প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘পায়রা’ প্ল্যাটফর্ম নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে ব্যক্তিত্ব, জীবনবোধ ও পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে রাজধানীতে ৬০ জন অবিবাহিত তরুণ-তরুণীকে নিয়ে বিশেষ চা-চক্রের আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো সামনাসামনি পরিচয় ও মতবিনিময়ের মাধ্যমে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সুযোগ সৃষ্টি করা।
সম্প্রতি গুলশানের লেকশোর হোটেলে ‘চা থেকে চিরদিন’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন পুরুষ ও ৩০ জন নারী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এটি প্রচলিত স্পিড-ডেটিং বা সাধারণ ম্যাট্রিমোনিয়াল সাইটের মতো নয়। বরং সরাসরি দেখা ও কথোপকথনের মাধ্যমে সম্পর্কের সম্ভাবনা যাচাইয়ের জন্য একটি শালীন পরিসর তৈরি করেছে পায়রা।
অনুষ্ঠানে অংশ নেওয়া বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সাবরিনা ইসলাম মন্তব্য করেন, ‘আমার পরিবারের সবাই বিদেশে থাকেন। দেশে আমার জন্য পাত্র খোঁজার কেউ নেই। এমন পরিস্থিতিতে এই আয়োজন আমার জন্য দারুণ এক সুযোগ তৈরি করেছে।’
অন্যদিকে, উদ্যোক্তা আলী হাসান প্রিন্স বলেন, ‘অনলাইনে পরিচয়ের অনেক জায়গা থাকলেও সেখানে প্রতারণার ঝুঁকি থাকে। জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মুখোমুখি আলোচনা অনেক বেশি নিরাপদ ও সম্মানজনক।’
পায়রার প্রধান নির্বাহী মোশারাত আহমেদ মেহেক জানান, ‘পায়রাতে কাউকে তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে না। আমরা মানুষকে সঠিক সঙ্গী খুঁজে পেতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করি।’
প্ল্যাটফর্মটির সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক পরিচয়ের চেয়ে ব্যক্তিত্ব ও পারস্পরিক সমঝোতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন অংশগ্রহণকারীরা। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতার চিত্র উঠে এসেছে জরিপে। এতে ১৫ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর ম্যাচমেকিংয়ের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন। অন্যদিকে ৮১ শতাংশ উত্তরদাতা অভিজ্ঞ ম্যাচমেকার ও প্রযুক্তির সমন্বিত সেবার পক্ষে মত দিয়েছেন।
পায়রা জানায়, তারা এআই ব্যবহার করে সম্ভাব্য জীবনসঙ্গী খোঁজার পরিধি বাড়াতে। তবে প্রোফাইল পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের প্রক্রিয়ায় যুক্ত থাকেন অভিজ্ঞ পরামর্শকেরা। প্ল্যাটফর্মটিতে যাচাইকৃত প্রোফাইল, গোপনীয়তা ও নিরাপত্তার পাশাপাশি ধাপে ধাপে পরিবারকে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
পায়রার প্রধান পরিচালন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সামাজিক পরিস্থিতি ও মুসলিম পারিবারিক পরিবেশের কথা মাথায় রেখে প্রযুক্তি ও অনুভূতির সমন্বয় ঘটিয়ে আমরা কাজ করছি, যাতে মানুষ আমাদের প্ল্যাটফর্মে সেরা ব্যক্তিটিকে খুঁজে পায় এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে পারে।’
এর আগে গত জুলাইয়ে ২০ জন প্রার্থীকে নিয়ে একই ধরনের আড্ডার আয়োজন করেছিল পায়রা। আয়োজকদের দাবি, ওই অনুষ্ঠানে চার জোড়া প্রার্থী পারস্পরিক সম্মতি জানান এবং তাদের মধ্যে এক জোড়া মাত্র তিন সপ্তাহের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবার অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে ৬০ হওয়াকে এ ধরনের উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন আয়োজকেরা।
গ্রাহকসেবার মান উন্নত করতে আগামী ডিসেম্বরে নিজস্ব মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে পায়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন