ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে নিষিদ্ধকালীন ইলিশ বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা


চাঁদপুরে নিষিদ্ধকালীন ইলিশ বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা

চাঁদপুর, ৯ অক্টোবর, ২০২৬ : নিষিদ্ধকালীন সময়ে ইলিশ বিক্রির অভিযোগে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি হোটেল মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে, অভিযান চলাকালে হোটেলগুলো থেকে প্রায় ১ মণ ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে বড় স্টেশন এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।

এই অভিযানের সময় হিলশা কিচেনকে ৩০ হাজার, মেজবান হোটেলকে ২০ হাজার এবং দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: খুলনায় শারদীয় দুর্গাপূজায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি প্রস্তুত

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর মডেল থানা পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বাসস’কে জানান, অভিযানের পর জব্দকৃত ১ মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তিনি বলেন, আইন অমান্য করে ইলিশ বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে: চিফ হুইপ

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাজেট বরাদ্দ পূর্বের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে তিনি এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা-২০২৬ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, দেশে গত দুই বছর হামের টিকাদানে ঘাটতি থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে। পূর্ববর্তী সময়ে সৃষ্ট এ পরিস্থিতির চাপ বর্তমান সরকারকে সামাল দিতে হচ্ছে। তবে স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পতিত সরকার দেশের বিভিন্ন খাতের ব্যাপক ক্ষতি করেছে। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ডা. জুবাইদা রহমানের পরামর্শ ও সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছেন। স্বাস্থ্য খাতের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নেও সরকার নিরলসভাবে কাজ করছে।

থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, মানবদেহের বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ রোগের প্রতিরোধ, দ্রুত নির্ণয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, থাইরয়েড বিষয়ে সচেতনতা সৃষ্টি ও গবেষণায় সহযোগিতার জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। সংসদে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুযোগ থাকলে তা বাস্তবায়নেরও চেষ্টা করবেন। শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে থাইরয়েড রোগে আক্রান্ত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের সাফল্য কামনা করে চিফ হুইপ বলেন, এ সম্মেলনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সুপারিশ দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। স্বাগত বক্তব্য দেন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। অনুষ্ঠানে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফৌজিয়া মোসলেম উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সম্মেলনে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি, থাইরয়েড ক্যান্সার, গর্ভাবস্থায় থাইরয়েড সমস্যা, আয়োডিনের ঘাটতিজনিত রোগ এবং থাইরয়েড রোগের সঙ্গে হৃদযন্ত্রের সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১২টি মৌখিক গবেষণাপত্র ও ১০টি পোস্টার উপস্থাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসমানীনগরে মহাসড়কে গাড়বর ত্রিমূখী সংঘর্ষে ২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ওসমানীনগরে মহাসড়কে গাড়বর ত্রিমূখী সংঘর্ষে ২ নিহত

সিলেটের ওসমানীনগরে একটি অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জনগণ ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ৭১-২৯৪৯) সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ ১১-৪৮৪৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় হাইয়েস মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে খায়রুল ইসলাম (৪৭) নামের আরেকজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা ছিলেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন মারা যান।"

দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে বাসের অবস্থান জানার জন্য ‘HSTU বাস কই’ অ্যাপ উদ্ভাবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


হাবিপ্রবিতে বাসের অবস্থান জানার জন্য ‘HSTU বাস কই’ অ্যাপ উদ্ভাবন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাস ট্রাকিং অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের (সিএসই) ২৩ ব্যাচের চারজন শিক্ষার্থী। তারা জানিয়েছেন, উদ্ভাবনের পর বিশ্ববিদ্যালয়ের বাসে সফলভাবে ট্রায়াল সম্পন্ন হয়েছে।

এই সার্ভার ও অ্যাপসটি তৈরি করেছেন সিএসই বিভাগের চার শিক্ষার্থী মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী এবং ইনান আহমেদ। তাদের উদ্যোগের তত্ত্বাবধানে যুক্ত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল করিম রনি।

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, এই অ্যাপসের মাধ্যমে জানা যাবে বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌঁছাবে, বাসের লাইভ লোকেশন, বাসের বর্তমান গতি, এক স্টপেজ থেকে অন্য স্টপেজে পৌঁছানোর সময়, কোনো স্টপেজ থেকে কতক্ষণ পর আরেকটি বাস ছাড়বে, এবং কোন নির্দিষ্ট বাস চলছে নাকি বন্ধ রয়েছে। এছাড়াও, প্রতি ৩ থেকে ৫ সেকেন্ড পরপর বাসের গতি এবং অবস্থান আপডেট হবে বলেও তারা জানান।

এছাড়া, এআই প্রযুক্তি ব্যবহার করে বাসের যাত্রী গণনা এবং বাসে কতটা ভীর রয়েছে, সেই তথ্যও সংযুক্ত থাকবে বলে দাবি করেছেন তারা। সব সুবিধা যুক্ত করে তারা সফলভাবে ক্যাম্পাসের বাসে ট্রায়াল সম্পন্ন করেছেন। প্রশাসনের অনুমতি পেলে এটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে তাদের।

এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থী আহনাফ আদিল সৌমিক বলেন, "গত বছরের নভেম্বরের দিকে 'লাল বাস' দেখে ভাবলাম আমাদের হাবিপ্রবি ক্যাম্পাসের জন্যও এমন কিছু বানানো যায় কিনা। সেখান থেকেই শুরু, আর প্রায় এক বছর ধরে আমরা চারজন মিলে কাজ করে যাচ্ছি। মামুন স্যারের তত্ত্বাবধানে নিজেরাই বানিয়েছি কাস্টম ডিভাইস, ওয়েবসাইট আর অ্যাপস। অনেক জায়গায় গিয়েছি, অনেকবার চেষ্টা করেছি—তবুও থামিনি। আলহামদুলিল্লাহ, কয়েকবার বাসে ট্রায়াল দিয়ে দেখেছি, আমাদের সিস্টেম বাস্তবে কাজ করছে। এখন আমাদের একটাই ইচ্ছা এই কাজটা শুধু প্রজেক্ট হয়ে না থেকে হাবিপ্রবির জন্য সত্যিই কিছু করতে পারুক এবং একদিন পরিবহন সেক্টরে ইমপ্লিমেন্ট করা হোক।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পক্ষে লড়াইয়ে নাভি পিল্লাইয়ের নোবেল জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পক্ষে লড়াইয়ে নাভি পিল্লাইয়ের নোবেল জয়

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত মানবাধিকার কর্মী ও সাবেক আন্তর্জাতিক বিচারক নাভানেথেম "নাভি" পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন। আন্তর্জাতিক আইন এবং বিশ্বব্যাপী ন্যায়বিচার ব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং সংঘাত নিরসনে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

নরওয়ের ওসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে আজ এক সংবাদ সম্মেলনে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ভাতনে ফ্রাইদনেস আনুষ্ঠানিকভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন।

পুরস্কার ঘোষণার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে একটি বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বর্তমান উত্তাল বৈশি^ক পরিস্থিতিতে এই পুরস্কারের যৌক্তিকতা এবং প্রেক্ষাপট অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

নোবেল কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে বর্তমান বিশ্বের এক গভীর অস্তিত্ব সংকটের কথা উল্লেখ করে জানায়, বিশ্ব এখন দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধ ও সংঘাত প্রত্যক্ষ করছে। এমন একটি সন্ধিক্ষণে আন্তর্জাতিক আইন কেবল শান্তি ও নিরাপত্তার সহায়ক নয়, বরং এটি একটি পরম অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, 'বর্তমানে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং এর প্রতিষ্ঠানগুলো ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে। আমরা আইনি কাঠামো এবং আইন ও বিচারের প্রতি বৈশ্বিক সম্মান প্রদর্শনের চেয়ে 'ক্ষমতার রাজনীতি'র দিকে একটি বিপজ্জনক রূপান্তর লক্ষ্য করছি। যখনই ন্যায়ের ওপর পেশিশক্তির জয় হয়, তখনই তা বৈশ্বিক স্থিতিশীলতা, পারস্পরিক বিশ্বাস এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে ধ্বংস করে দেয়।'

বিজ্ঞপ্তিতে ৮৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান জুরিস্টের সুদীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে তাঁকে এই সময়ের আন্তর্জাতিক আইনি নীতির অন্যতম সেরা ও সাহসী রক্ষক হিসেবে অভিহিত করে বলা হয়, 'নাভি পিল্লাই এমন একজন মানুষ, যিনি অসাধারণ সাহসিকতা ও সততার সাথে একটি আরও ব্যাপক বৈশ্বিক আইনি ব্যবস্থার পথ দেখিয়েছেন। সর্বজনীন আইনি নীতির প্রতি তাঁর আজীবন প্রতিশ্রুতি এবং দৃঢ় নৈতিক কম্পাস তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পেয়েছে।'

কমিটি আরও উল্লেখ করে, বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার পক্ষে কাজ করা থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতের বিচারক হিসেবে নাভি পিল্লাই দেখিয়েছেন কীভাবে আইনি পদক্ষেপের মাধ্যমে যুদ্ধ ও সহিংসতার রূপ প্রতিরোধ করা সম্ভব। তিনি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা প্রসেকিউশনের আওতায় আনতে অবিকল্প ভূমিকা রেখেছেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ২০২৬ সালের এই নোবেল শান্তি পুরস্কারটি সরাসরি আলফ্রেড নোবেলের উইলের মূল ভাবনার সাথে মিলে যায়। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও আইনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণের মাধ্যমে নাভি পিল্লাই জাতিগুলোর মধ্যে সৌহার্দ্য জোরদার করেছেন এবং আধুনিক যুগের শান্তি প্রক্রিয়াকে একটি সুনির্দিষ্ট ও কার্যকর রূপ দিয়েছেন।

নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) সুইডিশ ক্রোনা। বিজয়ী নাভি পিল্লাই পুরস্কার হিসেবে এই বিপুল অর্থের পাশাপাশি একটি অনন্য নকশার স্বর্ণপদক এবং প্রশংসাপত্র (ডিপ্লোমা) পাবেন।

১৯০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার মোট ১০৭ বার ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত মোট ১১৩ জন ব্যক্তি এবং ৩১টি সংস্থা বা সংস্থাগত অবদান এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সহ নোবেল শান্তি পুরস্কার ইতিহাসের মোট ১৯ বার কোনো ব্যক্তি বা সংস্থাকে দেওয়া সম্ভব হয়নি। রেড ক্রসের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের জঁ অঁরি দ্যুনাঁ এবং ফ্রেঞ্চ পিস সোসাইটির প্রতিষ্ঠাতা ফ্রান্সের ফ্রেডেরিক পাসি যৌথভাবে ইতিহাসের প্রথম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

নোবেলের পুরো ইতিহাসেই সবচেয়ে কম বয়সে শান্তি পুরস্কার পাওয়ার বিশ্বরেকর্ড পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই-এর (১৪ সালে ১৭ বছর বয়সে)। আর প্রবীণতম বিজয়ী হলেন পোলিশ-ব্রিটিশ পদার্থবিদ জোসেফ রটব্লাট (৯৫ সালে ৮৬ বছর বয়সে)। নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে এ পর্যন্ত মোট ২১ জন নারী এই পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ১৯০৫ সালে অস্ট্রিয়ান লেখিকা বার্থা ফন সাটনার প্রথম নারী হিসেবে এই পুরস্কার পান।

ইতিহাসের এক অনন্য ট্র্যাজেডি হলো অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধী ৫ বার মনোনীত হওয়া সত্ত্বেও নোবেল পাননি। ১৯৪৮ সালে তাঁকে চূড়ান্ত পুরস্কার দেওয়ার ঠিক আগমুহূর্তে তিনি আততায়ীর গুলিতে নিহত হওয়ায় নোবেল কমিটি সে বছর কোনো শান্তি পুরস্কারই ঘোষণা করেনি।

রীতি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নরওয়ের ওসলোতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের এই নতুন নোবেলজয়ীর হাতে শান্তি পুরস্কারের মেডেল ও অর্থ তুলে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%