ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকটি অনুষ্ঠিত হয় সোমবার (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও কানাডার হাইকমিশনার পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশের সঙ্গে কানাডার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন। সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আরও পড়ুন: দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

আলোচনায় সামরিক প্রযুক্তি আদান-প্রদান, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

এছাড়া, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয়ে আশা প্রকাশ করেন যে, দ্বিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ এবং কানাডার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার ও সুসংহত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামলায় মেটা হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


মামলায় মেটা হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক

তরুণ ব্যবহারকারীদের ক্ষতি করার অভিযোগে মেটার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। এসব মামলায় কম্পানিটি কয়েকবার আদালতে হেরেছে।

তবে, আগামীকাল মঙ্গলবার শুরু হতে যাওয়া নতুন একটি জুরি ট্রায়াল মেটার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ হতে পারে।

২০২৩ সালে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে এই মামলা করে। এতে শিশুদের গোপনীয়তা রক্ষায় ফেডারেল ও অঙ্গরাজ্যের বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় অঙ্গরাজ্যগুলো মেটার কাছে ১ ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছে।

পাশাপাশি, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনারও দাবি জানিয়েছে তারা। এর মধ্যে রয়েছে ‘লাইক’ সংখ্যা দেখানো বন্ধ করা এবং ব্যবহারকারীরা যাতে অবিরাম স্ক্রল করতে না পারেন, সেই ব্যবস্থা করা।

তরুণদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুকের বিভিন্ন ফিচার ও কার্যপ্রণালীতেও পরিবর্তন চায় অঙ্গরাজ্যগুলো। মামলায় মেটা হেরে গেলে তরুণদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের পদ্ধতিতে কম্পানিটিকে বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে।

পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে—

এক, কিশোর ব্যবহারকারীদের জন্য অভিভাবকের যাচাইকরণ ব্যবস্থা চালু করা। দুই, ব্যবহারকারীদের বেশি সময় ধরে প্ল্যাটফর্মে রাখে এমন ‘ডোপামিন-প্রভাবকারী’ সুপারিশ অ্যালগরিদম পরিবর্তন করা। তিন, ছবিতে চেহারা পরিবর্তন করে এমন অনেক ইমেজ ফিল্টার সরিয়ে ফেলা। চার, ভিডিও কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া বন্ধ করা। পাঁচ, একজন ব্যবহারকারী যাতে একাধিক অ্যাকাউন্ট খুলতে না পারেন, সেই ব্যবস্থা করা এবং ছয়, ইনস্টাগ্রাম স্টোরিজের মতো নির্দিষ্ট সময় পর অদৃশ্য হয়ে যায় এমন পোস্ট বন্ধ করা।

এসব ফিচার বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের গুরুত্বপূর্ণ অংশ।

অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, মেটা এমনভাবে এসব ফিচার তৈরি করেছে, যাতে কিশোর-কিশোরী ও শিশুসহ ব্যবহারকারীরা যত বেশি সময় সম্ভব প্ল্যাটফর্মে থাকেন। তরুণদের বারবার অ্যাপে ফিরিয়ে আনতে মেটা ঘন ঘন নোটিফিকেশনও পাঠায় বলে অভিযোগ রয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কমিয়ে দেওয়া তরুণদের জন্য কঠিন হয়ে পড়ে।

অঙ্গরাজ্যগুলোর আরো অভিযোগ, শিশুদের লক্ষ্য করে মেটা তাদের প্ল্যাটফর্মে বেশি সময় ধরে রাখতে চেয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়ে ব্যবসা সম্প্রসারণ করাই কম্পানিটির উদ্দেশ্য ছিল। বর্তমানে শেয়ারবাজারে মেটার মূল্য প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। তবে মেটা এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

কম্পানিটির এক মুখপাত্র বলেন, ‘আমরা এসব অভিযোগের সঙ্গে দৃঢ়ভাবে একমত নই। প্রমাণ হবে যে, তরুণদের সহায়তা করার জন্য মেটা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।’

অঙ্গরাজ্যগুলো তাদের অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রধান ফেডারেল বিচারক ইয়ভন গনজালেজ রজার্সের আদালতে উপস্থাপন করছে। তিনি ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের আলোচিত মামলারও বিচারক ছিলেন। প্রায় ২০ বছরের বিচারিক জীবনে কঠোর ও সরাসরি প্রশ্ন করার জন্য তার পরিচিতি রয়েছে।

এর আগে মেটার বিরুদ্ধে দেওয়া এক রায়ে নিউ মেক্সিকোর এক বিচারক কম্পানিটিকে মোট ৯৪ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেন। একই সঙ্গে, অন্যান্য অঙ্গরাজ্য এখন যে ধরনের পরিবর্তন দাবি করছে, তার সঙ্গে মিল রয়েছে, এমন কিছু পরিবর্তন মেটার প্ল্যাটফর্মে আনারও নির্দেশ দেন তিনি।

বিচারক ব্রায়ান বিডশেইডও মেটার প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘লাইক’ সংখ্যা দেখানো বন্ধ করা। পাশাপাশি, মেটার প্ল্যাটফর্মে কিশোর-কিশোরীদের নগ্ন ছবি পাঠানো বা গ্রহণ বন্ধ করার নির্দেশও দিয়েছেন তিনি।

এ ছাড়া অ্যাপ থেকে পাঠানো পুশ নোটিফিকেশন দিনের নির্দিষ্ট কয়েক ঘণ্টার মধ্যে সীমিত রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

বিচারক ব্রায়ান বিডশেইড মেটাকে ‘জনসাধারণের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেছেন। তিনি মেটার কাজকে এমন একটি কারখানার সঙ্গে তুলনা করেছেন, যা পরিবেশ দূষিত করে মানুষের ক্ষতি করে।

তবে মেটা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। বিচারকের এই আদেশ শুধু নিউ মেক্সিকোতে কার্যকর হবে। তবে মেটার বিরুদ্ধে করা মামলায় ৩০টি অঙ্গরাজ্য জয়ী হলে, পুরো যুক্তরাষ্ট্রেই একই ধরনের পরিবর্তন আনতে হতে পারে মেটাকে।

এই ৩০টি অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ বাস করেন। তাই এসব পরিবর্তন হলে দেশজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ধরন অনেকটাই বদলে যেতে পারে।

বর্তমানে প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমেই ‘লাইক’ একটি জনপ্রিয় ফিচার। লেখা, ছবি ও ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে মানুষ এটি ব্যবহার করেন। তবে ‘লাইক’ নিয়ে এখন সমালোচনা বাড়ছে। বিশেষ করে তরুণদের ওপর এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

গত কয়েক বছরের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ‘লাইক’ সংখ্যার মতো সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সম্পৃক্ততার সূচক কিশোর-কিশোরীদের মধ্যে প্রত্যাখ্যাত হওয়া ও বিষণ্ণতার অনুভূতি বাড়াতে পারে।

মেটার বিরুদ্ধে অঙ্গরাজ্যগুলোর করা মামলায় কম্পানিটি ২০ লাখেরও বেশি নথি জমা দিয়েছে। এসব নথির মধ্যে মেটার নিজস্ব গবেষণাও রয়েছে। রাজ্যগুলোর আইনজীবীরা এসব গবেষণার কথা তুলে ধরে বলেছেন, ‘লাইক’ সংখ্যা মানুষের মধ্যে ‘সামাজিক তুলনা’ বাড়ায়। অর্থাৎ, অন্যের ছবি বা জীবনযাত্রার সঙ্গে নিজের অবস্থার তুলনা করে নিজের আত্মমর্যাদা বিচার করার প্রবণতা তৈরি হয়।

মেটার অভ্যন্তরীণ গবেষণায় আরো দেখা গেছে, ইনস্টাগ্রামে এই সামাজিক তুলনা ‘একাকীত্ব বৃদ্ধি, নিজের শরীর সম্পর্কে নেতিবাচক ধারণা এবং খারাপ মেজাজ বা নেতিবাচক অনুভূতির’ সঙ্গে যুক্ত।

বিচারক ব্রায়ান বিডশেইড তার আদেশে বলেছেন, এক দশকেরও বেশি সময় ধরে মেটার প্ল্যাটফর্মগুলো যেভাবে পরিচালিত হয়ে আসছে, তা নিউ মেক্সিকোসহ বিভিন্ন এলাকায় তৈরি হওয়া ‘তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটের’ একটি অংশ হয়ে উঠেছে। এই রায়ে প্রথমবারের মতো কোনো সামাজিক যোগাযোগমাধ্যম কম্পানিকে ‘জনসাধারণের ক্ষতিকর’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলিতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


হিলিতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতি আটক

দিনাজপুরের হিলিতে, পুলিশের অভিযান চালিয়ে, নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দিনাজপুর জেলা কমিটির নবগঠিত অংশের সহসভাপতি মিনহাজ হাসানকে (২৮) আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোররাতে হিলির খট্টামাধবপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিনহাজ হাসানকে আটক করা হয়।

আটককৃত মিনহাজ হাসান হিলির লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি পূর্বে খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা গোপনে সংগঠিত হতে না পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, এজন্য পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মিনহাজ হাসানকে আটক করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো বিশৃঙ্খলা রোধে এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, একই রাতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে আরও দুই আসামিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা পরে আদালতে সোপর্দ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০বছর আত্মগোপনে, ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


৩০বছর আত্মগোপনে, ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ এলাকায় ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ফারুক মোল্লাকে প্রায় ৩০ বছর পরে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গতকাল ১৭ আগস্ট ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ফারুক মোল্লার বয়স ৫২ বছর এবং তিনি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।

র‌্যাব-৮ বরিশাল থেকে প্রাপ্ত সূত্রে জানানো হয়েছে, ১৯৯৪ সালে দায়েরকৃত একটি ডাকাতি মামলায় আদালত ১৯৯৫ সালে ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকে তিনি গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘকাল আত্মগোপনে রইলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে, র‌্যাব-১০-এর সহযোগিতায় একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজাপ্রাপ্ত ফারুক মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার প্রযোজক রণবীর, অ্যাকশন থ্রিলারে তার নায়িকা কল্যাণী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


এবার প্রযোজক রণবীর, অ্যাকশন থ্রিলারে তার নায়িকা কল্যাণী

বলিউডে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন রণবীর সিং। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।

শুরু হয়েছে তাঁর নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং। মুম্বাইয়ে শুরু হওয়া এই সিনেমায় রণবীরের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন দক্ষিণী তারকা কল্যাণী প্রিয়দর্শন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে ইতোমধ্যে ‘প্রলয়’-এর শুটিং শুরু হয়েছে। সিনেমাটি নির্মিত হচ্ছে পৃথিবী ধ্বংসের প্রেক্ষাপটের অ্যাকশন থ্রিলার হিসেবে।

কাহিনির বিস্তারিত এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা।

তবে জানা গেছে, মুম্বাইকে ঘিরেই এগোবে গল্প। ভয়াবহ এক সংকটের মধ্যে টিকে থাকার লড়াই এবং পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পরিস্থিতি থাকবে সিনেমার মূল গল্পে।

‘প্রলয়’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি অন্যতম প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন রণবীর সিং।

বিরলা স্টুডিওস, ট্রু স্টোরি ফিল্মস ও মা কসম ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি। বড় পরিসরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির উপযোগী অ্যাকশন থ্রিলার হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ কল্যাণী প্রিয়দর্শন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত এই অভিনেত্রী অল্প সময়েই নিজের অভিনয় দিয়ে আলাদা জায়গা তৈরি করেছেন। প্রখ্যাত পরিচালক ও অভিনেতা প্রিয়দর্শন এবং অভিনেত্রী লিসি লক্ষ্মীর মেয়ে কল্যাণী।

চলচ্চিত্রের পরিবেশে বেড়ে উঠলেও অভিনয়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি।

২০১৭ সালে তেলেগু সিনেমা ‘হ্যালো’র মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় কল্যাণীর। প্রথম সিনেমাতেই নজর কাড়েন তিনি। এরপর ‘চিত্রলহরি’, ‘রণারঙ্গম’, ‘মানাডু’, ‘ব্রো ড্যাডি’, ‘শেশামাইকুলু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে ‘মানাডু’তে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। মালয়ালম, তামিল ও তেলেগু সিনেমায় কাজ করে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

সম্প্রতি ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান—চন্দ্রা’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় এসছেন কল্যাণী। মালয়ালম ভাষার এই সুপারহিরো সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ছবিটির সাফল্যের পর তাঁর জনপ্রিয়তাও আরও বেড়েছে। এবার বলিউডের জনপ্রিয় তারকা রণবীর সিংয়ের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করতে যাচ্ছেন তিনি।

‘প্রলয়’ পরিচালনা করছেন জয় মেহতা। ‘লুটেরে’ এবং ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’র মতো আলোচিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ‘স্ক্যাম ১৯৯২’ তিনি হানসাল মেহতার সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছিলেন। ফলে পরিচালক হিসেবে জয় মেহতার সম্পৃক্ততাও সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

মুম্বাই ও আশপাশের বিভিন্ন বাস্তব লোকেশনে হবে ‘প্রলয়’-এর শুটিং। শুটিং শুরুর আগে কয়েক মাস ধরে সিনেমাটির কারিগরি প্রস্তুতি নিয়েছে টিম। বড় পরিসরের অ্যাকশন দৃশ্য ও নির্মাণ পরিকল্পনার কারণে শুরু থেকেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

এদিকে রণবীর সিংকে সর্বশেষ দেখা গেছে ‘ধুরন্ধর’ ও এর সিক্যুয়াল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ। দুটি সিনেমাই বক্স অফিসে সাফল্য পেয়েছে। এবার ‘প্রলয়’-এর মাধ্যমে ভিন্ন ঘরানার গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%