১২:৫৮ পি.এম
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমানোর লক্ষ্যে সরকার ‘এক রুট, এক কম্পানি’ পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায় আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর ছয়টি প্রধান রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে পাঁচটি নন-এসি রুট এবং একটি এসি রুটে এই কার্যক্রম চালু হবে।
রবিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সভায় রুট, বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান, বাসের সংখ্যা ও স্টপেজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, দুই মাস পর আরও তিনটি সার্কুলার রুট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রথম পর্যায়ের ছয়টি রুটের মধ্যে রয়েছে গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির, গাবতলী-ডেমরা, দুয়ারীপাড়া-সদরঘাট, ঘাটারচর-ডেমরা, ঘাটারচর-কাঁচপুর এবং মিরপুর-১২-মাওয়া।
আরও পড়ুন: সাইকেল নিয়ে বেরিয়ে নিখোঁজ, চার দিন পর নরসিংদীতে কিশোরের মরদেহ উদ্ধার
এসব রুটে একাধিক পরিবহন প্রতিষ্ঠানকে একীভূত করে যৌথভাবে বাস পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির রুটে বিকাশ পরিবহন, বিকাশ সেবা ট্রান্সপোর্ট এবং ডিভাইস পরিবহন; গাবতলী-ডেমরা রুটে আলিফ এন্টারপ্রাইজ, বৈশাখী পরিবহন এবং রইছ পরিবহন দায়িত্ব পালন করবে।
দুয়ারীপাড়া-সদরঘাট রুটে দিশারী, তানজিল, মেট্রো লিংক এবং ট্রান্সসিলভা সমন্বিতভাবে বাস চালাবে। ঘাটারচর-ডেমরা ও ঘাটারচর-কাঁচপুর রুটে রমজান, মালঞ্চ, মিডলাইন এবং রজনীগন্ধা পরিবহন যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে। মিরপুর-১২-মাওয়া রুটে থাকবে স্বাধীন, বিহঙ্গ, বিকল্প এবং শিকড় পরিবহন।
ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম বলেন, "শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে।"
এদিকে বাসস্টপ চিহ্নিত করা, টিকিট কাউন্টার স্থাপন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা সরিয়ে নিতে ডিএমপি ও দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ডিটিসিএ।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা কমাতে আচরণগত পরিবর্তনের ওপর বিশেষজ্ঞদের জোর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন