ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতের উদ্যোগ


মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতের উদ্যোগ

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মার্কিন ডলারে বেতন দেওয়ার মাধ্যমে আর্থিক নিরাপত্তা জোরদার এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে তাদের নিরাপদ রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোকা-কোলা মালদ্বীপের প্রধান পরিচালন কর্মকর্তা ও সিইও মিলিন্দ দেরাসারি।

আজ বুধবার দেশটির বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে কোকা-কোলা মালদ্বীপে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, আইনগত অধিকার, পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

বৈঠকে, কোকা-কোলা কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে গিয়ে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় তারা ধন্যবাদপ্রার্থী। তিনি আরও বলেন, ‘ডলারে বেতন পাওয়ার ফলে বাংলাদেশি কর্মীরা কষ্টার্জিত অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আরও নিরাপদ, দ্রুত ও কার্যকরভাবে দেশে পাঠাতে পারছেন। এটি মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে হাইকমিশনের একটি বৃহত্তর উদ্যোগের অংশ।’

কোকা-কোলা মালদ্বীপের সিইও মিলিন্দ দেরাসারি বলেন, বর্তমানে তাদের কোম্পানিতে ২০০-এরও বেশি বাংলাদেশি নাগরিক বিভিন্ন কারিগরি, প্রশাসনিক, উৎপাদন ও পরিচালনাগত গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশি কর্মীদের সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে কোম্পানিটি বাংলাদেশি কর্মীদের বেতন মার্কিন ডলারে প্রদান করছে এবং ভবিষ্যতে এই ব্যবস্থা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।

আলোচনায় ইউনিভার্সাল গ্রুপের আওতাধীন কোকা-কোলা মালদ্বীপ এবং এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে উঠে আসে। সিইও জানান, থুলুসধু দ্বীপে অবস্থিত কোম্পানির উৎপাদন কার্যক্রম ভবিষ্যতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যেখানে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে তারা আগ্রহী।

হাইকমিশনার নিরাপদ, সুশৃঙ্খল এবং নৈতিক অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মালিকানাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বোয়েসেল)-এর মাধ্যমে কর্মী নিয়োগের জন্য কোকা-কোলা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

শ্রম সংক্রান্ত বিষয়ের পাশাপাশি, উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশি ক্রমবর্ধমান উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরে হাইকমিশনার মালদ্বীপের ব্যবসায়ী মহলের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক বোমা তৈরি ছাড়া ইরানের কোনো বিকল্প উপায় নেই: ফার্স নিউজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


পারমাণবিক বোমা তৈরি ছাড়া ইরানের কোনো বিকল্প উপায় নেই: ফার্স নিউজ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি একটি মন্তব্যধর্মী প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরানের সামনে বর্তমানে পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এই মন্তব্যটি এসেছে এমন এক সময়ে, যখন কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতার আওতায় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি প্রদান করেছে।

গত রোববার (২৮ জুন) প্রকাশিত ফার্স নিউজের বিশ্লেষণধর্মী নিবন্ধে বলা হয়েছে, কার্যকর আলোচনায় বসার আগে ইরানকে অবশ্যই নিজের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।

প্রতিবেদনটিতে প্রকাশিত হয়েছে, ‘ইরানের প্রয়োজনীয় শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য দেশটির পারমাণবিক প্রতিরোধ সামর্থ্য অর্জন করা একান্ত প্রয়োজন। এতে অন্যান্য অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের পথ সুগম হবে।’

নিবন্ধে বর্তমান ইরানের পরিস্থিতিকে শীতল যুদ্ধের সময় চীনের পারমাণবিক কর্মসূচির সঙ্গে তুলনা করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র একসময় চীনকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল। কিন্তু চীন পারমাণবিক বোমা তৈরির পর যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার গোপনে বেইজিং সফর করেছিলেন এবং দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়।

এতে আরও উল্লেখ করা হয়, ‘পারমাণবিক প্রতিরোধের অর্থ যুদ্ধ আগানো নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে শক্তির ভারসাম্য তৈরি করা, যাতে সংঘাত নিয়ন্ত্রণে রাখা যায়।’

ফার্স নিউজের এই আন্তর্জাতিক অবস্থান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক মনে করছেন বিশ্লেষকরা।

দীর্ঘ কয়েক মাসের সামরিক উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতা স্মারকে ইরান নীতিনির্ধারকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করে।

এছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) তদারকি পুনরায় চালুর বিষয়ে নীতিগত সম্মতিও দেয়, যাতে ভবিষ্যতে একটি বিস্তৃত চুক্তির জন্য পথ প্রস্তুত হয়।

তবে এরপর থেকে ইরান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে, আইআইএ পরিদর্শকরা কবে আবার ইরানের পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশ করে পরিদর্শন শুরু করতে পারবেন, তা নিয়ে এখনো সুষ্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি গত শুক্রবার বলেন, শুধুমাত্র ইরানের মৌখিক ঘোষণা যথেষ্ট নয়; বাস্তব যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে দেশটি চুক্তির শর্তগুলি মেনে চলছে।

তার বক্তব্যে উল্লেখ রয়েছে, ‘ইরান সরকার স্পষ্টভাবে বলেছে যে তাদের ইচ্ছা পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়। তবে শুধু উদ্দেশ্য ঘোষণা করলেই হবে না, তা বাস্তবে প্রমাণিত হতে হবে।’

চলমান আলোচনার প্রেক্ষাপটে আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের প্রকাশিত পরমাণু বোমা সম্পর্কিত মন্তব্য ইরানের অভ্যন্তরে পারমাণবিক কর্মসূচির নিয়ে ইতিমধ্যেই চলমান বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইরানের প্রকৃত পরমাণবিক অভিপ্রায় নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

 চলতি জুলাই মাসের জন্য সরকার ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। এর মোট পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন এন্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম আজ বুধবার বাসস’কে জানান, ‘গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে জুলাই মাসের জন্য ১১ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।’

তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ করতে বাংলাদেশ তিনটি উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করছে। প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

পেট্রোবাংলা সূত্র থেকে জানানো হয়েছে, আমদানিকৃত কার্গোগুলোর প্রথম চালান ৬ বা ৭ জুলাই দেশে পৌঁছাতে পারে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিনটি এবং স্পট মার্কেট থেকে সাতটি কার্গো কেনা হয়েছে। বাকি চালানগুলো জুলাই মাসের মধ্যেই প্রবেশ করবে দেশে।

এর আগে, গত জুন মাসে বাংলাদেশ দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করেছে, যার পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।

রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুসারে কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে থাকে।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে।

উল্লেখ্য, প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে সরকার স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাসেই স্পেনে হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


এক মাসেই স্পেনে হাজারের বেশি মানুষের মৃত্যু

স্পেনে সাম্প্রতিক ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে এক মাসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

দেশটিতে ২০২৬ সালের প্রথম ছয় মাস ইতিহাসে জুন মাসকে সবচেয়ে উষ্ণ সময় হিসেবে রেকর্ড করা হয়েছে।

বুধবার তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে স্পেনের সরকারি কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউট জানিয়েছে, তাপপ্রবাহজনিত কারণে অন্তত এক হাজার ২৮ জন মানুষের মৃত্যু হয়েছে।

এ সংখ্যা ২০২৫ সালের জুন মাসে তাপপ্রবাহের কারণে হওয়া ৪০৭টি মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি। স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন, দেশটিতে রেকর্ড সংরক্ষণ শুরু হবার পর সবচেয়ে উষ্ণ জুন মাস ছিল।

জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাস স্পেনে তাপপ্রবাহ শুরুর পর থেকে সবচেয়ে উষ্ণ সময় ছিল। এ সময় গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সংস্থাটি আরও জানায়, ২০২৬ সালের জুন মাস ছিল দেশটির ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম জুন। যেখানে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এদিকে বিজ্ঞানীদের আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন বলেছে, জুনের শেষ দিকে ইউরোপে আঘাত হানা তাপপ্রবাহটি ছিল মহাদেশটির ইতিহাসে সবচেয়ে তীব্র।

জলবায়ু পরিবর্তনের প্রভাব না থাকলে জুন মাসে এমন তাপপ্রবাহ প্রায় অসম্ভব ছিল বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

এই তাপপ্রবাহে জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। এছাড়া যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হকার উচ্ছেদে অভিযান, আটক ৪২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সিলেটে হকার উচ্ছেদে অভিযান, আটক ৪২ জন

সিলেট মহানগরী থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ ৪২ জন হকারকে আটক করেছে।

মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫ ঘণ্টার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানালেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় মহানগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই পুলিশ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

এই অভিযানটি কোতোয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা থনা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত হয়।

অভিযানের সময় জনসাধারণ এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ৪২ জন হকারকে আটক করা হয়েছে।

সে সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক হকারকে সড়ক এবং ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরীর জনসাধারণের স্বস্তিপূর্ণ চলাচল নিশ্চিতকরণ,

যানজট নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের হকার উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%