০২:০২ এম
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লেগে যায়। গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণের জন্য ভূতাত্ত্বিক জরিপ এবং ২ডি সিসমিক জরিপসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পেট্রোবাংলা জানায়, গত ২৭ অক্টোবর কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুর কাছে এই ঘটনা ঘটে। এক হাজার ফুট খননের পর ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে এসআরবি-২-এর অভিযান: বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৬ সদস্য আটক
ঘটনার পরপরই বাপেক্সের দুইজন ভূতত্ত্ববিদ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আগুন ছড়িয়ে পড়া রোধ করতে গ্যাস উন্মুক্তভাবে নির্গমনের সুযোগ দেওয়া হচ্ছে। আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।
পেট্রোবাংলা জানায়, যদি আগুনের প্রবাহ যথানিয়মে কমে না আসে, তবে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে অগ্নিনির্বাপণ এবং গ্যাস প্রবাহ বন্ধের কার্যক্রম গ্রহণ করা হবে।
সতর্কতা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পেট্রোবাংলা, বাপেক্স এবং স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে (NCP) যোগদান
এ বিষয়ে জনগণের প্রতি আতঙ্কিত না হওয়ার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন