ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা চাইল


বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা চাইল

স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সবুজ শিল্পায়নে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন, পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য এবং সহায়ক বাণিজ্যনীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সবুজ শিল্পবিষয়ক অধিবেশনে তিনি এই আহ্বান জানান।

অধিবেশনে সাইমুম পারভেজ উল্লেখ করেন যে, বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হয়েও ইতোমধ্যে প্রমাণ করেছে যে সবুজ শিল্পায়ন সম্ভব। তিনি জানান, বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ১০০টি সবুজ কারখানার অর্ধেকেরও বেশি বাংলাদেশে অবস্থিত। এমনকি বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া সনদপ্রাপ্ত পোশাক কারখানাটিও বাংলাদেশে রয়েছে। দেশের শিল্পকারখানাগুলোতে ইতোমধ্যে ৬০০ মেগাওয়াটের বেশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা তৈরি করা হয়েছে, যার অধিকাংশই তৈরি পোশাক ও বস্ত্র কারখানায় স্থাপিত।

তিনি আরও বলেন, একটি স্বল্পোন্নত দেশ, সেই দেশের উদ্যোক্তা এবং চার লাখ শ্রমিক- যাদের অধিকাংশই নারী, এসব অর্জন সম্ভব করেছেন। এটি প্রমাণ করে যে সবুজ শিল্পায়ন শুধু ধনী দেশগুলোর জন্য কোনো বিশেষ সুযোগ নয়।

আরও পড়ুন: বিশ্বনেতারা প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন: হুমায়ুন কবির

সরকার নবায়নযোগ্য জ্বালানি কৌশল বাস্তবায়ন করছে, উল্লেখ করে সাইমুম পারভেজ বলেন, এই কৌশলের আওতায় ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৪০ সালের মধ্যে এই হার ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

উন্নত দেশগুলোর বাজারে নতুন পরিবেশগত মানদণ্ড চালুর ক্ষেত্রে পর্যাপ্ত সময় ও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘যাতে এসব মানদণ্ড উন্নয়নশীল দেশগুলোর জন্য বাধা না হয়ে নতুন সুযোগ সৃষ্টি করে।’ ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অর্ধশতাংশেরও কম। তা সত্ত্বেও বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের এই উদ্যোগে বিনিয়োগ করুন। কর্মসংস্থান, মর্যাদা ও প্রবৃদ্ধিনির্ভর সবুজ শিল্পের ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ আপনাদের প্রস্তুত অংশীদার।’

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে কর্মী পাঠানোর তালিকায় ৩৭তম নওগাঁ, দক্ষতা ও নিরাপদ অভিবাসনে জোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ এম


বিদেশে কর্মী পাঠানোর তালিকায় ৩৭তম নওগাঁ, দক্ষতা ও নিরাপদ অভিবাসনে জোর

বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে দেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১৯৭৬ সাল থেকে বর্তমান পর্যন্ত সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, কুমিল্লা আন্তর্জাতিক অভিবাসনে দেশের শীর্ষে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় এবং চট্টগ্রাম তৃতীয় অবস্থানে রয়েছে। দীর্ঘ সময়ের এই পরিসংখ্যানে নওগাঁর পিছিয়ে থাকার কারণ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়েছে জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভায়। সভায় দক্ষ জনশক্তি তৈরি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং নিরাপদ ও বৈধ পথে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উল্লেখ করেন, বিদেশে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা, মর্যাদা ও বেতন তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশের তুলনায় নেপাল ও ফিলিপাইনের মতো দেশের কর্মীরা বিদেশে বেশি বেতন ও মর্যাদা পেয়ে থাকেন। এর অন্যতম কারণ তাদের দক্ষতা ও প্রশিক্ষণ। তাই বিদেশে যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি বেশি রেমিট্যান্স অর্জনও সম্ভব।

তিনি আরও বলেন, বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। এ অবস্থান থেকে জেলাকে এগিয়ে নিতে হবে। নওগাঁর আরও বেশি মানুষ যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। প্রয়োজন হলে এ বিষয়ে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে গেলে প্রতারণার ঝুঁকি কমে। এরপরও কেউ প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। তাই দালাল চক্রের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও ডিএমসিসির সদস্যসচিব মো. সামানুর ইমাম। তিনি বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামীদের বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য, প্রশিক্ষণ ও অভিবাসন-সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে জানতে হবে। দালাল চক্রের প্রতারণা থেকে রক্ষা পেতে সরকারি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

সভায় নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স বাড়ানোর উপায়, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (ইউএমসিসি) গঠন এবং জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটির কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা সভা পরিচালনা করেন। সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জ্যেষ্ঠ ইনস্ট্রাক্টর মাহমুদ আল হাদী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক এস এম মাহমুদুল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুতাসিম বিল্লাহ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাদেকুল ইসলাম এবং সাংবাদিক কাজী কামাল হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি চিরকুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ এম


কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি চিরকুট

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও মৃত্যুর হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার একটি ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। চিরকুটে উল্লেখ করা হয়েছে যে, ১০ থেকে ১২ দিনের মধ্যে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩১) ও মনি ডাক্তার (৪০)-এর বাড়িতে এসব সামগ্রী পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা গোপনে ওই দুটি বাড়িতে দাফন-কাফনের সামগ্রী এবং হুমকিসংবলিত চিরকুট রেখে যায়। বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির উঠান ও রান্নাঘরের পাশে এসব সামগ্রী দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্যদিকে, মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

এ বিষয়ে মনি ডাক্তার (গ্রাম্য ডাক্তার) বলেন, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুটটি দেখতে পাই। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত নই। তবে এ ঘটনায় আমার কিছু সন্দেহ থাকলেও আপাতত তা প্রকাশ করতে চাই না। আমি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে এভাবে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট রেখে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীরা থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, এর পেছনে পুরোনো কোনো শত্রুতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ২৫ নভেম্বর শুরু, অনুত্তীর্ণরাও পাবেন সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ২৫ নভেম্বর শুরু, অনুত্তীর্ণরাও পাবেন সুযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ২৫ নভেম্বর। এ বছর সর্বোচ্চ দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসি বা সমমানের সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের শর্তে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন পদ্ধতি, যোগ্যতা ও ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকায় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি বা সমমানের সম্পূরক পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে তাঁদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও কেউ সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। এছাড়া বিদেশি শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি ২০২৭ শুক্রবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৫ জানুয়ারি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ২২ জানুয়ারি এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে

https://admission.jnu.ac.bd

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ এম


বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমানকে একজন রূপান্তরমূলক নেতা হিসেবে অভিহিত করেছেন।

গতকাল বুধবার রাতে, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

হুমায়ুন কবির উল্লেখ করেন, বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রীর রূপান্তরমূলক ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বুধবার দিনব্যাপী কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকও করেন।

হুমায়ুন কবির জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এসব সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায়, মেয়র তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। সে অনুযায়ী তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের সহযোগিতা প্রত্যাশা করে হুমায়ুন কবির বলেন, এ সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর বৈঠককেও ফলপ্রসূ বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের কপ-৩১-এর একটি সাইড ইভেন্টে অংশ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ এবং এ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার কপ-৩১-এর সম্মেলনে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন বলে জানান হুমায়ুন কবির। এ ছাড়া তার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%