০৬:২৪ পি.এম
কক্সবাজারের সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। এই কমিটি বালিয়াড়িতে পরিচালিত সব সাময়িক ব্যবসার কার্ড বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একইসঙ্গে, আগামী অর্থবছর থেকে কোনো সাময়িক কার্ড নবায়ন করা হবে না বলেও ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটির তরফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের রিট পিটিশন নম্বর-৬২৬/২০১১-এর আদেশ এবং সাময়িক কার্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগের বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সমুদ্রসৈকতের বালিয়াড়িতে পরিচালিত সাময়িক ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু হয়েছে।
বিচ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সমুদ্রসৈকতের কোনো অংশে নতুন করে আর কোনো সাময়িক ব্যবসার কার্ড দেওয়া হবে না। বর্তমানে ইস্যু করা কার্ডগুলোর মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত। ওই সময় পরে ২০২৬–২৭ অর্থবছরের জন্য এগুলোর নবায়ন করা হবে না।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
জেলা প্রশাসন জানায়, গত ১ জুন এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লিখিতভাবে অবহিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লিখিত হয়েছে, বালিয়াড়িতে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকান এবং অন্যান্য স্থাপনার কারণে সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সব সাময়িক ব্যবসায়ীকে নিজ উদ্যোগে দ্রুত দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণের আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সমুদ্রসৈকতের পরিবেশ ও প্রাকৃতিক বালিয়াড়ি সংরক্ষণে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন