০২:০২ এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
রোববার (১ নভেম্বর) বিকালে হলের একটি ক্যান্টিন থেকে তাকে আটক করা হয়। পরে মারধরের শিকার অবস্থায় অর্ক সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, অর্ক সাহা প্রায়ই জগন্নাথ হলে যাতায়াত করতেন। রোববার বিকালে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে দেখে আটক করেন। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: নীলফামারীর মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, "ছাত্রলীগের পদধারী কারো নামেই হলে এখন কোনো আসন বরাদ্দ নেই। তাদের সবার আসন আগেই বাতিল করা হয়েছে।" তিনি জানান, অর্ক সাহা মাঝে মাঝে হলে যাতায়াত করতেন। রোববার তাকে দেখে শিক্ষার্থীরা আটক করেন।
তিনি আরও উল্লেখ করেন, "হলে এ ধরনের অন্য কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে হল প্রশাসন। অর্ক সাহাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।"
ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় জানান, দীর্ঘদিন ধরে অর্ক সাহা রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় তাকে দেখতে পেয়ে তারা আটক করেন। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান এ বিষয়ে বলেন, অর্ক সাহা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন