০৬:৩৬ পি.এম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : মালদ্বীপে কর্মরত ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণ, কর্মপরিবেশ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের হাইকমিশনার।
আজ বুধবার, হাইকমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসানের সাথে তার অফিসে বৈঠক করেন।
বৈঠকে প্রবাসী কর্মীদের সার্বিক জীবনমান উন্নয়ন এবং আইনগত সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানান, দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকদের প্রায় ৯৮ শতাংশের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এই অগ্রগতির জন্য হাইকমিশনার মালদ্বীপ সরকারকে অভিনন্দন জানান এবং বলেন, "বায়োমেট্রিক তথ্য যাচাই প্রবাসীদের নিয়মিতকরণ ও সরকারি সেবাপ্রাপ্তি সহজ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।"
অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আনুষ্ঠানিক সময়সীমা পার হলেও বর্তমানে কর্মরত কর্মীদের জন্য প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকলে নিয়োগকর্তার মাধ্যমে ইমিগ্রেশন, লেবার রিলেশনস অথরিটি বা সিটি কাউন্সিলে আবেদনের সুযোগ রয়েছে। এসময় ভুয়া নিয়োগ এবং কর্মী নিখোঁজের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে হাইকমিশনার প্রবাসী কর্মীদের বেতন-ভাতা নিয়োগচুক্তি অনুযায়ী প্রদান, নতুন ব্যাংক হিসাব খোলার সুবিধা বৃদ্ধি এবং অনুমোদিত ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও সাশ্রয়ী খরচে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা সহজ করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
প্রবাসী কর্মীদের সমস্যা দ্রুত সমাধান ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এবং মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক সমন্বয় ব্যবস্থা গঠন এবং দ্বীপাঞ্চলগুলোতে যৌথ সচেতনতামূলক কর্মসূচি চালুর বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করে।
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে মালদ্বীপের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন