ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যায় ৩ দিন পর মামলা, প্রধান আসামী ছাত্রদল নেতা রিজভী


সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যায় ৩ দিন পর মামলা, প্রধান আসামী ছাত্রদল নেতা রিজভী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলাম (৪৮)কে কুপিয়ে হত্যা করার ঘটনায় তিন দিন পর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে নিহতের ভাগনে ইসমাঈল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, পাশাপাশি ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারনামীয় আসামিরা সবাই আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং খালিয়ারচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) রাতে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় ফকির জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জহিরুল আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে। তিনি আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ বাজারে তার একটি ওষুধের ফার্মেসি রয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ফকির জহিরুল ইসলাম। এরপর থেকেই আসামিরা তাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে বুধবার রাতে চরকিশোরগঞ্জ বাজারে নিজের ফার্মেসি বন্ধ করে বাসায় ফেরার পথে ছাত্রদল নেতা রিজভীর নেতৃত্বে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘যুবদল নেতা হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে রয়েছে। জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।’

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ জাতের ধান উদ্ভাবন করেও সেন্টু কুমার হাজংয়ের সরকারি স্বীকৃতি মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৫ এম


২৫ জাতের ধান উদ্ভাবন করেও সেন্টু কুমার হাজংয়ের সরকারি স্বীকৃতি মেলেনি

আধুনিক গবেষণাগার কিংবা বড় কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই দীর্ঘ ২১ বছরের নিরলস গবেষণার মাধ্যমে সেন্টু কুমার হাজং নামের এক প্রান্তিক কৃষক নিজের এক চিলতে জমিতে একের পর এক ২৫ জাতের নতুন ধান উদ্ভাবন করে সকলকে অবাক করেছেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের এই কৃষক মাত্র ১২ কাঠা জমিকে উন্মুক্ত গবেষণাগার হিসেবে ব্যবহার করে এই সাফল্য অর্জন করেছেন। তবে বড় কোনো সরকারি স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তার মধ্যে কিছুটা হতাশা রয়েছে। সম্প্রতি স্থানীয় জেলা প্রশাসন তার উদ্ভাবনী প্লট পরিদর্শন করে সার্বিক সহযোগিতা ও স্বীকৃতির উদ্যোগ নেয়ার আশ্বাস প্রদান করেছে।

কৃষক পরিবারে বেড়ে ওঠা সেন্টু এসএসসি পাসের পর আর্থিক সংকটের কারণে প্রাতিষ্ঠানিক পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে কৃষিতে নতুন কিছু করার অদম্য আগ্রহ থেকে ২০০৫ সালে তিনি একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। শুরুতে মাত্র ২ কাঠা জমিতে গবেষণার কাজ শুরু করেন তিনি।

বর্তমানে তার ১২ কাঠা জমিতে প্রায় ৪৪০টি পরীক্ষামূলক প্লট রয়েছে। মূলত প্রাকৃতিক সংকরায়ণ বা ব্রিডিং পদ্ধতিতে তার পরীক্ষা-নিরীক্ষা চলে। একটি নতুন জাত পূর্ণাঙ্গ রূপ দিতে ও মাঠপর্যায়ে যাচাই করতে প্রায় সাত বছর সময় লাগে। দীর্ঘ এই পরিশ্রমের ফলে একে একে উদ্ভাবন করেছেন সেন্টু-১ থেকে সেন্টু-২৫ নামের নতুন ধানের জাত। এসব ধানের ফলন সাধারণ জাতের তুলনায় প্রায় দ্বিগুণ।

সেন্টুর উদ্ভাবিত ধানের ফলন ভালো হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে বীজের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নালিতাবাড়ীর কৃষক সুমন্ত বর্মণ জানান, আগে সাধারণ বীজ দিয়ে আবাদ করে যে ফলন পাওয়া যেত, সেন্টুর উদ্ভাবিত জাত চাষ করে তার চেয়ে অনেক বেশি ধান মিলছে।

ঝিনাইগাতীর কৃষক ওসমান গণি বলেন, শুধু শেরপুরেই নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও কৃষকেরা তার কাছ থেকে বীজ সংগ্রহ করছেন। সেন্টু হাজংয়ের প্রথম সফল জাত ‘সেন্টু শাইল’ এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী বগি, হালই, গোলাপী, মালঞ্চি, বিরই, চাপাল ও খাসিয়াবিন্নির মতো দেশি জাত সংরক্ষণেও তিনি কাজ করছেন।

সম্প্রতি সেন্টু হাজংয়ের এই গবেষণার মাঠ পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি সেন্টু হাজংয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সেন্টু কুমার হাজং আমাদের শেরপুরের গর্ব। কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ছাড়া দেশের কৃষকদের স্বার্থে তিনি যা করেছেন তা এক অনন্য নজির। সরকারি স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে মানসিক ভারসাম্যহীন মেয়ের কোপে মায়ের মৃত্যু, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৫ এম


ফেনীতে মানসিক ভারসাম্যহীন মেয়ের কোপে মায়ের মৃত্যু, আটক ১

ফেনীর দাগনভূঞা উপজেলায় মানসিক ভারসাম্যহীন মেয়ের ধারালো বটির কোপে সেতারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত রানু আক্তার (৪২) কে আটক করেছে।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ডেউলিয়া গ্রামের হোসেন মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত ১০টার দিকে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত সেতারা বেগম ওই এলাকার হোসেন মিয়ার স্ত্রী এবং অভিযুক্ত রানু আক্তার তাদের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রানু আক্তার কিছুদিন ধরে অসংলগ্ন আচরণ করছিলেন। সম্প্রতি স্বামীর বাড়িতে স্বামীকে মারধর করার পর পরিবারের সদস্যরা তাকে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে মানসিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছিল। রোববার রাতে হঠাৎ রানু পরিবারের অন্য সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে ধারালো বটি দিয়ে মা সেতারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

এই হামলায় ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু ঘটে। পরে রানু বটি হাতে নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে দৌড়াতে থাকেন এবং ভেতর থেকে দরজা আটকে রাখেন।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর পুলিশ বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বটিসহ রানুকে আটক করা হয়।

স্থানীয় ছাত্রদল নেতা সরোয়ার পারভেজ প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, রানু তার স্বামীর সংসারে ভালোই ছিলেন। তবে সম্প্রতি তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে বটিসহ আটক করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৫ এম


প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরের জন্য জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরের সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে রয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি টোকিওর দিকে রওনা হন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার।

এছাড়া বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক সফিকুল ইসলাম খান মিল্টন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফর করছেন। সফরের লক্ষ্য হলো বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করা, জাপানি বিনিয়োগকে আকর্ষণ করা এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা।

আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও সানায়ে তাকাইচির মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় সজ্জিত চট্টগ্রামের আকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ এম


প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় সজ্জিত চট্টগ্রামের আকাশ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের আকাশ আলোকিত হয়ে উঠেছে নানা আচার-অনুষ্ঠান ও বর্ণিল ফানুস ওড়ানোর মাধ্যমে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা নামার সাথে সাথেই চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী নন্দনকানন বৌদ্ধবিহার এবং এর আশপাশের এলাকায় জমকালো ফানুস উৎসব শুরু হয়। হাজারো মানুষের পদচারণায় পুরো বিহার প্রাঙ্গণ সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

দিনভর বিভিন্ন ধর্মীয় আচার পালনের পর সন্ধ্যার পর থেকে আকাশে শত শত ফানুস ওড়ানো হতে থাকে। এ সময় ঢোলের তালে তরুণ-তরুণীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। উৎসবে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের পাশাপাশি হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ এবং বিদেশি পর্যটকরাও অংশ নেন। উৎসবের আনন্দকে রঙিন করে তুলতে অনেকেই পরেছিলেন একই রঙের পোশাক ও টি-শার্ট।

সাধারণ ফানুসের পাশাপাশি বালিশ, লম্বাকৃতি ও গোলাকার নানা নকশার ফানুস তৈরি করেন ধর্মীয় ও তরুণ সংগঠনের সদস্যরা। এসব ফানুসের গায়ে ফুটিয়ে তোলা হয় গৌতম বুদ্ধের অহিংস বাণী, ছবি এবং মানবকল্যাণের বার্তা। ফানুস ওড়ানোর পাশাপাশি আতশবাজির ঝলকানিতে রাতের আকাশ বর্ণিল হয়ে ওঠে।

আয়োজকেরা জানান, এ আয়োজনের প্রস্তুতি চলে কয়েক মাস ধরে। বাঁশের কাঠামো তৈরি, রঙিন কাগজ লাগানো ও মোম প্রস্তুতসহ প্রতিটি কাজে তরুণরা স্বেচ্ছায় শ্রম দেন। শুধু বিনোদন নয়, ফানুস ওড়ানোর মাধ্যমে সব জীবের কল্যাণ কামনা এবং সমাজে শান্তি, মৈত্রী ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়াই তাদের মূল লক্ষ্য।

উৎসব দেখতে আসা দর্শনার্থী সুমন বড়ুয়া জানান, তিনি ছোটবেলা থেকেই নন্দনকাননের এ ফানুস উৎসব দেখে আসছেন। রাতের আকাশে একসঙ্গে এত ফানুস ওড়ার দৃশ্য মনে অনন্য ভালো লাগা তৈরি করে। এদিকে উৎসব ঘিরে বৌদ্ধবিহার ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি নিয়োজিত ছিল ফায়ার সার্ভিসের টিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%