০৬:৪০ পি.এম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উল্লেখ করেছেন, রাজনৈতিক চাপ বা প্রভাবশালী মহলের প্রভাব খাটিয়ে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে না। চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএমইএসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নতুন কোনো বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়নি। এ ক্ষেত্রে বিভিন্ন প্রভাবশালী মহল থেকে তীব্র চাপ আসছে। তবে মান ও নির্ধারিত শর্ত পূরণ না করে কাউকে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে না। হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং রোগী না দেখে কেউ চিকিৎসক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি চলতে পারে না।
আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল, সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি
দেশে চিকিৎসা শিক্ষার বৈষম্য ও ভৌগোলিক অসম বণ্টন তুলে ধরেন ড. মুহিত। তিনি বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ মেডিকেল ও ডেন্টাল কলেজ ঢাকা বিভাগে কেন্দ্রীভূত রয়েছে। অন্যদিকে, বাকি সাতটি বিভাগে ভারসাম্যহীনতা স্পষ্ট। সংসদ বা রাজনৈতিক বক্তৃতায় যখন-তখন নিজ জেলা বা উপজেলায় মেডিকেল কলেজ চাওয়ার মতো জনপ্রিয় প্রবণতা পরিহার করে পরিকল্পিতভাবে স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের নিয়ম মেনে অ্যাক্রিডিটেশন অর্জন না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের বৈশ্বিক কর্মক্ষেত্র সংকুচিত হয়ে যাবে। চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও আস্থা পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মান বজায় রাখা এখন বাধ্যতামূলক।
বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা শিক্ষার্থীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি বিদেশ থেকে পাস করা চিকিৎসকদের রেজিস্ট্রেশন পরীক্ষায় মাত্র ৩০ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। সন্তানদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান যাচাই করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন