ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: ত্রাণমন্ত্রী


চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, চা-চাষ লালমনিরহাটের অর্থনীতি ও কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি উল্লেখ করেন, পরিকল্পিত চাষাবাদ, আধুনিক পরিচর্যা, প্রক্রিয়াজাতকরণ ও সুষ্ঠু বিপণন নিশ্চিত করা গেলে এ অঞ্চলের চা-শিল্প কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের আয় বৃদ্ধি এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে। আজ শনিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই (ডাউয়াবাড়ী) এলাকায় জেলায় উদ্যোক্তা প্রতিষ্ঠিত ‘সোমা চা-বাগান’ পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, লালমনিরহাটের মাটি, ভূ-প্রকৃতি ও আবহাওয়া চা-চাষের জন্য অত্যন্ত উপযোগী। ইতোমধ্যে পার্শ্ববর্তী পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিস্তীর্ণ সমভূমিতে চা-চাষের ব্যাপক প্রসার ঘটেছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে লালমনিরহাটেও চা-শিল্পকে একটি শক্তিশালী ও লাভজনক কৃষিভিত্তিক শিল্পে পরিণত করা সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, চা-বাগানের উদ্যোক্তা শাহান আরা বেগম সোমা, ফেরদৌস আলমসহ স্থানীয় অন্যরা বক্তব্য দেন। মন্ত্রী চা-শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, চা শুধু একটি কৃষিপণ্য নয়—এটি গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের বড় ক্ষেত্র হতে পারে। এ শিল্পের সঙ্গে কৃষক, শ্রমিক, উদ্যোক্তা, পরিবহন ও বিপণনসহ বহু মানুষ সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। উল্লেখ্য, রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে চা-শিল্পে সম্ভাবনাময় জেলা হিসেবে এগিয়ে আসছে লালমনিরহাট। জেলার পাঁচটি উপজেলায় বর্তমানে প্রায় ২০০ একর জমিতে চা-বাগান গড়ে উঠেছে। এসব বাগানে প্রতিবছর প্রায় ১ হাজার ৪০০ টন চা পাতা উৎপাদিত হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত চা পাতার প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় চা-বাগান মালিকদের যৌথ উদ্যোগে ‘সোমা অ্যান্ড সোমা টি প্রসেসিং লিমিটেড’ নামে একটি চা প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর ফলে স্থানীয় পর্যায়ে উৎপাদিত চা পাতার মূল্য সংযোজন ও বাজারজাতকরণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে সিন্ডিকেট নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


হাসপাতালে সিন্ডিকেট নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, "হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে তা নির্মূল করা হবে।" তিনি আরও জানান, "তারা যতই শক্তিশালী হোক, সবাইকে সঙ্গে নিয়ে সেই সিন্ডেকেট ভেঙে দেওয়া হবে।" শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "প্রধানমন্ত্রী মানুষের দোরগোড়ায় স্বাস্থসেবা পৌঁছে দিতে চান।" তিনি উল্লেখ করেন, "সরকারি হাসপাতালগুলোতে সরকারের সরাসরি সম্পৃক্ত থাকতে হবে।" পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, "শিগগিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারব।" আরো পড়ুন নিখোঁজের চার দিন পর নদীতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, "সরকারি হাসপাতালে ধনী থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ-সুবিধা পায়।" সেজন্য তিনি সিভিল সার্জনসহ চিকিৎসকদের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যাজলউডের ৩০০

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


হ্যাজলউডের ৩০০

জশ হ্যাজলউড গত অ্যাশেজেই মাইলফলকটি ছুঁতে পেরেছিলেন। কেবল ৫টি উইকেটের ব্যাপারই ছিল! কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলকটি সামনে রেখে হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস টেন্ডন ইনজুরির কারণে তিনি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যান।

৩৫ বছর বয়সি এই পেসার এখন দলে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে। ডারউইন টেস্টের একাদশে জায়গা করে নিয়ে তিনি এই মাইলফলকটিও ছুঁয়ে ফেলেছেন। তিনি নবম অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ৩০০ উইকেট নিয়েছেন। তার সামনে রয়েছেন শেন ওয়ার্ন, নাথান লায়ন, গ্লেন ম্যাকগ্রা, মিচেল স্টার্ক, ডেনিস লিলি, প্যাট কামিন্স, মিচেল জনসন ও ব্রেট লি। বর্তমানে ৭০৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন শেন ওয়ার্ন।

৩০০ উইকেট নিতে হ্যাজলউডের ৭৭টি ম্যাচের প্রয়োজন হয়েছে। ২৪.০২ গড়ের ক্যারিয়ারে তিনি ১৪ বার ফাইফার পেয়েছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার উইকেটসংখ্যা ৫২২। এই হিসেবে অজিদের মধ্যে হ্যাজলউড আছেন ৮ নম্বরে। এখানেও প্রথম স্থানে রয়েছেন শেন ওয়ার্ন (৯৯৯ উইকেট)। এরপর আছেন ম্যাকগ্র্যা, স্টার্ক, লি, লায়ন, জনসন ও কামিন্স।

টেস্টে হ্যাজলউডের ৩০০তম উইকেটের শিকার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। হ্যাজলউড পরবর্তীতে এবাদত হোসেনকেও শিকার করেন। সব মিলিয়ে ৬ উইকেট নিতে তিনি ২৮ওভার খরচ করেছেন ৮৯ রান।

মিরাজ হ্যাজলউডের শিকার হওয়ার আগে অস্ট্রেলিয়াকে বেশ ভুগিয়েছেন। বাংলাদেশের ৪২৬ রান করার ইনিংসে টেলএন্ডারদের নিয়ে মিরাজ ৬৫ রান করেছেন। তানজিদ তামিম ১০১ রান ও নাজমুল হোসেন শান্ত ৮৪ রান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ দুপুরে, প্রশাসকের নেতৃত্বে ডিএনসিসির কর্মকর্তারা রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়, মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর পর, তিনি ঢাকার জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে: আমির খসরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে: আমির খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে।

শনিবার (১৫ আগস্ট) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বাধীনতা-সার্বভৌমত্ব, সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব দিতে হয়েছে।

আমির খসরু বলেন, রাজনীতিতে কঠিন সময় এসে থাকে। যারা সেই কঠিন সময় পার হতে পারেন, চাপ সহ্য করতে পারেন এবং নিপীড়ন-নির্যাতনের মধ্যেও টিকে থাকতে পারেন, তারা হলেন বাংলাদেশের মানুষের সত্যিকারের হৃদয়ের নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সত্যিকারের হৃদয়ের নেতা।

তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেন ‘আপসহীন নেত্রী’ হয়ে উঠেছেন, তার কারণ তার আপসহীন অবস্থান। তার জীবনে বিভিন্ন সময়ে অনেক চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপের মুখে অনেকেই ভেঙে পড়েছেন এবং নতি স্বীকার করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া কোনো চাপের মুখে নতি স্বীকার করেননি। ‘উনার নতি স্বীকার না করার কারণে আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম। উনি যদি নতি স্বীকার করতেন, আমরা তো দাঁড়াতে পারতাম না।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শক্ত ও আপসহীন অবস্থান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়েছে। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের রাজনীতির পেছনে তিনি চালিকাশক্তি হিসেবে কাজ করে গেছেন।

আমির খসরু এমনকি বলেন, বেগম খালেদা জিয়াকে ধ্বংস ও জীবননাশের জন্য সব ধরনের প্রচেষ্টা চলিয়ে গেলেও তিনি সবকিছু অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে টিকে ছিলেন। মৃত্যুর আগে ও পরে বাংলাদেশের মানুষ তাকে যে স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতির মাধ্যমে তিনি বিদায় নিয়েছেন।

তিনি বলেন, দল ক্ষমতায় আসছে বলে সবকিছু সহজ হয়ে গেছে-এমনটা মনে করার কোনো কারণ নেই। অতীতের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের বিষয়টি মনে রাখতে এবং ধারণ করতে হবে।

আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা এনে মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন, তা সবাই মিলে বাস্তবায়ন করতে পারলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও তার আত্মত্যাগ সার্থক হবে।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%