ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকেশ্বরী মন্দিরের দিকে ককটেল নিয়ে যাচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা


ঢাকেশ্বরী মন্দিরের দিকে ককটেল নিয়ে যাচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাওয়ার পথে রিকশার গদির নিচে একটি শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।

এই ঘটনা ঘটে রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে, লালবাগের ঢাকেশ্বরী রোডে ইবনে সিনা হাসপাতালের পাশের সড়কে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে একজন হলেন নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত নূর হোসেন মাহিন (২২) এবং অপরজন রিকশাচালক মো. ইমন (২৩)।

আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি হারুন অর রশিদ ঢামেকে মারা গেছেন

লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের সন্দেহভাজন মনে করে আটক করে পুলিশকে খবর দেন। এরপর দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে রিকশার গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

লালবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি জানান, আটক দুজন কামরাঙ্গীরচর থেকে একটি রিকশায় করে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ছাত্রদলের নেতাকর্মীরা রিকশাটি থামিয়ে তাদের আটক করেন।

রিকশায় তল্লাশি চালানোর পর গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ পাওয়া যায়, যার ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় চারটি ককটেল ছিল। রাব্বি অভিযোগ করেন, ঢাকেশ্বরী মন্দিরের দিকে গিয়ে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্য ছিল তাদের।

তিনি আরও জানান, ককটেল উদ্ধারের পরপরই লালবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো জব্দ করে। পরে সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে আসেন।

আরও পড়ুন: শাহজালালে নামার সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজের চাকায় আগুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক নূর হোসেন মাহিনের বাবার নাম আব্দুল লতিফ এবং তার বাড়ি কামরাঙ্গীরচরের মধ্য ইসলামনগরের ৮ নম্বর গলিতে। তিনি নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অপর আটক ব্যক্তি রিকশাচালক মো. ইমন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন বলেন, লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ওয়াসা প্রতিষ্ঠিত, জারি হলো প্রজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বগুড়ায় ওয়াসা প্রতিষ্ঠিত, জারি হলো প্রজ্ঞাপন

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরেকটি ধাপ অগ্রগতি ঘটেছে। সরকার বগুড়ায় পৃথক পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) প্রতিষ্ঠা করেছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে বগুড়া শহরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ১৬ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৬ নভেম্বর থেকে বগুড়া সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য ‘বগুড়া পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (বগুড়া ওয়াসা)’ প্রতিষ্ঠা করেছে।

নতুন এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে বগুড়া সিটি করপোরেশন এলাকার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো গঠনের আইনি ভিত্তি তৈরি হলো। এতদিন নগরীর পানি সরবরাহ, পানির মান নিয়ন্ত্রণ, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় বিভিন্ন সরকারি সংস্থার ওপর নির্ভর করতে হতো। ওয়াসা প্রতিষ্ঠার ফলে এসব সেবা একটি বিশেষায়িত কর্তৃপক্ষের অধীনে সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।

তবে শুধুমাত্র গেজেট প্রকাশের মাধ্যমে নাগরিকদের সেবা কার্যক্রম শুরু হচ্ছে না। ওয়াসার কার্যালয় স্থাপন, জনবল নিয়োগ, প্রশাসনিক কাঠামো গঠন, অর্থায়ন এবং উন্নয়ন প্রকল্প গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। এসব কার্যক্রম কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে গেজেটে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই। সরকারের এই উদ্যোগকে বগুড়ার নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার

সম্প্রতি, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী পাকিস্তান সফরে গেছেন, যেখানে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের একজন সদস্য হিসেবে অংশগ্রহণ করছেন। সফরের অংশ হিসেবে, পাকিস্তানের পার্লামেন্ট ভবনে গিয়ে তিনি নিজের দাদা এবং অখণ্ড পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর ছবির পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলেছেন এবং সেটি ফেসবুকে পোস্ট করেছেন। ছবিতে ফজলুল কাদের চৌধুরীর ছবির পাশেই রয়েছে অখণ্ড পাকিস্তানের আরেক সাবেক স্পিকার মৌলভী তমিজউদ্দিন খানের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর, অখণ্ড পাকিস্তানের সংসদীয় ইতিহাসের একটি চমকপ্রদ অধ্যায় নতুন করে সামনে এসেছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত অখণ্ড পাকিস্তানের ২৪ বছরের ইতিহাসে, প্রথম ১ বছর বাদে, বাকি প্রায় পুরো সময় জুড়েই দেশের জাতীয় পরিষদ বা গণপরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চারজন কৃতী বাঙালি সন্তান।

১৯৪৭ সালে দেশভাগের পর প্রথম স্পিকার বা গণপরিষদ সভাপতি ছিলেন ভারতের গুজরাটের সন্তান মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ১ বছর এ পদে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টের শীর্ষ এই পদে আসীন ছিলেন চারজন বাঙালি।

অখণ্ড পাকিস্তানের ৫ স্পিকারের তালিকা

১. মোহাম্মদ আলী জিন্নাহ: ১ মেয়াদে ১ বছর (বাড়ি ভারতের গুজরাটে)

২. মৌলভী তমিজউদ্দিন খান: ২ মেয়াদে ৮ বছর (বাড়ি বাংলাদেশের রাজবাড়ী)

৩. আব্দুল ওহাব খান: ১ মেয়াদে ৩ বছর (বাড়ি বাংলাদেশের বরিশাল)

৪. ফজলুল কাদের চৌধুরী: ১ মেয়াদে ২ বছর (বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম)

৫. আব্দুল জব্বার খান: ১ মেয়াদে ৬ বছর (বাড়ি বাংলাদেশের বরিশাল)

বাঙালি চার স্পিকার ও তাদের বংশধরদের পরিচয় সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো।

মৌলভী তমিজউদ্দিন খান: রাজবাড়ীর এই কৃতী সন্তান মুসলিম লীগের হয়ে দুই মেয়াদে মোট ৮ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন। তাঁর কোনো পুত্রসন্তান ছিল না। তবে, তাঁর মেয়ে উম্মে কুলসুম হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্পর্কে মৌলভী তমিজউদ্দিন খানের নাতনি জামাই।

আব্দুল ওহাব খান: শেরেবাংলা এ কে ফজলুল হকের দল কৃষক প্রজা পার্টির হয়ে ৩ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন বরিশালের সন্তান আব্দুল ওহাব খান। তাঁর সন্তান ফখরুল আমিন খান রাজনীতিতে না এসে যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বিশ্বখ্যাত অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘খান একাডেমি’র প্রতিষ্ঠাতা সালমান খান হলেন ফখরুল আমিন খানের সন্তান এবং স্পিকার আব্দুল ওহাব খানের নাতি।

ফজলুল কাদের চৌধুরী: চট্টগ্রামের এই প্রভাবশালী নেতা কনভেনশন মুসলিম লীগের হয়ে ২ বছর স্পিকার ছিলেন। তাঁর চার ছেলের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্দুল জব্বার খান: বরিশালের সন্তান আব্দুল জব্বার খান মুসলিম লীগের হয়ে ৬ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন। তাঁর সন্তানদের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে সুপরিচিত মুখ হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

#ডব্লিউএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন শেষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন শেষ

বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন শেষ হলো কবি আড্ডা, কবিতা পাঠ এবং জিয়াবাড়ী ও মমইন ইকোপার্ক পরিদর্শনের মাধ্যমে। রবিবার সকালে বকবিরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়ী এলাকায় জিয়াবাড়ি পরিদর্শন করেন, এরপর তারা মমইন ইকোপার্কে যান। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানটি মমইন ইকোপার্কের টিএম এসএস বিনোদন জগৎ মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা লায়ন আতিকুর রহমান মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক বকুল আশরাফ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

সম্মেলনের সঞ্চালনা করেন নাট্যকর্মী রবিউল করিম হৃদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজমুল হেলাল, এ্যাড পলাশ খন্দকার, কবি সম্পাদক আহমেদ শিপলু এবং কবি সৈকত হাবিব। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফিরোজ শাহ্, কবি সানাউল্লাহ সাগর, কবি তিথি আফরোজ, কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি বেলাল সরকার, কবি সুমন মোহন্ত, কবি জীবন সাহা, কবি শাকিবুল শাকিব, কবি আমিনুল ইসলাম রঞ্জু, বিশ্বজিৎ দাশ, আব্দুর রাজ্জাক বকুল, পিন্টু রহমান, কবি নিরঞ্জন হীরা এবং কবি কমল কুজুর।

এর আগে শনিবার সন্ধ্যায় কবি সম্মেলনের দ্বিতীয় দিনে ০৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬ প্রদান করা হয়। কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক রাহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মো: বায়েজিদ শেখকে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: রেজাউল করিম বাদশা ত্রেস্ট, উত্তরীয়, সনদপত্র প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতাকারীদের প্রতিহত করতে হবে: অধ্যাপক জয়নাল আবেদীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


নাশকতাকারীদের প্রতিহত করতে হবে: অধ্যাপক জয়নাল আবেদীন

ফেনী, ২৯ নভেম্বর, ২০২৬: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন মন্তব্য করেছেন যে, নাশকতাকারীদের সংখ্যা খুবই কম। তাদের একত্রিতভাবে প্রতিহত করা প্রয়োজন।

আজ রোববার বিকেলে শহরের ট্রাংক রোডে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের পর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অধ্যাপক আবেদীন আরও বলেন, নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা সারা দেশে অরাজকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করছে এবং ফেনীতেও বিভিন্ন স্থানে গোপন হামলার চেষ্টা চালাচ্ছে।

সভায় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

সভায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা মহিলা দলের সভানেত্রী জুলেখা আক্তার ডেইজি, জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দীন খোন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%