০৫:২৭ পি.এম
রাঙামাটির লংগদু উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রমে দীর্ঘদিন ধরে চরম স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। অফিসের প্রধান এবং চিকিৎসকরা নিয়মিতভাবে কর্মস্থলে না আসার কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন- এমন গুরুতর অভিযোগ উঠেছে।
লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেমিন চাকমা এবং মেডিকেল কর্মকর্তা ডা. সুজন দাশ উভয়েই অনুপস্থিত রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়- পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবিন চাকমা মাসের পর মাস অফিসে না এসে নিজ বাসাতেই অবস্থান করছেন এবং নিয়মিত সরকারি বেতন-ভাতা তুলছেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেবিন চাকমা দাবি করেন, তিনি অসুস্থতার কারণে রাঙামাটির নিজ বাসায় অবস্থান করছেন।
আরও পড়ুন: বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিক চ্যাং সিয়াওজুনের মৃত্যু
অন্যদিকে ডা. সুজন দাশকে কল করা হলে তিনি জানান, ক্যারিয়ার গঠনের জন্য তিনি ব্যক্তিগত ট্রেনিংয়ে অংশ নিচ্ছেন এবং বর্তমানে রাঙামাটিতে আছেন, পরবর্তীতে ঢাকায় যাবেন।
তবে অফিসের স্টাফদের ভাষ্যমতে, সুজন দাশ ঢাকায় ট্রেনিংয়ের জন্য গেছেন। কর্মকর্তাদের এমন নানা অজুহাতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৭০ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকার কথা থাকলেও বর্তমানে ৩৬ জন কর্মরত আছেন এবং ৩৪টি পদই শূন্য পড়ে আছে। মূল কর্মকর্তাদের এমন অনিয়ম ও উদাসীনতার কারণে মাঠ পর্যায়ের ইউনিয়ন কর্মীরাও সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ রয়েছে। এদিকে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত কর্মকর্তারা নিজ কর্মস্থলে ফেরেননি।
এ বিষয়ে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহাগময় চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে যাদেরকে যেভাবে পেয়েছেন রিপোর্ট করে যান। আমার কাছে কেউ ছুটি নেননি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শেকৃবির অনুরোধে কৃষিগুচ্ছে বাকৃবি, ভিসির নামে ভুয়া বক্তব্যের প্রতিবাদ
জরুরি স্বাস্থ্যসেবাখাতে এমন অনিয়ম ও কর্মকর্তাদের অনুপস্থিতির ঘটনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লংগদুর সাধারণ মানুষকে। অতি দ্রুত এসব কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন