০৯:২৯ পি.এম
বগুড়ার মোকামতলাকে সরকার নতুন পৌরসভা ও থানার মর্যাদা প্রদান করেছে। এর আগে মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সোমবার (১৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। অনুমোদনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দিনভর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
নিকারের বৈঠক থেকে অনুমোদনের খবর মোকামতলায় পৌঁছানোর পর, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। বিকেলে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মিছিল শেষে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আতশবাজি পোড়ানো হয়।
আরও পড়ুন: বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মশাল মিছিল ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
মিছিল-পরবর্তী সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক উল্লেখ করেন, নতুন উপজেলা ঘোষণার পর পৌরসভা ও থানার অনুমোদন এই জনপদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন পৌরসভা ও থানার কার্যক্রম দ্রুত শুরু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, নাগরিক সেবা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক মামুন তালুকদার এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন