০৭:১৯ পি.এম
ফরিদপুর সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে ফিরোজ শেখ (৩৮) নামের একজন ভ্যানচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করার নির্দেশও দিয়েছেন। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য আদালত আদায় করার নির্দেশ দিয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে জেলা কারাগারে নেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, ধর্ষণের শিকার ওই নারী (৩৪) ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা-পাতা কিনতে যাওয়ার সময় ফিরোজ শেখ তাকে ধর্ষণ করেন।
আরও পড়ুন: নৌপরিবহন অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট
এই ঘটনার পর ওই নারীর বাবা ২০২৪ সালের ২৭ এপ্রিল ফিরোজ শেখকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পান কোতোয়ালি থানার উপ-পরিদর্শক হিরামন বিশ্বাস। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ অক্টোবর তিনি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি গোলাম রব্বানী ভূঁইয়া জানান, বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, যার কারণে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশও আদালত দিয়েছেন।
তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।
আরও পড়ুন: আইজিপির মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন