ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রশ্নফাঁসকে ‘ঘোর পাপ’ বললেন মোদি, সংসদে আলোচনায় প্রস্তুত সরকার


প্রশ্নফাঁসকে ‘ঘোর পাপ’ বললেন মোদি, সংসদে আলোচনায় প্রস্তুত সরকার

নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ আরো জোরালো হয়েছে। সরকারি সূত্রগুলো এ বিষয়ে দাবি করেছে যে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিষয়টি সমাধানে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি সূত্রের দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি সামনে আসার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় স্বীকার করেছেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি একের পর এক সংশোধনমূলক পদক্ষেপ নিতে শুরু করেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য বিরোধীদের দাবিকে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে মন্তব্য করা হয়েছে। তাদের দাবি, এই দাবি বাস্তব সমস্যার সমাধানের জন্য নয়, বরং রাজনৈতিক চাপ তৈরির উদ্দেশ্যে করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা সরকারের সামনে পাঁচটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আহ্বান।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে সরকারি সূত্র জানায়, বর্তমানে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এ ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে পরিচালিত হবে এবং যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সরকারি সূত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বৃত্ত বক্তব্যের কথা উল্লেখ করেছে। প্রধানমন্ত্রী এই ঘটনাকে 'ঘোর পাপ' হিসেবে উল্লেখ করেছেন বলেও জানানো হয়।

দিল্লির কেন্দ্রস্থলে নিট অনিয়ম নিয়ে বড় ধরনের বিক্ষোভের পর মঙ্গলবার প্রথমবারের মতো এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্যে কথা বলেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো 'ঘোর পাপ'-এর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, কেউ যেন দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে খেলতে না পারে, তা নিশ্চিত করতে হবে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর একসঙ্গে কাজ করার গুরুত্বের কথা বলেন। কারণ এটি কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, এটি দেশের স্বার্থের বিষয়। প্রধানমন্ত্রী এনডিএর সংসদ সদস্যদের নির্দেশ করেছেন যে সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকতা বজায় রাখতে হবে। বিশেষ করে তরুণদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। সরকারি সূত্রের মতে, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের অন্যায় করা যাবে না। তিনি আরো বলেছেন, শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করা সহজ হলেও তাদের সঠিক পথে ফিরিয়ে আনা কঠিন।

সরকারি সূত্র জানিয়েছে, বিরোধীদের দাবির পরিপ্রেক্ষিতে সংসদে নিট ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে। কিন্তু বিরোধীরা সরকারের পদক্ষেপ নিয়ে সন্তুষ্ট নয়। মঙ্গলবার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন যে, সরকার শিক্ষার্থীদের সমস্যা গুরুত্ব দিচ্ছে না এবং তাদের ব্যবহার করছে। তিনি নিট প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন।

আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিট ইস্যুতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিরোধীদের অবস্থান কর্মসূচির সময় দিল্লি পুলিশ রাহুল গান্ধীকে আটক করে। রাহুল গান্ধীর দাবি ছিল, সংসদে নিট ইস্যু নিয়ে আলোচনা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সোমবারের বিক্ষোভ দমনের ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। এদিকে নিট বিতর্কের কেন্দ্রে থাকা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও মঙ্গলবার রাতে রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি অভিযোগ করেন যে, কংগ্রেস শিক্ষার্থীদের ব্যবহার করছে। তিনি আরো লেখেন, সরকার যখন বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত জানিয়েছে, তখন কংগ্রেস গণতান্ত্রিক আলোচনার বদলে রাজনৈতিক নাটকের পথ বেছে নিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের দাবি, কংগ্রেসের লক্ষ্য শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা নয়, বরং রাজনৈতিক সুবিধা নেওয়া এবং পরিস্থিতি উত্তপ্ত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসযাত্রীর ব্যাগ থেকে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইন উদ্ধার, তরুণ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


বাসযাত্রীর ব্যাগ থেকে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইন উদ্ধার, তরুণ গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে দেড় কেজি হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে। তবে আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তারা জানায়, উদ্ধারকৃত এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এসময় মো. ইকবাল হাসান (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। সে জেলার পুঠিয়া উপজেলা সদর এলাকার রামজীবনপুর গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোদাগাড়ী মডেল থানাধীন দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা শাখার একটি দল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ নামের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের পেছনের সারির পাঁচ সিটের মাঝের সিটে বসে থাকা যাত্রী ইকবাল হাসানের সঙ্গে থাকা একটি কলেজ ব্যাগ তল্লাশি করে কাপড়ে মোড়ানো ১৫টি প্যাকেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ হেরোইন পাওয়া যায়।

এসময় ইকবালের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৮(গ) ও ৪১ ধারায় গোদাগাড়ী মডেল থানায় মঙ্গলবার দিবাগত রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ইকবাল হাসান একজন বহনকারী। হেরোইনগুলো একটি চক্রের। ইকবালের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাকিং এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চালানের নেপথ্যে কারা জড়িত তাদের সনাক্ত করার কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে এশিয়ার বাজারে বুধবার তেলের দাম বৃদ্ধি পেয়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বগতি ধারণ করেছে।

বুধবার গ্রিনিচ মান সময় ০১৩০ টা পর্যন্ত লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। এটি ১১ জুনের পর সর্বোচ্চ দাম।

বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায় যে, যুক্তরাষ্ট্রের প্রধান তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে উঠেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর, মঙ্গলবার মধ্যপ্রাচ্যে ইরান তাদের হামলার মাত্রা বাড়িয়েছে। ইরান দাবি করেছে, তারা হরমুজ প্রণালী অতিক্রমের প্রচেষ্টায় থাকা নির্দেশনা অমান্যকারী দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে তাদের চলাচল বন্ধ করে দিতে পেরেছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, তেহরান কৌশলগত চাপ সৃষ্টির অংশ হিসেবে হরমুজ প্রণালী অবরোধের চেষ্টা করছে। যুদ্ধ শুরুর আগে, বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


চীন-বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে দ্বিপক্ষীয় নানা বিষ‌য়ে আলোচনা ক‌রে‌ন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎভিত্তিক কমিউনিটি (চায়না-বাংলাদেশ কমিউনিটি উইথ অ্যা শেয়ারেড ফিউচার) গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তৃত আলোচনা করেন।

তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ ও জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ অন্যান্য বিষয়ে আলোচনা ক‌রে‌ন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির উপ‌স্থিত ছি‌লেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ পাঁচ দফা দাবি রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ পাঁচ দফা দাবি রাহুল গান্ধীর

বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে মঙ্গলবার তার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

দিল্লিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও আটকের মতো নাটকীয় ঘটনা ঘটার পর, কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কেন্দ্রীয় দুই মন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থী নির্যাতনের বিচার দাবি করেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনার দাবি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারসহ একাধিক দাবিও জানিয়েছেন রাহুল গান্ধী। বুধবারও তিনি পার্লামেন্টে এ ইস্যুতে সরব থাকার ঘোষণা দেন।

রাহুল গান্ধীর অভিযোগ, মোদি সরকার শিক্ষার্থীদের ব্যবহার করছে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন তিনি।

এর আগে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের সময়, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কংগ্রেসের অন্য নেতাদের আটক করে দিল্লি পুলিশ। পরে তাদের মুক্তি দেওয়া হয়।

আটকের পর রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। এরপর রাত প্রায় ৯টার দিকে দুই ভাইবোনকে মুক্তি দেওয়া হয়।

আটক অবস্থায়, রাহুল গান্ধী একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এবং সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সোমবার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার। সোমবারের দমন-পীড়নের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা। বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা এবং যত দ্রুত সম্ভব শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার।

রাহুল গান্ধী অভিযোগ করেন, ভারতের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। তিনি জানতে চান, কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন শিক্ষার ব্যয় এত বেশি এবং কেন পরিবারগুলো সন্তানদের পড়াতে গিয়েও আর্থিক সংকটে পড়ছে। তিনি বলেন, এসব প্রশ্ন করা সম্পূর্ণ যৌক্তিক এবং বিরোধী দল চায় লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই এ বিষয়ে আলোচনা হোক।

এদিকে, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ধর্নাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করেন। পরে তিনি অভিযোগ করে বলেন, সরকার সংসদে আলোচনায় প্রস্তুত থাকা সত্ত্বেও রাহুল গান্ধী অবস্থান পরিবর্তন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন। তার মতে, এটি একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার সঙ্গে মানানসই নয় এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

অন্যদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও রাহুল গান্ধী ও কংগ্রেসের কঠোর সমালোচনা করেন। তিনি জানান, সরকার আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছিল। কিন্তু কংগ্রেস শিক্ষার্থীদের সমস্যার সমাধান করার পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে। তার দাবি, রাহুল গান্ধীর উদ্দেশ্য শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা নয়, বরং রাজনৈতিক সংঘাত সৃষ্টি করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%