ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ


জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা এবং জীবিকা ক্রমাগত ঝুঁকির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র কৃষক, নারী এবং আদিবাসী জনগোষ্ঠী ভূমির অধিকার থেকে বঞ্চিত হওয়ায় এই সংকট আরও তীব্র হচ্ছে। তাদের অধিকার সুরক্ষায় বিদ্যমান আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন, দায়িত্বশীল ভূমি সুশাসন এবং খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন দেশি ও বিদেশি নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক সম্মেলনে বক্তারা এসব বিষয় তুলে ধরেন।

এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখারা, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) চিফ অব মিশন সাবিন লাউবার, ফিলিপাইনের রোয়েল রাভানেরেরা, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং এনগকের নির্বাহী পরিচালক ন্যাথানিয়াল ডন মার্কুয়েজ।

আরও পড়ুন: মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে: প্রতিমন্ত্রী

বক্তারা উল্লেখ করেন, জনসংখ্যা বৃদ্ধি এবং জমির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূমি নিয়ে বৈষম্য এবং ভূমি অধিকারহীনতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হয়ে কৃষি উৎপাদনকে ব্যাহত করছে এবং খাদ্যনিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। যদিও ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগণের অধিকার সুরক্ষায় আইন রয়েছে, অনেক ক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ দেখা যায় না। আবার কোথাও কোথাও প্রচলিত আইনেও বৈষম্য বিদ্যমান।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রান্তিক জনগণের ভূমির অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা এবং খাদ্য উৎপাদন ও বণ্টনে ন্যায্যতা নিশ্চিত করা প্রয়োজন।

সম্মেলনে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দিনের প্রথম অধিবেশনে ক্ষুদ্র কৃষক, নারী এবং আদিবাসীদের ভূমির অধিকার নিয়ে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া এবং নেপালের প্রতিনিধিরা তাদের দেশের পরিস্থিতি তুলে ধরেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ব্র্যাকের সিনিয়র ফেলো মাহিন সুলতান। প্যানেল আলোচনায় অংশ নেন অ্যানি দ্রং, ড. ইশিতা দস্তিদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সানজিদা আক্তার।

আরও পড়ুন: গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প একে বাঁচাতে হবে: ডা. শফিকুর রহমান

দ্বিতীয় অধিবেশনে ‘টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ’ বিষয়ে আলোচনা হয়। এতে দেশের কৃষি খাতের চিত্র তুলে ধরেন বিসিএএসের সিনিয়র ফেলো ড. দিজেন মল্লিক।

তিনি বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষির অবদান প্রায় ১১ শতাংশ। জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাতের সঙ্গে যুক্ত। কৃষক জনগণের প্রায় ৮৩ শতাংশই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

ড. দিজেন মল্লিক বলেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক উপকরণের ব্যবহার মাটির গুণাগুণ, জীববৈচিত্র্য এবং মানবস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কৃষি ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সব ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৪৯ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে পলিসিহোল্ডারদের বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, সরকার বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যদি কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও ব্যাপক অনিয়ম বিদ্যমান। এই বিষয়টি মাথায় রেখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে পেশাদার ও দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, যেসব বীমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ করেনি, তাদের জন্য ইতোমধ্যে আইডিআরএ সময়সীমা নির্ধারণ করেছে। অনেক কোম্পানি গ্রাহকদের অর্থ অবৈধভাবে ব্যবহার করে বিভিন্ন স্থানে জমি কিনেছে এবং বিনিয়োগ করেছে। এখন এসব জমি বিক্রি করে গ্রাহকদের বীমা দাবি পরিশোধে বাধ্য করা হচ্ছে।

তিনি বলেন, সম্পদ বিক্রির মাধ্যমে পলিসিহোল্ডারদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বীমা খাতের দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে আইডিআরএর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রাহকদের পাওনা পরিশোধের জন্য বীমা কোম্পানিগুলোকে তাদের জমি ও অন্যান্য সম্পদ বিক্রি করতেও বাধ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন করতে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে সরকার জাতীয় সংসদে আইনও আনবে।

সংসদ সদস্য তার প্রশ্নে বীমা কোম্পানিগুলোর সঙ্গে বারবার যোগাযোগ করেও সঞ্চিত অর্থ ফেরত পেতে ব্যর্থ হওয়া শত শত গ্রাহকের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, আইডিআরএর মাধ্যমে বীমা খাতে শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রয়োজনে আইন প্রণয়নের মাধ্যমেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলিকন ভ্যালির নেতারা কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফিরিয়ে আনতে একজোট হলেন?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


সিলিকন ভ্যালির নেতারা কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফিরিয়ে আনতে একজোট হলেন?

চীনা গুপ্তচর সন্দেহভাজন এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের রথী-মহারথীরা তার এই আকস্মিক প্রস্থান মেনে নিতে পারছেন না। সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীরা, ইলন মাস্কসহ, এখন জেনসেন হুয়াংকে তার স্বপদে ফিরিয়ে আনার জন্য জোর প্রচারণা শুরু করেছেন। তাদের উদ্বেগ, হুয়াংয়ের অনুপস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিগুলো হুমকির মুখে পড়বে।

১৯৯৩ সালে জেনসেন হুয়াংয়ের হাত ধরে প্রতিষ্ঠিত এনভিডিয়া বর্তমানে এআই চিপ তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির লড়াইয়ে চীনের বিরুদ্ধে এটি অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। হুয়াংয়ের পদত্যাগের পর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়া এবং এর অংশীদার প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কে কী বলছেন?

বিশ্বের শীর্ষ ধনী ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হুয়াংয়ের ব্যবসায়িক দূরদর্শিতার প্রশংসা করেছেন। মাস্ক সতর্ক করে বলেছেন, "এনভিডিয়ার সাপ্লাই চেইন জেনসেন অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন। এর অনেক চুক্তিই লিখিত নথির চেয়ে জেনসেনের ব্যক্তিগত বিশ্বাসের ওপর দাঁড়িয়ে ছিল। তাকে ছাড়া এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর অনেকগুলোই হাতছাড়া হয়ে যাবে।"

বিনিয়োগ প্রতিষ্ঠান অল্টিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও ব্র্যাড গার্স্টনার এবং অ্যাট্রেইডস ম্যানেজমেন্টের সিইও গ্যাভিন বেকার এনভিডিয়া বোর্ডের কাছে লেখা এক খোলা চিঠিতে হুয়াংকে একজন 'অসাধারণ নেতা' হিসেবে অভিহিত করেছেন। তারা তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে বিষয়টি তদন্ত করার এবং হুয়াংকে ফিরিয়ে আনার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন।

‘স্ট্যান্ড উইথ জেনসেন’ প্রচারণা

জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার দাবিতে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ (Stand With Jensen) শিরোনামে একটি খোলা চিঠি ও অনলাইন পিটিশন চালু করা হয়েছে। এতে ইলন মাস্ক ছাড়াও ওয়াই কম্বিনেটরের সিইও গ্যারি ট্যান এবং ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ চেনসহ ডজনখানেক শীর্ষ প্রযুক্তি নেতা স্বাক্ষর করেছেন। ইতিমধ্যে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ এতে সমর্থন জানিয়েছেন।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই হুয়াংকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই নারী যে আসলেই চীনা গুপ্তচর, তার কোনো অকাট্য প্রমাণ বোর্ড দেখাতে পারেনি। ৩৩ বছরের নেতৃত্ব কাউকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখে না ঠিকই, তবে ন্যায়বিচারের স্বার্থে সুষ্ঠু তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এনভিডিয়ার অনেক কর্মীও হুয়াংয়ের প্রতি সংহতি জানিয়েছেন। ড্যারেল দাই নামের এক রোবোটিক্স ইঞ্জিনিয়ার লিংকডইনে পোস্ট দিয়ে হুয়াংয়ের বিদায়ের প্রতিবাদে নিজেও চাকরি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

হুয়াংয়ের পরবর্তী পদক্ষেপ ও জাতীয় নিরাপত্তা ইস্যু

জেনসেন হুয়াং তার ঘনিষ্ঠ মহলের সঙ্গে পুনরায় এনভিডিয়ায় ফেরার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার মিত্ররা হোয়াইট হাউসের সমর্থন আদায় এবং বোর্ডের ওপর চাপ সৃষ্টি করতে একটি ‘ওয়ার রুম’ গঠন করেছেন। অন্যদিকে, এনভিডিয়া বোর্ড সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্রিটিশ চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের (Arm Holdings) সিইও রেনে হাসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

তবে হুয়াংয়ের ফেরার পথটি মোটেও সহজ নয়। চীনের কাছে উন্নত চিপ বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। হুয়াংয়ের এই কথিত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কংগ্রেসের অন্তত দুটি কমিটি হুয়াং এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে। এ ছাড়া চীনের সঙ্গে এআই প্রতিযোগিতার মাঝে এনভিডিয়ার চুক্তিগুলো যথাযথভাবে তদারকি না করার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও সমালোচনার মুখে পড়েছে।

প্রতিষ্ঠাতা বনাম পরিচালনা পর্ষদ বিতর্ক ও পাল্টা মত

এই ঘটনা সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠাতাদের সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের (বোর্ড) দ্বন্দ্বের পুরোনো বিতর্ককে আবারও উসকে দিয়েছে। বিনিয়োগকারী এলাদ গিল ২০২৩ সালে ওপেনএআই (OpenAI) থেকে স্যাম অল্টম্যানকে সরিয়ে দেওয়া এবং পরবর্তীতে ফিরিয়ে আনার উদাহরণ টেনে প্রতিষ্ঠাতাদের সতর্ক থাকতে বলেছেন। উবারের সাবেক সিইও ট্র্যাভিস কালানিক এবং টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভও হুয়াংয়ের পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে হোয়াইট হাউসের সাবেক যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি হুয়াংকে ফেরানোর দাবির তীব্র বিরোধিতা করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "আমেরিকার সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোম্পানির প্রধানের খুব কাছে একজন সন্দেহভাজন চীনা গোয়েন্দা পৌঁছে গিয়েছিলেন। সব তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো দায়িত্বশীল বোর্ড সদস্য তাকে ফিরিয়ে আনার পক্ষে ভোট দিতে পারেন না। মেধা কখনো জাতীয় নিরাপত্তার ঊর্ধ্বে হতে পারে না।" সূত্র: আল জাজিরা / ফিন্যান্সিয়াল টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


নারী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য বার্ষিক ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ৫০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারের আয় করমুক্ত সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি উল্লেখ করেন, বিনিয়োগকে উৎসাহিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্প্রসারণ করা এবং কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষক, স্টার্টআপ এবং গ্রামীণ ব্যবসার জন্য সরকার বিভিন্ন কর অব্যাহতি, ছাড় ও প্রণোদনা চালু করেছে।

আজ জাতীয় সংসদে মৌলভীবাজার-১ আসনের সরকারি দলের সদস্য নাসির উদ্দিন আহমেদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত রাখা হয়েছে। এছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিভিত্তিক ব্যবসার জন্য টার্নওভারভিত্তিক করের ওপর টানা নয় বছর সম্পূর্ণ কর অব্যাহতি দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরি কার্যক্রমও সম্পূর্ণ করমুক্ত সুবিধার আওতায় আনা হয়েছে।

ব্যবসা পরিচালনা সহজ করার লক্ষ্যে তিনি জানান, ব্যক্তি ও কোম্পানি করদাতারা এখন বছরের যেকোনো সময় নিজেদের সুবিধামতো আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বছরের শুরুতে রিটার্ন জমা দিলে প্রণোদনা দেওয়া হবে, তবে অনেক দেরিতে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে।

তিনি বলেন, কর্মচারীদের সুযোগ-সুবিধা, আপ্যায়ন, বিনামূল্যে নমুনা বিতরণ ও প্রচারমূলক কার্যক্রমসহ ব্যবসার বিভিন্ন ব্যয়কে কর রেয়াতযোগ্য ব্যয়ের আওতায় আনা হয়েছে। এতে ব্যবসায়ীদের করের বোঝা কমবে।

অর্থমন্ত্রী জানান, ব্যাক-টু-ব্যাক এলসির পাশাপাশি স্থানীয় ঋণপত্রের (এলসি) মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে সরবরাহকেও পরোক্ষ রপ্তানি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। করসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ ও সময়সাশ্রয়ী করতে আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্টে আপিল এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করা হয়েছে।

তিনি বলেন, নতুন ব্যবস্থায় করদাতারা আপিল পর্যায়ে বিরোধপূর্ণ করের এক শতাংশ, ট্রাইব্যুনালে তিন শতাংশ এবং হাইকোর্টে ১০ শতাংশ জমা দিয়ে আপিল করতে পারবেন। পূর্বে এ হার যথাক্রমে ১০, ১৫ ও ২৫ শতাংশ ছিল।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত উৎপাদনশিল্প, পর্যটন ও ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য ত্বরিত অবচয় সুবিধা চালু করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এ সুবিধার আওতায় ভবন ও যন্ত্রপাতির ওপর প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ অবচয় দাবি করা যাবে।

তিনি আরও জানান, ব্যবসা ও বিনিয়োগ সহজ করার জন্য বিভিন্ন খাতে অগ্রিম কর ও উৎসে করের হার কমানো হয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশমিক পাঁচ শতাংশ, মোবাইল নেটওয়ার্ক সেবায় ১২ শতাংশ থেকে ১০ শতাংশ এবং প্যাকেজিং সামগ্রী সরবরাহে পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে চার শতাংশ এবং রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশে নামানো হয়েছে।

আয়কর নিরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে আগের ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ঝুঁকিভিত্তিক নির্বাচনব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার পক্ষে এস এম জিলানী মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মানুষের জন্য সুদমুক্ত ঋণের বিষয়ে অপর এক তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ঋণ বিতরণ করে। ঋণ থেকে অর্জিত আয় দিয়ে আমানতকারীদের মুনাফা দেওয়া হয়। তাই ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত ঋণ দেওয়ার সুযোগ নেই।

তবে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, মৎস্যজীবী, নিম্ন আয়ের মানুষ ও যুব কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সরকার স্বল্পসুদের বিভিন্ন অর্থায়ন কর্মসূচি নিয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য ব্যবহার করে ৪১ হাজার কোটি টাকার পাঁচটি বড় অর্থায়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ১০ হাজার কোটি টাকা, উত্তরবঙ্গ কৃষি হাব প্রতিষ্ঠায় তিন হাজার কোটি টাকা এবং রপ্তানি বহুমুখীকরণে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া প্রি-শিপমেন্ট অর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা এবং চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন খাতের জন্য দুই হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ ৪ জন গ্রেপ্তার

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : রাজধানীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রূপনগর থানা পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মী ও বঙ্গবন্ধু সৈনিক লীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) এবং মো. জাহিদ (২৬)।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার ভোরে রূপনগর থানার রূপনগর ৮ নম্বর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা রূপনগর থানাসহ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%