০৫:৩৩ পি.এম
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় লিফটে আটকা পড়া এক মা এবং তার দুই বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে যে, কলেজের ভবনের একটি লিফটে মা ও শিশু আটকা পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।
যাদের উদ্ধার করা হয়েছে, তারা হলেন— লামিয়া আক্তার মিম (২৪) এবং তার মেয়ে মরিয়ম হাসনাইন আরিফা (২)। মিম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
আরও পড়ুন: সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যায় ৩ দিন পর মামলা, প্রধান আসামী ছাত্রদল নেতা রিজভী
জানা গেছে, ক্লাস শেষে লিফটে নিচে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে গিয়েছিল। প্রথমে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছিল। পরে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। বর্তমানে মা ও শিশুকন্যা উভয়েই সুস্থ রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন