০৯:৩৯ পি.এম
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পকে কোনো দলের বিষয় হিসেবে না দেখে, বরং এটি একটি জাতীয় শিল্প হিসেবে উল্লেখ করে এর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সোমবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা নিয়ে একটি নোটিশের জরুরি ভিত্তিতে আলোচনা করার দাবি জানান।
ডা. শফিকুর রহমান সংসদে বক্তব্য রাখার সময় বলেন, দেশের গার্মেন্টস সেক্টরে কিছুদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। যদি এই খাতটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে গোটা বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান একটি নোটিশ দিয়েছিলেন।
নোটিশটি আলাপ-আলোচনার ভিত্তিতে গতকাল (রোববার) কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল, তবে অধিবেশন মুলতবি হওয়ায় এবং আজকের (সোমবার) কার্যতালিকায় তা না থাকায় বিরোধীদলীয় নেতা উষ্মা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, অধিবেশন আর মাত্র দুই দিন চলবে, এ সময়ের মধ্যে নোটিশটি আলোচনার সুযোগ পাবে কি না, তা জানতে চান।
আরও পড়ুন: মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে: প্রতিমন্ত্রী
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর জবাবে জানান, সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সদস্যদের আলোচনার প্রেক্ষিতে বিষয়টি রোববারের জন্য নির্ধারণ করা হয়েছিল। যেহেতু গতকাল স্পিকার অধিবেশন মুলতবি করেছেন, তাই এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলে পরবর্তীতে জানানো যাবে। তবে আজকের কার্যতালিকায় না থাকায় আলোচনার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
এরপর পুনরায় ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে এই নোটিশটি আলোচনা হওয়া প্রয়োজন। এটি কোনো দলের বিষয় নয়, এটি একটি জাতীয় শিল্প—আমাদের অবশ্যই এটি বাঁচাতে হবে। এখানে আমাদের সামগ্রিক দায়বদ্ধতা রয়েছে। সরকারের দায়বদ্ধতা অবশ্যই বেশি, কিন্তু বিরোধী দল হিসেবে আমরাও দায়মুক্ত নই।
জামায়াত আমির বলেন, চলতি অধিবেশন থেকে কোনো অবস্থাতেই এই আলোচনা বাদ দেওয়া উচিত নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেওয়া এই সেশনে অনেকগুলো নোটিশ, কিন্তু এ পর্যন্ত একটাও এন্ডোর্স (অনুমোদন) হয়নি। তাহলে আমরা এখানে বসে আছি কেন? আমরা তো জাতীয় স্বার্থে কথা বলার জন্য এখানে এসেছি।
অধিবেশনের শেষ দিনে আলোচনা হওয়ার সুযোগ নেই উল্লেখ করে আগামীকাল (মঙ্গলবার) যেকোনো মূল্যে গার্মেন্টস খাতের অস্থিরতা বিষয়ক নোটিশটি আলোচ্যসূচিতে রাখার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৪৯ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন