর্মের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। ফলে সহজেই ট্রেনে ওঠানামা করা যাবে। দরজার সঙ্গে থাকবে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসা বিশেষ ধাপ, যা ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যকার ফাঁক কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন: মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ দরজা ও শৌচাগারের ব্যবস্থা থাকবে। দৃষ্টিপ্রতিবন্ধী যাত্রীদের সুবিধার্থে ব্রেইল পদ্ধতিতে লেখা নির্দেশনাও রাখা হবে। সারা বছর আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি কোচে দুটি ইউনিটের এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন ও এয়ার কন্ডিশনিং) ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে ঋতু ও আবহাওয়া অনুযায়ী ট্রেনের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যাবে।

ট্রেনের ভেতরে শব্দ কমাতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বগির কাঠামো ও মেঝেতে শব্দ নিরোধক স্তর এবং শব্দ শোষণকারী প্রলেপ ব্যবহার করা হয়েছে।

ট্রেনটি ২৫ কিলোভোল্ট (কেভি) এসি ওভারহেড বৈদ্যুতিক ব্যবস্থায় চলবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এতে আধুনিক ‘রিজেনারেটিভ ব্রেকিং’ ব্যবস্থা রাখা হয়েছে। ট্রেনের গতি কমানোর সময় এই ব্যবস্থা ব্রেক থেকে উৎপন্ন শক্তি আবার বৈদ্যুতিক গ্রিডে পাঠিয়ে দেয়। ফলে বিদ্যুতের অপচয় কমবে এবং ট্রেন চলাচলে শক্তি সাশ্রয় হবে।

বাতাসের বাধা কমিয়ে ট্রেনের চলাচল মসৃণ করতে উন্নত কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এর নকশা তৈরি করেছেন প্রকৌশলীরা। ট্রেনের সামনের অংশ ও পুরো কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বাতাসের বাধা ও অস্থির বায়ুপ্রবাহ কম হয়। সুড়ঙ্গের ভেতর দিয়ে চলার সময় সৃষ্ট তীব্র শব্দ বা ‘সনিক বুম’ কমাতেও এই নকশা সহায়তা করবে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা, ইমরান খানকে ক্ষমা প্রার্থনার নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকাসের সভাপতি শাহীন ও মহাসচিব মাহবুব নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


বাকাসের সভাপতি শাহীন ও মহাসচিব মাহবুব নির্বাচিত

বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের তৃতীয় শ্রেণি নির্বাহী কর্মচারী সমিতি-বাকাস'র ২০২৬-২০২৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) ভবনে নির্বাচন কমিশন নব-নির্বাচিত কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এরপর শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নব গঠিত কমিটিকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনার মো. শামস উদ্দিন।

নির্বাচিত কমিটির সভাপতি পদে সাব-ইনস্পেক্টর মোহাম্মদ শাহীন মিয়া এবং মহাসচিব পদে সাব-ইনস্পেক্টর মাহবুব হোসাইন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন অর্থ সস্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সস্পাদক মো. আবু রায়হান শাওন, প্রচার সম্পাদক মো. মাহাবুবর রহমান, দফতর সস্পাদক যাকারিয়া জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুকনুজ্জামান এবং আইন ও কল্যাণ সম্পাদক শাকিল হোসেন।

নতুন কমিটি আগামী ২ বছর বাকাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রশাসনিক ও পরিচালনাগত দায়িত্ব পালন করবে।

কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) সভাপতি রাজস্ব কর্মকর্তা কে. এম মাহবুব আলম, সিনিয়র সহ-সভাপতি রাজস্ব কর্মকর্তা শফিউল বসর, সহ সভাপতি রাজস্ব কর্মকর্তা মো. মাসউদুর রহমান, কার্যকরী মহাসচিব শাহ মোহাম্মদ যোবায়ের, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, প্রচার সম্পাদক মো. নাফিস আমীন রিজভী, বাকাসের সাবেক সভাপতি মো. সালেক খান, মো. আবু শিহান ও সাবেক মহাসচিব মো. আলহেলাল তাজ, মো. মাইনুদ্দিন, মো. মোজাম্মেল হকসহ অন্যান্য সাবেক সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উক্ত সভা সঞ্চালনা করেন মিঠুন চন্দ্র সাহা ঢাকাস (দক্ষিণ) ঢাকা ও শায়লা জামান ঢাকাস (পূর্ব), ঢাকা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন দিদারুল ইসলাম-সাধারণ সম্পাদক (ঢাকাস (দক্ষিণ), ঢাকা) এবং মিঠুন গোস্বামী-ঢাকাস (উত্তর)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে নতুন উদ্যোগের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে নতুন উদ্যোগের আয়োজন

‘পায়রা’ প্ল্যাটফর্ম নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে ব্যক্তিত্ব, জীবনবোধ ও পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে রাজধানীতে ৬০ জন অবিবাহিত তরুণ-তরুণীকে নিয়ে বিশেষ চা-চক্রের আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো সামনাসামনি পরিচয় ও মতবিনিময়ের মাধ্যমে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সুযোগ সৃষ্টি করা।

সম্প্রতি গুলশানের লেকশোর হোটেলে ‘চা থেকে চিরদিন’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন পুরুষ ও ৩০ জন নারী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এটি প্রচলিত স্পিড-ডেটিং বা সাধারণ ম্যাট্রিমোনিয়াল সাইটের মতো নয়। বরং সরাসরি দেখা ও কথোপকথনের মাধ্যমে সম্পর্কের সম্ভাবনা যাচাইয়ের জন্য একটি শালীন পরিসর তৈরি করেছে পায়রা।

অনুষ্ঠানে অংশ নেওয়া বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সাবরিনা ইসলাম মন্তব্য করেন, ‘আমার পরিবারের সবাই বিদেশে থাকেন। দেশে আমার জন্য পাত্র খোঁজার কেউ নেই। এমন পরিস্থিতিতে এই আয়োজন আমার জন্য দারুণ এক সুযোগ তৈরি করেছে।’

অন্যদিকে, উদ্যোক্তা আলী হাসান প্রিন্স বলেন, ‘অনলাইনে পরিচয়ের অনেক জায়গা থাকলেও সেখানে প্রতারণার ঝুঁকি থাকে। জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মুখোমুখি আলোচনা অনেক বেশি নিরাপদ ও সম্মানজনক।’

পায়রার প্রধান নির্বাহী মোশারাত আহমেদ মেহেক জানান, ‘পায়রাতে কাউকে তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে না। আমরা মানুষকে সঠিক সঙ্গী খুঁজে পেতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করি।’

প্ল্যাটফর্মটির সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক পরিচয়ের চেয়ে ব্যক্তিত্ব ও পারস্পরিক সমঝোতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন অংশগ্রহণকারীরা। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতার চিত্র উঠে এসেছে জরিপে। এতে ১৫ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর ম্যাচমেকিংয়ের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন। অন্যদিকে ৮১ শতাংশ উত্তরদাতা অভিজ্ঞ ম্যাচমেকার ও প্রযুক্তির সমন্বিত সেবার পক্ষে মত দিয়েছেন।

পায়রা জানায়, তারা এআই ব্যবহার করে সম্ভাব্য জীবনসঙ্গী খোঁজার পরিধি বাড়াতে। তবে প্রোফাইল পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের প্রক্রিয়ায় যুক্ত থাকেন অভিজ্ঞ পরামর্শকেরা। প্ল্যাটফর্মটিতে যাচাইকৃত প্রোফাইল, গোপনীয়তা ও নিরাপত্তার পাশাপাশি ধাপে ধাপে পরিবারকে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

পায়রার প্রধান পরিচালন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সামাজিক পরিস্থিতি ও মুসলিম পারিবারিক পরিবেশের কথা মাথায় রেখে প্রযুক্তি ও অনুভূতির সমন্বয় ঘটিয়ে আমরা কাজ করছি, যাতে মানুষ আমাদের প্ল্যাটফর্মে সেরা ব্যক্তিটিকে খুঁজে পায় এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে পারে।’

এর আগে গত জুলাইয়ে ২০ জন প্রার্থীকে নিয়ে একই ধরনের আড্ডার আয়োজন করেছিল পায়রা। আয়োজকদের দাবি, ওই অনুষ্ঠানে চার জোড়া প্রার্থী পারস্পরিক সম্মতি জানান এবং তাদের মধ্যে এক জোড়া মাত্র তিন সপ্তাহের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবার অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে ৬০ হওয়াকে এ ধরনের উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন আয়োজকেরা।

গ্রাহকসেবার মান উন্নত করতে আগামী ডিসেম্বরে নিজস্ব মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে পায়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানরা আবারও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


আফগানরা আবারও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল

আফগানিস্তান চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তান ৭ উইকেটে জিম্বাবুয়েকে পরাজিত করে। সিরিজের প্রথম দুটি ম্যাচে আফগানরা যথাক্রমে ৩৭ ও ১৯ রানে জয়লাভ করেছিল।

এর আগে আফগানিস্তান ২০২১, ২০২২ ও ২০২৫ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে।

শারজাহ’তে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের স্পিনার নূর আহমদের দুর্দান্ত বোলিংয়ে ১৪.৩ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

নূর ৩.৩ ওভারে ১৩ রানে ৫ উইকেট দখল করেন। এর মধ্যে জিম্বাবুয়ের ইনিংসের ১১তম ওভারে তিনি ৩ উইকেট নেন। এটি ছিল নূরের ৩০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নিয়ে সেরা বোলিং।

জিম্বাবুয়ের ব্যাটিংয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। রায়ান বার্ল সর্বোচ্চ ৩০ রান এবং ওয়েসলি মাধভেরে ১০ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে ১২ রান আসে।

জবাবে আফগানিস্তান ৮.১ ওভারেই জয় নিশ্চিত করে। ওপেনার ইব্রাহিম জাদরান অপরাজিত ২৫ রান, সেদিকুল্লাহ আতাল ২০ রান এবং আজমতুল্লাহ ওমারজাই ১৮ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন নূর এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ওমারজাই।

টি-টোয়েন্টি সিরিজের পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে আগামী ৫ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে এক ইউপি চেয়ারম্যান এবং এক ছাত্রলীগ নেতা রয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস, যিনি পলাশ নামেও পরিচিত (৪৩), বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম (৩২), যিনি শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে, ফকরাবাদ গ্রামের মো. সাইফুল গাজী (৩৬), যিনি খায়বার গাজীর ছেলে, বাসুদেবপুর গ্রামের মো. আবু রাশেদ গাজী এবং উত্তর গোদাড়া গ্রামের আবুল কালাম (৫৭), যিনি মৃত শাহাবুদ্দিনের ছেলে।

ওসি মো. শাহিদুর রহমান জানান, তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%