বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৫ এম
ঝালকাঠি শহরের কামারপট্টি মোড় থেকে মিনি পার্ক পর্যন্ত চারটি স্কুল ও একটি কলেজকে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ফুচকার দোকান। প্রতিদিন এখানে শত শত শিক্ষার্থী ও দর্শনার্থী ফুচকা খেয়ে থাকেন।
তবে অনুসন্ধানে উঠে এসেছে, অধিক মুনাফার আশায় অসাধু বিক্রেতারা তেঁতুলের পরিবর্তে ফুচকার টক তৈরিতে ব্যবহার করছেন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড, যা স্থানীয়ভাবে ‘টক লবণ’ নামে পরিচিত।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের কালীবাড়ি রোডের সুরেন বণিকের দোকানসহ বেশ কয়েকটি বানিয়ার দোকানে খোলা অবস্থায় এ টক লবণ বিক্রি হচ্ছে।
ফুচকা বিক্রেতারা জানিয়েছেন, এক কেজি তেঁতুল দিয়ে মাত্র চার লিটার টক তৈরি করা যায়। কিন্তু ওই এক কেজি তেঁতুলের সঙ্গে মাত্র ২০ টাকার টক লবণ মেশালে প্রায় ১২ লিটার টক পানি তৈরি হয়। অনেক বিক্রেতা তেঁতুল ছাড়াই শুধু টক লবণ ও কালো রঙ মিশিয়ে টক তৈরি করছেন।
ঝালকাঠি সদর চৌমাথার এক খুচরা বিক্রেতা জানান, প্রতি ১০০ গ্রাম টক লবণ ৪০ টাকায় বিক্রি করা হয়, যার মূল ক্রেতা ফুচকা বিক্রেতারা। ঢাকা থেকে বস্তায় করে আনা এসব খোলা টক লবণ ফুড গ্রেড নাকি কলকারখানার কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের, সে বিষয়ে বিক্রেতাদের কোনো ধারণা নেই।
সরেজমিনে দেখা যায়, স্কুল-কলেজ চলাকালীন এবং ছুটির পর শিক্ষার্থীরা রাস্তার পাশের এসব দোকানে লাইন ধরে ফুচকা খাচ্ছে। প্রতিদিন এ রাসায়নিক মিশ্রিত টক খাওয়ায় শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
এ বিষয়ে ঝালকাঠি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার বলেন, ‘খাবারে ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড মেশানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং ফুড গ্রেডের সাইট্রিক এসিডও অতিমাত্রায় ব্যবহার করা যায় না। খোলা বাজারে এত কম দামে যা বিক্রি হচ্ছে, তা নিঃসন্দেহে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের। এছাড়া তেঁতুলের কথা বলে টক লবণ খাওয়ানো এক ধরনের প্রতারণা।’
চিকিৎসকদের মতে, অতিমাত্রায় সাইট্রিক এসিড গ্রহণে দাঁতের মারাত্মক ক্ষয়, পাকস্থলীর তীব্র জ্বালাপোড়া ও আলসার, মুখের ভেতরের চামড়া ছিলে যাওয়া এবং কিডনি ও হাড়ের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, ‘দুই মাস আগেও সরকারি মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। ফুচকার টকে পুনরায় টক লবণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে, দ্রুতই আবারও অভিযান পরিচালনা করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ ক্রিকেটের মাঠে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি অ–১৯ এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে।
ক্রিকেট
রাওয়ালপিন্ডি টেস্ট: ৪র্থ দিন
পাকিস্তান–শ্রীলঙ্কা
সরাসরি, সকাল ১০–৩০ মি.,
টি-স্পোর্টস
অ–১৯ এশিয়া কাপ ক্রিকেট
বাংলাদেশ–পাকিস্তান
সরাসরি, বেলা ১১টা,
সনি টেন ১ ও ৩
ফুটবল
উয়েফা নেশনস লিগ
তুরস্ক–বেলজিয়াম
আর্মেনিয়া–সাইপ্রাস
সরাসরি, রাত ১১টা,
ইতালি–ফ্রান্স
সরাসরি, রাত ১–৪৫ মি.,
সনি টেন ২
ইংল্যান্ড–ক্রোয়েশিয়া
সরাসরি, রাত ১–৪৫ মি.,
সনি টেন ১
চেক প্রজাতন্ত্র–স্পেন
সরাসরি, রাত ১–৪৫ মি.,
সনি টেন ৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক এবং মানব পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই লক্ষ্যে যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের আওতায় সাতটি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন ব্যাটালিয়নগুলোর বিভিন্ন অভিযানে ১৫২ আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ছয় রাউন্ড গুলি।
এছাড়া, মাদকবিরোধী বিশেষ অভিযানে ২,৯৪৬ বোতল মদ, ১,০১৬ বোতল ফেনসিডিল, সাত কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তিন লাখ ২,২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মাদক ও চোরাই পণ্যের বাজারমূল্য প্রায় ৮২ কোটি ৩৫ লাখ টাকা।
বিজিবি জানায়, এসব অভিযান মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের দৃঢ় অবস্থান এবং পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মতবিনিময় সভাও অনুষ্ঠিত হচ্ছে।
সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজিবি মহাপরিচালকের ভিশন ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রত্যেক সদস্য দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ