০৯:৩৯ পি.এম
দিনাজপুরের কাহারোলে, ঢেপা নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আল ইমরানের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ শনিবার (২৭ জুন) বিকেল ৪টা ৩৫ মিনিটে পুলিশ নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে।
মৃত আল ইমরান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কালিয়াগাঁও গ্রামের আনারুল ইসলামের ছেলে ছিলেন। আল ইমরান কাহারোলের গড়েয়া মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
কাহারোল থানা ও ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর ১৩ মাইল গড়েয়া এলাকায় চার বন্ধু মিলে ঢেপা নদীর পাড়ে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে, আল ইমরান নদীতে সাঁতার কাটতে নামে। তীব্র স্রোতের কারণে সে আর পানি থেকে উঠে আসতে না পেরে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পরে, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি, রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু নদীতে প্রবল স্রোত ও গভীরতার কারণে শুক্রবার দিনভর চেষ্টা করেও নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান মেলেনি। এরপর সন্ধ্যার দিকে, প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
কাহারোল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে শুক্রবার উদ্ধার অভিযান ব্যাহত হয়েছিল। কিন্তু আজ শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকায়, আল ইমরানের লাশ ভেসে উঠে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তা উদ্ধার করেন।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর, উপজেলার মাকলা সাহা ঘাট এলাকা থেকে আল ইমরানের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান।
তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন