০৮:১৫ পি.এম
বাগেরহাটের মোরেলগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। পরিবারের দাবি, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়া ওই শারীরিক প্রতিবন্ধী তরুণী পরে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহত তরুণীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার রাতে অভিযান চালিয়ে একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নূর মোহাম্মদ হাওলাদার উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হাফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত ৫ জুন সকালে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মীম আক্তার (২৪) স্থানীয় একটি পানির ট্যাংকি থেকে পানি আনতে যান। এ সময় ওই এলাকার নূর মোহাম্মদ হাওলাদার তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনার পর থেকেই মীম আক্তার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকে। ওই ঘটনার সৃষ্ট ভয় ও মানসিক আঘাতের কারণে গত ২০ জুন সন্ধ্যায় নিজ বাড়িতে মীম আক্তার মারা যান। শনিবার দিবাগত রাতে নিহত মিম আক্তারের বাবা মো. মিলন জোমাদ্দার থানায় মামলা দায়েরের পর আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: ডুমুরিয়ায় দুর্বৃৃত্তের গুলিতে যুবক তরিকুল ইসলাম শেখ খুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন