০৬:০৮ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষোভ প্রকাশ করেছেন যে, জুলাই স্মৃতিস্তম্ভে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিরোধীদলীয় নেতা ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেননি। তিনি মন্তব্য করেছেন যে, বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব থাকতে পারে, তবে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আত্মত্যাগকারীদের পাশে না এসে তারা প্রমাণ করেছেন যে, তারা জুলাইকে ধারণ করে না।
তিনি সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "আজকের এই আয়োজন জুলাইয়ের আত্মত্যাগকারী মানুষদের সম্মান জানানোর জন্য। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধীদলীয় নেতাসহ বিরোধী দলের শীর্ষ ব্যক্তিদেরও যথাযথভাবে দাওয়াত দেওয়া হয়েছিল। আপনারা সরকারি মঞ্চে না বসলেও পারতেন, কিন্তু যাঁরা জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে এসে তো বসতে পারতেন।"
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
তারেক রহমান স্পষ্টভাবে উল্লেখ করেন, "সরকারের সঙ্গে আপনাদের রাজনৈতিক দূরত্ব আছে, সেই দূরত্ব থাকুক—তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যে মানুষগুলো জীবন উৎসর্গ করল, যারা আহত হলো, চোখ হারাল—যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে মানুষের কাছে পরিচিতি পেয়েছেন, সেই বীরদের মাঝেও আপনারা এলেন না। আজ যদি আপনারা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতেন, তবে আমরা বুঝতে পারতাম বিএনপি যেভাবে জুলাইকে ধারণ করে, আপনারাও জুলাইকে সেভাবেই হৃদয়ে ধারণ করেন। কিন্তু আপনাদের অনুপস্থিতি প্রমাণ করে আপনারা জুলাইকে ধারণ করেন না।"
তিনি আরো যোগ করেন, জুলাই আন্দোলনের রক্তস্নাত ইতিহাস ও জুলাই শহীদদের অবদানকে পাশ কাটিয়ে যাওয়ার এই রাজনৈতিক মানসিকতা অত্যন্ত হতাশাজনক। এর মাধ্যমে বিরোধী দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও সাধারণ মানুষের গভীর অনুভূতির প্রতি চরম অনীহা প্রদর্শন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন