ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সড়ক দুর্ঘটনা কমাতে আচরণগত পরিবর্তনের ওপর বিশেষজ্ঞদের জোর


সড়ক দুর্ঘটনা কমাতে আচরণগত পরিবর্তনের ওপর বিশেষজ্ঞদের জোর

সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আইন প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী এবং পথচারীদের মধ্যে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপর বিশেষজ্ঞরা গুরুত্ব আরোপ করেছেন। দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে তথ্যের ঘাটতি কমানো, শিশুদের জন্য যানবাহনে নিরাপদ আসন নিশ্চিত করা এবং দুর্ঘটনার পর জরুরি সেবা জোরদার করার আহ্বানও জানানো হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন। আগামী ২২ অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালনের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিআইপিআরবির নির্বাহী পরিচালক ডা. আমিনুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রোড সেফটি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কাজী বোরহান উদ্দিন। প্রবন্ধে তিনি বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি, বাংলাদেশে দুর্ঘটনার পরিসংখ্যান, দুর্ঘটনার কারণ এবং সড়ক পরিবহন আইন ও নীতিমালার সীমাবদ্ধতা তুলে ধরেন।

আরও পড়ুন: তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে: বিমানমন্ত্রী

কাজী বোরহান উদ্দিন নিরাপদ সড়ক নিশ্চিত করতে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন যে, এই পদ্ধতিতে সড়কব্যবস্থার বিভিন্ন উপাদানকে সমন্বিতভাবে নিরাপদ করার মাধ্যমে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি কমানো সম্ভব।

আলোচনায় অংশ নিয়ে সিআইপিআরবির নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম ফজলুর রহমান বলেন, "শুধু আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। সড়ক ব্যবহারকারীদের মধ্যে দায়িত্বশীল আচরণ ও নিরাপদে চলাচলের অভ্যাস গড়ে তোলাও জরুরি।" তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির চিত্র জানতে তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির ঘাটতি কমাতে হবে।

সভায় সড়ক নিরাপত্তা নিয়ে সিআইপিআরবির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির উপনির্বাহী পরিচালক ও আরটিআই প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

মুক্ত আলোচনায় দুর্ঘটনার পর জরুরি সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্সচালকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার এবং এ-সংক্রান্ত নির্দেশিকা তৈরির প্রস্তাব আসে। এছাড়া সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিরাপত্তা কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন: মালিকপক্ষ ১৬ নভেম্বর ন্যূনতম মজুরির প্রস্তাব দেবে: বিজিএমইএ

আলোচনায় সড়ক নিরাপত্তার সব উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং দেশে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ সম্পর্কে ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। শিশুদের সুরক্ষায় যানবাহনে নিরাপদ শিশু আসন স্থাপনের বিষয়টিও গুরুত্ব পায়।

ডা. আমিনুর রহমান বলেন, "সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিআইপিআরবি দীর্ঘদিন ধরে গবেষণা ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।" তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এসব উদ্যোগ অব্যাহত থাকবে এবং ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার বিষয়ে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগে ৭৩টি সেলাই মেশিন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন, টঙ্গী (গাজীপুর)

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


গাজীপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগে ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর জেলার অসচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে ৭৩টি সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টায় জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগী নারীদের মধ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-এট-ল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি সেলাই মেশিনের মাধ্যমে একজন নারী নিজ বাড়িতে বসেই পোশাক তৈরি ও সেলাইয়ের কাজ করে আয় করতে পারেন। এতে পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ার পাশাপাশি নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়।
তাঁরা আরও বলেন, দরিদ্র ও অসচ্ছল নারীদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং আয়বর্ধক কাজের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ নারীদের দক্ষতা কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করবে। পাশাপাশি পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, উপকারভোগী নারীরা সেলাই মেশিন ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ৭৩টি সেলাই মেশিন বিতরণের এ উদ্যোগকে অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথে একটি সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব সেলাই মেশিন কাজে লাগিয়ে উপকারভোগী নারীরা নিজেদের আয়ের ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জেলার ২’ আয় ৪২৪ কোটি, ৫০০ কোটির পথে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


‘জেলার ২’ আয় ৪২৪ কোটি, ৫০০ কোটির পথে

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘জেলার ২’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা যাচ্ছে, এবং ছবিটির আয় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। প্রথম সপ্তাহান্তে অসাধারণ ব্যবসার ফলে মুক্তির মাত্র চার দিনের মধ্যে ছবিটি বিশ্বজুড়ে ৪২৪ কোটি রুপির বেশি আয় করেছে। বর্তমানে ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে এই অ্যাকশনধর্মী সিনেমাটি।

বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) মুক্তির চতুর্থ দিনে ভারতে ছবিটির নেট আয় ছিল ৫৫ কোটি ৮৫ লাখ রুপি। এর ফলে প্রথম চার দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৯০ লাখ রুপি। অন্যদিকে, ভারতের বাজারে মোট গ্রস আয় ২৩৪ কোটি ২৫ লাখ রুপি।

রবিবার ভারতের ১৫ হাজার ৪৭৩টি শোতে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬২ শতাংশ। আগের দিন শনিবার ৪৭ কোটি ২৫ লাখ রুপি আয়ের তুলনায় চতুর্থ দিনে আয় বেড়েছে প্রায় ১৮ দশমিক ২ শতাংশ। রবিবারেই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে উপস্থিত হন ৩৬ লাখ ৮৭ হাজার ২৬৯ জন দর্শক।

মুক্তির প্রথম দিন থেকেই ‘জেলার ২’ ভালো ব্যবসা করে আসছে। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ভারতে ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে। সেদিন গড় দর্শক উপস্থিতি ছিল ৫৫ দশমিক ৪ শতাংশ।

দ্বিতীয় দিনে শুক্রবার আয় কিছুটা কমে ৩৭ কোটি ১০ লাখ রুপিতে দাঁড়ায়। ১৩ হাজার ১৫৭টি শোতে সেদিন দর্শক উপস্থিতি ছিল ৪৮ দশমিক ২ শতাংশ। তবে সপ্তাহান্তে ছবিটি আবার ঘুরে দাঁড়ায়। শনিবার ১৪ হাজার ৬০৪টি শো থেকে আয় হয় ৪৭ কোটি ২৫ লাখ রুপি। সেদিন দর্শক উপস্থিতি ছিল ৫৩ দশমিক ৯ শতাংশ। রবিবার আয় বেড়ে ৫৫ কোটি ৮৫ লাখ রুপি পৌঁছায়।

তামিল সংস্করণে সবচেয়ে বেশি আয়

ভাষাভিত্তিক আয়ের হিসাবে ছবিটির তামিল সংস্করণ এখনও এগিয়ে রয়েছে। রবিবার ৮ হাজার ১৭৩টি শো থেকে এই সংস্করণের নেট আয় হয়েছে ৩৯ কোটি ৯৫ লাখ রুপি। দর্শক উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।

অন্যদিকে, ২ হাজার ২৩৪টি শো থেকে তেলুগু সংস্করণের আয় ৯ কোটি ৫০ লাখ রুপি। ৪ হাজার ৯০২টি শো থেকে হিন্দি সংস্করণ আয় করেছে ৫ কোটি ৭৫ লাখ রুপি। আর ১৬৪টি শো থেকে কন্নড় সংস্করণের সংগ্রহ ৬৫ লাখ রুপি।

দর্শক উপস্থিতির বিস্তারিত হিসাবেও তামিল সংস্করণের দাপট স্পষ্ট। তামিল দ্বিমাত্রিক শোগুলোতে গড় দর্শক উপস্থিতি ছিল ৮২ দশমিক ৫৮ শতাংশ। সকালের শোতে উপস্থিতি ছিল ৬৭ দশমিক ০৮ শতাংশ। দুপুর, বিকেল ও রাতের শোগুলোতে এই হার ছিল যথাক্রমে ৮৭ দশমিক ০৮, ৮৮ দশমিক ৭৭ ও ৮৭ দশমিক ৩৮ শতাংশ।

হিন্দি সংস্করণের ক্ষেত্রে সকালের শোতে দর্শক উপস্থিতি ছিল ২৮ দশমিক ৫৮ শতাংশ। দুপুরে তা বেড়ে ৪৯ দশমিক ৮৩ শতাংশ হলেও বিকেল ও রাতের শোতে উপস্থিতি ছিল যথাক্রমে ৪৭ দশমিক ৮৩ ও ৪৬ শতাংশ। তেলুগু সংস্করণেও দুপুর ও বিকেলের শোগুলোতে দর্শক উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।

বিদেশের বাজারেও দাপট

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ‘জেলার ২’ ভালো ব্যবসা করছে। স্যাকনিল্কের দেওয়া হিসাব অনুযায়ী, রবিবারেই বিদেশের বাজার থেকে ছবিটির গ্রস আয় হয়েছে প্রায় ৪০ কোটি রুপি। ফলে চার দিনে আন্তর্জাতিক বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১৯০ কোটি রুপি।

ভারতের বাজারে ২৩৪ কোটি ২৫ লাখ রুপি এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ১৯০ কোটি রুপি মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৪২৪ কোটি ২৫ লাখ রুপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আল্লাহর বাড়ি পবিত্র, সেখানে অপরাধ ঠিক নয়-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


‘আল্লাহর বাড়ি পবিত্র, সেখানে অপরাধ ঠিক নয়-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর এবার সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না।’

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি ব্রিফিংয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন।

এ সময় হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সঙ্গে, একটি গভীর, ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি নতুন উচ্চতায় পৌঁছাবে ইনশাআল্লাহ।

তবে, এই ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের বন্ধুপ্রতিম দেশ সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছি। এখানে একটি তথ্যের ঘাটতি ছিল, এবং আমরা খতিয়ে দেখার জন্য কথাবার্তা বলছি।

দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, যে অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সেটি আমাদের জন্য হতাশাজনক। আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য পবিত্র হওয়া উচিত। মৃত্যুদণ্ডের যে কারণ উল্লেখ করা হয়েছে, সেটি অত্যন্ত হতাশাজনক, দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, যদি অপরাধ হয়ে থাকে, তবে তার জন্য আইন রয়েছে এবং সৌদি আরবের স্থানীয় আইন সম্পর্কে জানাটা জরুরি। যারা সেখানে যায়, তারা জানে কী ধরনের অপরাধ দণ্ডনীয়। আমাদের তথ্য ও যোগাযোগের ঘাটতি রয়েছে, এ কারণে আমরা সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছি।

দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘তাদের পরিচয় গণমাধ্যমের খবরে এসেছে। বিদেশে কোনো বাংলাদেশি অপরাধে জড়ালে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে বাংলাদেশকে অবহিত করা গুরুত্বপূর্ণ। এতে সংশ্লিষ্ট ব্যক্তিকে কনস্যুলার সেবা দেওয়ার সুযোগ থাকে।’

হুমায়ুন কবির আরও বলেন, পবিত্র স্থানে মানুষ পবিত্র উদ্দেশ্য নিয়ে যান। সেখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট দেশের স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে।

এ সময় সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদেরকে দেশটির আইন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা, ব্যয় ও ভবিষ্যৎ নিয়ে তীব্র অসন্তোষ: যুবসমাজ ইউরোপজুড়ে ফুঁসে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


শিক্ষা, ব্যয় ও ভবিষ্যৎ নিয়ে তীব্র অসন্তোষ: যুবসমাজ ইউরোপজুড়ে ফুঁসে উঠেছে

ইউরোপের বিভিন্ন অঞ্চলে তরুণ প্রজন্মের মধ্যে হতাশা ও ক্ষোভের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষাব্যবস্থার সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রতিরক্ষা নীতির কারণে যুবসমাজের অসন্তোষ এখন মহাদেশটির রাজনীতিতে একটি নতুন মোড় নিয়ে এসেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের তরুণরা বর্তমানে একটি বহুমুখী সংকটের সম্মুখীন, যা তাদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। শিক্ষার মানহানি এবং সুযোগের অভাবের পাশাপাশি, মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর পাশাপাশি, সরকারের প্রতিরক্ষা ও ভূ-রাজনৈতিক নীতির সিদ্ধান্তগুলো তরুণ সমাজের মধ্যে আরও বেশি ক্ষোভ সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যদি সরকারগুলো তরুণ প্রজন্মের এই মৌলিক দাবি ও উদ্বেগগুলো দ্রুত আমলে না নেয়, তবে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে এবং ইউরোপের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতায় তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%