ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা


নারী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য বার্ষিক ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ৫০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারের আয় করমুক্ত সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি উল্লেখ করেন, বিনিয়োগকে উৎসাহিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্প্রসারণ করা এবং কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষক, স্টার্টআপ এবং গ্রামীণ ব্যবসার জন্য সরকার বিভিন্ন কর অব্যাহতি, ছাড় ও প্রণোদনা চালু করেছে।

আজ জাতীয় সংসদে মৌলভীবাজার-১ আসনের সরকারি দলের সদস্য নাসির উদ্দিন আহমেদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন: মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে: প্রতিমন্ত্রী

অর্থমন্ত্রী জানান, এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত রাখা হয়েছে। এছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিভিত্তিক ব্যবসার জন্য টার্নওভারভিত্তিক করের ওপর টানা নয় বছর সম্পূর্ণ কর অব্যাহতি দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরি কার্যক্রমও সম্পূর্ণ করমুক্ত সুবিধার আওতায় আনা হয়েছে।

ব্যবসা পরিচালনা সহজ করার লক্ষ্যে তিনি জানান, ব্যক্তি ও কোম্পানি করদাতারা এখন বছরের যেকোনো সময় নিজেদের সুবিধামতো আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বছরের শুরুতে রিটার্ন জমা দিলে প্রণোদনা দেওয়া হবে, তবে অনেক দেরিতে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে।

তিনি বলেন, কর্মচারীদের সুযোগ-সুবিধা, আপ্যায়ন, বিনামূল্যে নমুনা বিতরণ ও প্রচারমূলক কার্যক্রমসহ ব্যবসার বিভিন্ন ব্যয়কে কর রেয়াতযোগ্য ব্যয়ের আওতায় আনা হয়েছে। এতে ব্যবসায়ীদের করের বোঝা কমবে।

অর্থমন্ত্রী জানান, ব্যাক-টু-ব্যাক এলসির পাশাপাশি স্থানীয় ঋণপত্রের (এলসি) মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে সরবরাহকেও পরোক্ষ রপ্তানি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। করসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ ও সময়সাশ্রয়ী করতে আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্টে আপিল এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করা হয়েছে।

আরও পড়ুন: গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প একে বাঁচাতে হবে: ডা. শফিকুর রহমান

তিনি বলেন, নতুন ব্যবস্থায় করদাতারা আপিল পর্যায়ে বিরোধপূর্ণ করের এক শতাংশ, ট্রাইব্যুনালে তিন শতাংশ এবং হাইকোর্টে ১০ শতাংশ জমা দিয়ে আপিল করতে পারবেন। পূর্বে এ হার যথাক্রমে ১০, ১৫ ও ২৫ শতাংশ ছিল।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত উৎপাদনশিল্প, পর্যটন ও ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য ত্বরিত অবচয় সুবিধা চালু করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এ সুবিধার আওতায় ভবন ও যন্ত্রপাতির ওপর প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ অবচয় দাবি করা যাবে।

তিনি আরও জানান, ব্যবসা ও বিনিয়োগ সহজ করার জন্য বিভিন্ন খাতে অগ্রিম কর ও উৎসে করের হার কমানো হয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশমিক পাঁচ শতাংশ, মোবাইল নেটওয়ার্ক সেবায় ১২ শতাংশ থেকে ১০ শতাংশ এবং প্যাকেজিং সামগ্রী সরবরাহে পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে চার শতাংশ এবং রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশে নামানো হয়েছে।

আয়কর নিরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে আগের ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ঝুঁকিভিত্তিক নির্বাচনব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৪৯ জন গ্রেফতার

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার পক্ষে এস এম জিলানী মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মানুষের জন্য সুদমুক্ত ঋণের বিষয়ে অপর এক তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ঋণ বিতরণ করে। ঋণ থেকে অর্জিত আয় দিয়ে আমানতকারীদের মুনাফা দেওয়া হয়। তাই ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত ঋণ দেওয়ার সুযোগ নেই।

তবে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, মৎস্যজীবী, নিম্ন আয়ের মানুষ ও যুব কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সরকার স্বল্পসুদের বিভিন্ন অর্থায়ন কর্মসূচি নিয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য ব্যবহার করে ৪১ হাজার কোটি টাকার পাঁচটি বড় অর্থায়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সরকার ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে

এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ১০ হাজার কোটি টাকা, উত্তরবঙ্গ কৃষি হাব প্রতিষ্ঠায় তিন হাজার কোটি টাকা এবং রপ্তানি বহুমুখীকরণে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া প্রি-শিপমেন্ট অর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা এবং চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন খাতের জন্য দুই হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ ৪ জন গ্রেপ্তার

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : রাজধানীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রূপনগর থানা পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মী ও বঙ্গবন্ধু সৈনিক লীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) এবং মো. জাহিদ (২৬)।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার ভোরে রূপনগর থানার রূপনগর ৮ নম্বর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা রূপনগর থানাসহ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


সরকার ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট মোকাবেলার উদ্দেশ্যে সরকার প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এর পাশাপাশি ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত আজ জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব তথ্য প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আলোকে সরকারের লক্ষ্য হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। তিনি বলেন, প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করতে সরকার কাজ করে যাচ্ছে। অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও জানান, চিকিৎসকের শূন্য পদ পূরণের জন্য ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের কার্যক্রমও চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানান, ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এক হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে আরও এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাবও পাঠানো হয়েছে।

তিনি বলেন, মিডওয়াইফ পদে ৫৫৮ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং তাঁদের পুলিশ ভেরিফিকেশন চলছে। আরও এক হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পটি বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।

কামরুজ্জামান কামরুলের ওপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে তাঁরা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারেন। চিকিৎসকদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

তিনি জানান, স্বাস্থ্য খাতের জনবল সংকট পূরণে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৪৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৪৯ জন গ্রেফতার

চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১২৫ জন, পূর্ববর্তী মামলায় ১৫০ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৬ জন, পরোয়ানা মূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৩ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ৬৫ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৫ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৮ হাজার ৬০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৩ হাজার ৯৪৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি ৪৯০ গ্রাম গাজাঁ, ১১৫ লিটার দেশীয় চোলাই মদ ও ৩ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে চট্টগ্রাম ১৯, কক্সবাজার ৫, কুমিল্লা ৩০, ব্রাহ্মণবাড়িয়া ৫, চাঁদপুর ৪, নোয়াখালী ৫, ফেনী ১, লক্ষ্মীপুর ২, রাঙ্গামাটি ১, খাগড়াছড়ি ১৩ ও বান্দরবান ২ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১৬৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৫৭, কক্সবাজার ১৬, কুমিল্লা ১৭৯, ব্রাহ্মণবাড়িয়া ২১, চাঁদপুর ২৪, নোয়াখালী ১৩, ফেনী ৮, লক্ষ্মীপুর ৩৪, রাঙ্গামাটি ৮, খাগড়াছড়ি ২৫ এবং বান্দরবান ৮ জন।

জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প একে বাঁচাতে হবে: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প একে বাঁচাতে হবে: ডা. শফিকুর রহমান

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পকে কোনো দলের বিষয় হিসেবে না দেখে, বরং এটি একটি জাতীয় শিল্প হিসেবে উল্লেখ করে এর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সোমবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা নিয়ে একটি নোটিশের জরুরি ভিত্তিতে আলোচনা করার দাবি জানান।

ডা. শফিকুর রহমান সংসদে বক্তব্য রাখার সময় বলেন, দেশের গার্মেন্টস সেক্টরে কিছুদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। যদি এই খাতটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে গোটা বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান একটি নোটিশ দিয়েছিলেন।

নোটিশটি আলাপ-আলোচনার ভিত্তিতে গতকাল (রোববার) কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল, তবে অধিবেশন মুলতবি হওয়ায় এবং আজকের (সোমবার) কার্যতালিকায় তা না থাকায় বিরোধীদলীয় নেতা উষ্মা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, অধিবেশন আর মাত্র দুই দিন চলবে, এ সময়ের মধ্যে নোটিশটি আলোচনার সুযোগ পাবে কি না, তা জানতে চান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর জবাবে জানান, সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সদস্যদের আলোচনার প্রেক্ষিতে বিষয়টি রোববারের জন্য নির্ধারণ করা হয়েছিল। যেহেতু গতকাল স্পিকার অধিবেশন মুলতবি করেছেন, তাই এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলে পরবর্তীতে জানানো যাবে। তবে আজকের কার্যতালিকায় না থাকায় আলোচনার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

এরপর পুনরায় ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে এই নোটিশটি আলোচনা হওয়া প্রয়োজন। এটি কোনো দলের বিষয় নয়, এটি একটি জাতীয় শিল্প—আমাদের অবশ্যই এটি বাঁচাতে হবে। এখানে আমাদের সামগ্রিক দায়বদ্ধতা রয়েছে। সরকারের দায়বদ্ধতা অবশ্যই বেশি, কিন্তু বিরোধী দল হিসেবে আমরাও দায়মুক্ত নই।

জামায়াত আমির বলেন, চলতি অধিবেশন থেকে কোনো অবস্থাতেই এই আলোচনা বাদ দেওয়া উচিত নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেওয়া এই সেশনে অনেকগুলো নোটিশ, কিন্তু এ পর্যন্ত একটাও এন্ডোর্স (অনুমোদন) হয়নি। তাহলে আমরা এখানে বসে আছি কেন? আমরা তো জাতীয় স্বার্থে কথা বলার জন্য এখানে এসেছি।

অধিবেশনের শেষ দিনে আলোচনা হওয়ার সুযোগ নেই উল্লেখ করে আগামীকাল (মঙ্গলবার) যেকোনো মূল্যে গার্মেন্টস খাতের অস্থিরতা বিষয়ক নোটিশটি আলোচ্যসূচিতে রাখার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%