১২:৫৯ পি.এম
আইনি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সারা দেশে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেছেন, ‘এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।’
আজ সোমবার সকালে ঝিনাইদহ পিটিআইয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি কেউ সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কাজ করে, তবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা। সরকার ভালো যাই করতে যাক না কেন, তারা তার বিরোধিতা করবে। তবে আমরা এতে কান দিচ্ছি না। আমাদের বিশ্বাস, যাদের বরাদ্দ দেওয়া হয়েছে, তারা তাদের ন্যায্য ও প্রাপ্য অংশই পাচ্ছে।’
এর আগে সকালে মন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন। সেখানে হাসপাতালটির চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও হাসপাতালের সভায় স্থানীয় প্রশাসন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন