০৫:২৪ পি.এম
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন যে, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকার বাজেট বরাদ্দ দিয়ে শুধুমাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে এবং বাকি পুরো অর্থ বিগত সরকারের দ্বারা লোপাট করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদে এর জবাবে জানিয়েছেন, অতীতে নামমাত্র অবকাঠামো নির্মাণ করে স্টেডিয়াম হিসেবে চালিয়ে দেওয়ার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বাউফলের তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে ফিরিয়ে আনতে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, ডিও লেটার নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করার পর জানা যায়, নথিপত্রে বাউফলে ইতোমধ্যেই একটি মিনি স্টেডিয়াম বিদ্যমান রয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, খোঁজখবর নেওয়ার পর জানা যায়, সেখানে ৩৮ লাখ টাকার বাজেট বরাদ্দ হয়েছিল। কিন্তু তার বিনিময়ে বিগত ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র দুটি টয়লেট বানিয়ে রেখে বাকি পুরো টাকা লোপাট করে খেয়ে ফেলেছে। কাগজে-কলমে ভাউচার থেকে শুরু করে মাঠের বাস্তবায়ন সবই দেখানো হয়েছে। তিনি জানতে চান, এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং প্রকৃত স্টেডিয়াম পেতে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদ সদস্যের বক্তব্যকে অত্যন্ত যৌক্তিক উল্লেখ করে বলেন, অতীতে প্রথম পর্যায়ে যেসব মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে ১২৫টিতে কেবল দুটি রুম—একটি টয়লেট ও আরেকটি ড্রেসিংরুম বানিয়ে পুরো খালি মাঠকে স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তবে সেগুলোকে কোনোভাবেই পূর্ণাঙ্গ মিনি স্টেডিয়াম বলা যায় না।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। এখন প্রতিটি উপজেলা স্টেডিয়ামে প্যাভিলিয়ন, দর্শক গ্যালারি, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা রাখা হচ্ছে। একটি মানসম্মত স্টেডিয়ামের জন্য প্রায় ৩ একর জায়গা নির্ধারণ করে জমি অধিগ্রহণ কিংবা খাস জমি প্রাপ্তিসাপেক্ষে আধুনিক অবকাঠামো নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সারাদেশে ২০১টি উপজেলা স্টেডিয়ামের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
অতীতে স্টেডিয়াম প্রকল্পের নামে হওয়া অনিয়ম প্রসঙ্গে প্রতিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে আর এমন নামসর্বস্ব স্টেডিয়াম করার কোনো সুযোগ নেই। বিগত সময়ে উপজেলা স্টেডিয়াম নির্মাণের নামে যে দুর্নীতি ও অর্থ লোপাট হয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন