০৬:৩৪ পি.এম
শেরপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চল ও চরাঞ্চলে মাদক ও মোবাইল জুয়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব অপরাধ থামাতে প্রশাসন এবং শাসন কোনো কিছুকেই কার্যকর মনে করছে না স্থানীয় সাধারণ মানুষ। সাধারণ মানুষের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তাই এসব অপরাধ দমাতে শেরপুরের প্রত্যন্ত চরাঞ্চল ৬ নম্বর চরে মাদক, জুয়া, অশ্লীলতা এবং অন্যান্য সকল অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল বিষয়ক একটি কমিটি গঠন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ৬নং চর মানবকল্যাণ সংগঠনের আয়োজনে ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬নং চর মানবকল্যাণ সংগঠনের সদস্য মো. নওশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ১নং কামারের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. নওয়াব আলী। প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দেবাশীষ চন্দ্র দত্ত।
আরও পড়ুন: আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে নতুন নিয়ম
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আইউব আহমদ, মো. হাবিজুর রহমান, পয়াস্তির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক মো. হাবিল সরকার, স্থানীয় যুব সংগঠক রাশেদ মোশাররফ, আমেরিকাপ্রবাসী তোফায়েল আহমেদ, ব্যাংকার হাবিবুর রহমান, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবির, সার্জেন্ট (অব.) জহুরুল হক।
বক্তব্যে বক্তারা এলাকার মাদক ও জুয়া পরিস্থিতির ভয়াবহতার কথা তুলে ধরেন। বক্তারা জানান, এলাকার যুবকদের মধ্যে একটি বড় অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিশেষ করে প্রভাবশালীদের মধ্যে দেখা যাচ্ছে যে, তারা মাদকের পাইকার হয়ে উঠছে। এলাকাটি প্রত্যন্ত হওয়ায় প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। ফলে মাদকের সঙ্গে সঙ্গে অন্যান্য অপরাধগুলোও বৃদ্ধি পাচ্ছে।
আলোচনা সভার শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যদের নিয়ে মাদক, জুয়া, অশ্লীলতা এবং অন্যান্য সকল অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল বিষয়ক একটি কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: কুয়াকাটার সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষার উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন