বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩০ এম
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকের সময় প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তাঁর এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) চলাকালে স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী আজ দিনব্যাপী কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
তিনি উল্লেখ করেন, এসব সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় মেয়র তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। সে অনুযায়ী তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। এছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে জানিয়ে তিনি বলেন, এ সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর গতকালের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে। মুসলিম বিশ্বেও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর সাইড ইভেন্টে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ এবং এ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল কপ৩১-এর সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। এছাড়া তাঁর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী শহরের লালপোল এলাকার বেদেপল্লীতে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বস্তাভর্তি ১৩ লাখ টাকা উদ্ধার করেছে। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে ফেনী মডেল থানার পুলিশ এ অভিযান শুরু করে, যা রাত ৯টা পর্যন্ত চলে।
প্রায় তিন ঘণ্টা ধরে পরিচালিত বিশেষ অভিযানে নগদ ১৩ লাখ টাকা, ইয়াবা, বাংলা মদ, মাদক ব্যবহারের জন্য বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং টাকা গণনা করার যন্ত্র উদ্ধার করা হয়। অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেদেপল্লীতে মাদক সম্রাট সোহেলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। মাদক উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য এবং টাকার পরিমাণ ও আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। অভিযান এখনও চলমান রয়েছে।
ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, অভিযানে নগদ ১৩ লাখ টাকা, ইয়াবা, বাংলা মদ, মাদক ব্যবহারের বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং টাকা গণনা করার যন্ত্র উদ্ধার করা হয়েছে। ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি বিশেষ অভিযান ছিল এবং আগামী দিনগুলোতে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার ফলে চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের পশ্চিমে অবস্থিত এই হাসপাতালে হামলাটি সংঘটিত হয়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এ বিষয়ে জানান, হাসপাতাল চত্বরের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় ইসরাইলি বিমান আঘাত হানে। এই হামলায় চারজন নিহত হন।
হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, হামলার ফলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অস্ত্রোপচার বিভাগের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, বুধবার গাজা সিটি ও বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া, মঙ্গলবারের হামলায় আহত এক ফিলিস্তিনি পরবর্তীতে মারা যান।
২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ। নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বহিরাগতদের দৌরাত্ম্য ও ঘুস-দুর্নীতি যেন একটি নিয়মে পরিণত হয়েছে। তহসিলদার ও কর্মচারীদের আত্মীয়স্বজন এবং দালাল চক্রের মাধ্যমে পরিচালিত এই অবৈধ লেনদেনের ফলে সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, সরকার ভূমিসেবা দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ডিজিটাল নামজারি ও অনলাইন করব্যবস্থা চালু করলেও বাস্তব চিত্র ভিন্ন। অনলাইনে আবেদন করার পর মূল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে গেলে টাকা ছাড়া ফাইল নড়ে না। জমির আকারভেদে নামজারির প্রস্তাব পাঠাতে ১ থেকে ১৫ হাজার টাকা এবং ক্ষেত্রবিশেষে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। এছাড়া, মিস কেসের তদন্ত প্রতিবেদন পেতে ১০ থেকে ৩০ হাজার এবং সাধারণ নকল তুলতেও ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। টাকা না দিলে নির্ধারিত সময় শেষে আবেদন বাতিল হয়ে যায়, অথবা প্রতিপক্ষের অনুকূলে প্রতিবেদন দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, জেলার ৭১টি ইউনিয়ন ভূমি অফিসের অধিকাংশে তহসিলদার ও কর্মচারীরা নিজেদের ভাই, শ্যালক, ভাগিনাসহ পরিচিত বহিরাগতদের দিয়ে দাপ্তরিক কাজ করাচ্ছেন। এমনকি, সরকারি সার্ভারের গোপন আইডি ও পাসওয়ার্ডও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। দিন শেষে সেবাপ্রার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের ভাগ নেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বহিরাগতরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভূমি কর্মকর্তা জানিয়েছেন, বয়স্ক কর্মচারীরা কম্পিউটার পরিচালনায় দক্ষ না হওয়ায় স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের দিয়ে কাজ করানো হয়। সেবাপ্রার্থীদের দেওয়া খুশির টাকা থেকে তাদের সামান্য সম্মানী দেওয়া হয়। অন্যদিকে, সরকারি অফিস সহায়কদের অভিযোগ, তাদের বসিয়ে রেখে বহিরাগতদের দিয়ে কাজ করানো হয়। প্রতিবাদ করলে বদলির হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মু. রাসেদুজ্জামান বলেছেন, ‘জেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদার পদ শূন্য থাকায় উপসহকারীরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি অফিসে বহিরাগতদের কাজ করার কোনো সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিল না। তবে আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ