বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০৭ পি.এম
ময়মনসিংহের ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি গ্রামীণ সড়কের কার্পেটিং নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য কার্পেটিং করা সড়কে হাত দিয়ে ঘষা দিলেই উঠে আসছে পিচের আস্তরণ। কোথাও কোথাও পা দিয়ে চাপ দিলেও কার্পেটিং আলগা হয়ে যাচ্ছে। নির্মাণের এক দিনের মধ্যেই এমন পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, কাজের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির ঘাটতির কারণেই সড়কটির এমন দশা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণকাজ চলাকালে নিয়মিত খোঁজখবর রাখলে নিম্নমানের উপকরণ ব্যবহার কিংবা অনুপযুক্ত পরিবেশে কার্পেটিং করার সুযোগ থাকত না বলেও দাবি স্থানীয়দের।
উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা খানবাড়ী তিন রাস্তার মোড় থেকে নির্মাণাধীন ২ হাজার ৩৯৮ মিটার সড়কটির প্রায় এক হাজার মিটার অংশের কার্পেটিংয়ের কাজ সম্প্রতি শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাপ্পি এন্টারপ্রাইজ। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র এক দিনের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে আসার অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি ২০২৩-২৪ অর্থবছরের। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে। সড়কটির নির্মাণ/সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা।
বৃষ্টির মধ্যে কার্পেটিংয়ের অভিযোগ
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধলা খানবাড়ী তিন রাস্তার মোড় এলাকায় সদ্য কার্পেটিং করা সড়কের বিভিন্ন অংশে হাত দিয়ে ঘষা দিলে পিচ ও কার্পেটিংয়ের স্তর উঠে আসছে। স্থানীয়রা জানান, কাজ চলার সময় বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের কার্পেটিংয়ের কাজ চালিয়ে যায় বলে তাদের অভিযোগ।
এ সময় স্থানীয়রা কাজের মান নিয়ে আপত্তি জানান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে প্রচার করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. রোকন আল ইবনে মাহাদী ঘটনাস্থলে গিয়ে সড়কটি পরিদর্শন করেন।
নিয়মিত তদারকি ছিল কি?
স্থানীয়দের অভিযোগ, সড়কটির নির্মাণকাজ চলাকালে সংশ্লিষ্ট প্রকৌশলী ও মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ও তদারকি ছিল না। তাদের দাবি, কাজের প্রতিটি ধাপে উপকরণের মান, স্তরের পুরুত্ব, মিশ্রণের অনুপাত এবং কার্পেটিংয়ের উপযুক্ততা যাচাই করা প্রয়োজন হলেও তা যথাযথভাবে হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রকৌশলীদের নিয়মিত তদারকি থাকলে কাজের ক্রুটি নির্মাণের সময়ই শনাক্ত করে সংশোধনের সুযোগ ছিল। এখন কাজ শেষ হওয়ার পর কার্পেটিং উঠে আসায় পুরো প্রকল্পের মান নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।
“ইটখোয়া-বালু-পাথর ঠিকমতো দেওয়া হয়নি”
এলাকাবাসীর অভিযোগ, মাটি লেভেল করার পর প্রয়োজনীয় ইটখোয়া, বালু ও পাথরের স্তর যথাযথভাবে প্রস্তুত না করেই কার্পেটিং করা হয়েছে। ফলে সড়কের সঙ্গে কার্পেটিংয়ের যথাযথ বন্ধন তৈরি হয়নি। এ কারণে সামান্য চাপেই পিচ উঠে আসছে বলে তাদের দাবি।
তারা আরও অভিযোগ করেন, সড়কের বিভিন্ন স্থানে ছোট যানবাহন চলাচল করলেই চাপ পড়ে যাচ্ছে। ভারী যানবাহন চলাচল শুরু হলে সড়কটি আরও দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর ক্ষোভ
স্থানীয় বাসিন্দা আতাহারুল ইসলাম বলেন, “পা দিয়ে চাপ দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। নতুন সড়কে কোনোভাবেই এমন হওয়ার কথা নয়। নির্মাণকাজের সময় আমরা প্রতিবাদ করলেও কোনো কাজে আসেনি।”
স্থানীয় বাসিন্দা মো. এখলাস আলী বলেন, “সড়কে প্রয়োজনীয় উপকরণ যথাযথভাবে ব্যবহার করা হয়নি বলেই কার্পেটিং উঠে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। এখনই যদি এমন অবস্থা হয়, ট্রাক চলাচল শুরু হলে সড়কে কিছুই থাকবে না।”
এলাকাবাসী বলছেন, সরকারি অর্থে নির্মিত একটি সড়ক যদি নির্মাণের পরপরই নষ্ট হতে শুরু করে, তাহলে কিছুদিন পর পুনরায় সংস্কারের প্রয়োজন হতে পারে। এতে জনগণের দুর্ভোগের পাশাপাশি সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা রয়েছে।
ঠিকাদারের বক্তব্য
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেসার্স বাপ্পি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাজহারুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী কাজ করা হয়েছে। কার্পেটিং উঠে গেলে আমার কি করার আছে। কিছু বুঝার বাকি থাকলে ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করুন।
প্রকৌশল বিভাগের বক্তব্য
ত্রিশাল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. যুবায়েত হোসেন বলেন, “সড়কের অনিয়মের বিষয়টি আমি ইতোমধ্যে অবগত আছি। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এখন এলাকাবাসীর প্রশ্ন প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ চলাকালে মান নিয়ন্ত্রণ ও মাঠপর্যায়ের তদারকি কতটা কার্যকর ছিল? নির্মাণের এক দিনের মধ্যেই যদি কার্পেটিং উঠে যায়, তাহলে প্রকল্পের অন্যান্য অংশের কাজের মানও কি পরীক্ষা করা হয়েছে?
এলাকাবাসী সড়কটির পুরো অংশের কাজ কারিগরি পরীক্ষা, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই, কাজের পুরুত্ব ও প্রকল্পের নকশা অনুযায়ী বাস্তবায়ন হয়েছে কি না তা পরীক্ষা এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের মতে, শুধু উঠে যাওয়া কার্পেটিং পুনরায় বিছিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। কেন এমন হলো, কার তদারকিতে কাজ হয়েছে এবং সরকারি অর্থের বিনিময়ে প্রকল্পের নির্ধারিত মান নিশ্চিত করা হয়েছে কি না সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০০ পিস ইয়াবাসহ মোঃ ইফতে সোহা তমাল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে ভোলাহাট থানাধীন ৩নং দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর একটি বিশেষ টিম সকাল ০৮:০০ টা থেকে ০৮:৫০ টা পর্যন্ত নামো মুশরীভূজা গ্রামস্থ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে নামো মুশরীভূজা গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে মোঃ ইফতে সোহা তমালকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর, যা আইএমইইসি নামে পরিচিত, ইরানের ওপর জ্বালানি ও বাণিজ্যিক নির্ভরতা কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করছেন। ট্রাম্পের মতে, এই করিডরের মাধ্যমে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ইরানের নিয়ন্ত্রণাধীন পথের ওপর নির্ভরতা থেকে মুক্তি পাবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর সঙ্গে এক বহুপক্ষীয় বৈঠকে তিনি এই মন্তব্য করেন। আইএমইইসি একটি বড় অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ, যা ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপকে বন্দর, রেলপথ, জ্বালানি এবং অন্যান্য অবকাঠামোর মাধ্যমে সংযুক্ত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে নতুন পণ্য ও জ্বালানি পরিবহনের পথ তৈরি করার পরিকল্পনা রয়েছে। ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইএমইইসি-এর প্রতি সমর্থনের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। তিনি বলেন, “প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক জাহাজে ইরানের সন্ত্রাসী হামলা দেখিয়েছে যে, মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোকে ইরানের নিয়ন্ত্রণাধীন পথ থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন।”
ট্রাম্প আরও উল্লেখ করেন, “এ কারণেই আমার প্রশাসন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর এবং তেল পরিবহনের জন্য পাইপলাইনসহ অন্যান্য বিকল্প পথ তৈরির উদ্যোগকে জোরালোভাবে সমর্থন করছে। আমরা একসঙ্গে কাজ করলে গত এক দশক ধরে এই অঞ্চলে চলা সমস্যাগুলো কাটিয়ে ওঠার দ্বারপ্রান্তে রয়েছি।”
ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর বা আইএমইইসি একটি বড় আন্তর্জাতিক যোগাযোগ ও অবকাঠামো প্রকল্প। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময় এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই প্রকল্পে ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্ত রয়েছে।
এই পরিকল্পনার আওতায় রেলপথ, সমুদ্রপথ, জ্বালানি ও ডিজিটাল যোগাযোগব্যবস্থার মাধ্যমে ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে সংযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে। এর ফলে পণ্য ও জ্বালানি পরিবহন সহজ হবে এবং তিন অঞ্চলের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাবে।
প্রস্তাবিত করিডরের দুটি প্রধান অংশ থাকবে। পূর্ব অংশটি ভারতকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে এবং উত্তর অংশটি উপসাগরীয় অঞ্চলকে ইউরোপের সঙ্গে সংযুক্ত করবে। এই প্রকল্পের আওতায় একটি রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা সমুদ্র ও সড়কপথের পাশাপাশি পণ্য পরিবহনে ব্যবহার করা হবে।
এর ফলে ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহন আরও সহজ ও কম খরচে করা সম্ভব হবে। এ ছাড়া জ্বালানি ও ডিজিটাল যোগাযোগের জন্য একটি কেবল এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন পরিবহনের জন্য একটি পাইপলাইন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এই করিডরের মূল লক্ষ্য হলো দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানো। একই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তিন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা।
আইএমইইসিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাশাপাশি ইরানের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি বিকল্প হিসেবেও দেখা হচ্ছে। এই করিডর চালু হলে পণ্য পরিবহনের পথ ছোট হতে পারে এবং ভারত ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনে সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
এদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক উদ্বেগ নতুন একটি বিকল্প জ্বালানি করিডর তৈরির প্রয়োজনীয়তা আরো বাড়িয়েছে। এর ফলে আইএমইইসি-এর মতো বিকল্প পথের প্রতি আগ্রহও বৃদ্ধি পাচ্ছে।
তবে ইরান ও গাজা সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়ের জটিলতার কারণে আইএমইইসি এখনো মূলত একটি পরিকল্পনা হিসেবেই রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে এখনো বেশ কিছু রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ রয়েছে।
আইএমইইসি-এর ওয়েবসাইটে জানানো হয়েছে, নতুন রেললাইন, বন্দর ও মহাসড়ক নির্মাণের মতো কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাজ শুরু হয়েছে। তবে প্রকল্পের বড় কোনো অগ্রগতি বা নির্দিষ্টভাবে কবে এটি পুরোপুরি চালু হবে, সে বিষয়ে কোনো সময়সীমা দেওয়া হয়নি।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এখনো সময় আছে, ইরান চাইলে সঠিক পথে ফিরতে পারে। তবে একটি সময় আসবে, যখন অনেক দেরি হয়ে যাবে এবং দেশটির টিকে থাকার সুযোগ আর থাকবে না।
তিনি আরো বলেন, এই পরিস্থিতি তিনি দেখতে চান এবং বৈঠকে উপস্থিত অন্য নেতারাও একই অবস্থান সমর্থন করেন। এদিকে ট্রাম্প দাবি করেন, গত বছর যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছে। তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া থাকলে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রু তাদের রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে অনুষ্ঠিত একটি এমএলএস নেক্সট প্রো ম্যাচের সময়, এক নারী রেফারির প্রতি অসদাচরণ ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই হিসেবে পরিচিত ফেদেরিকো কলম্বাস ক্রু ক্লাবের একজন খ্যাতিমান খেলোয়াড় ছিলেন।
প্রফেশনাল সকার রেফারিজ অ্যাসোসিয়েশনের (পিএসআরএ) তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালীন ওই নারী রেফারিকে উদ্দেশ্য করে তিনি "ভুলে যেও না, এটা পুরুষদের খেলা"—এই আপত্তিকর মন্তব্যটি করেছিলেন।
এর আগে ২৩শে আগস্টের একটি ম্যাচের কারণে তিনি ডাক আউট থেকে বের করে দেওয়ার পাশাপাশি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
কলম্বাস ক্রুয়ের জেনারেল ম্যানেজার ইসা টল এক বিবৃতিতে জানান, এই ধরনের আচরণ একজন দলনেতার জন্য ক্লাবের প্রত্যাশিত মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
তাহলে ক্লাব, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, প্রথম দফায় আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামের নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বদলগাছী থানার এসআই অসিত কুমার উপস্থিত ছিলেন। এর আগে ভান্ডারপুর বাজারে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।
গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সহসভাপতি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২২২/২৫-এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসআই অসিত কুমার জানান, রাকিবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে তাকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। ভান্ডারপুর বাজারে তাকে ধরার চেষ্টা করা হলেও তিনি অন্য একটি মোটরসাইকেলে পালিয়ে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে রাকিবুলকে প্রথম দফায় গ্রেপ্তার করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বলে এসআই অসিত কুমার জানান। তিনি বলেন, “টাকা নিয়ে ছেড়ে দিয়েছি এরকম একটা অভিযোগ দেওয়া হয়েছিল।” কিন্তু কে বা কারা এমন অভিযোগ করেছেন, সে সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না।
প্রত্যাহারের কারণ জানতে চাইলে অসিত কুমার বলেন, রাকিবুলকে আমি গ্রেপ্তার করেছি। পরে আমাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পুলিশ সুপার এ বিষয়ে তার কাছে সরাসরি কিছু বলেননি বলেও তিনি উল্লেখ করেন।
গ্রেপ্তার রাকিবুলের মা রেহেনা পারভিন জানান, আমার ছেলেকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। কোন এসআই তাকে গ্রেপ্তার করেছেন, তা আমি জানি না।
পুলিশ সুপারের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তিনি কোথাও কোনো অভিযোগ করেননি।
এসআই অসিত কুমারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, “প্রথমে তাকে পাইয়া রেখে আসছে”-এমন একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এরপর এসআই অসিত কুমার রাকিবুলকে গ্রেপ্তার করেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঘটনার দিন রাত ১০টায় রাকিবুলকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই রাতে ভোরে আবারও তাকে গ্রেপ্তার করা হয়। দায়িত্ব পালনে গাফিলতির কারণে এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ