১০:১৭ পি.এম
গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালকের বেশে পরিকল্পিত নারী যাত্রীকে জিম্মি করে স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানায় কালীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন, নরসিংদীর পলাশ উপজেলার আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সিএনজি চালক আরমান মিয়া (২৮) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সায়েল (২৮)। ভুক্তভোগী নারী হচ্ছেন নরসিংদী জেলা সদরের ব্রাহ্মনপাড়া এলাকার হারুন আহমেদ নাসিমের মেয়ে ইসরাত আহমেদ শোভা (২৭)।
আরও পড়ুন: সীতাকুণ্ডে গভীর রাতে সড়কে দাঁড়িয়ে যাত্রীরা, লরি চাপায় নিহত ৫
সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার আরেকটি বিবরণ উল্লেখ করা হয়েছে, গত ৫ জুন রাত সোয়া নয়টার দিকে শোভা পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে টঙ্গীর দিকে একটি সিএনজি রিজার্ভ করেন। পরদিন সকালে টঙ্গীর একটি প্রতিষ্ঠানে তার চাকরির সাক্ষাৎকার ছিল। তবে পথে রাত সাড়ে নয়টার দিকে কালীগঞ্জ থানার বালীগাঁও পশ্চিমপাড়া এলাকায় পৌঁছানোর পর চালক হঠাৎ সিএনজি থামিয়ে পেছনের বাঁ দিকের দরজা খুলে দেন।
এদিকে, তখন দ্রুত ভেতরে ঢুকে পড়েন আরেকজন। কারণ জানতে চাইলে ওই ব্যক্তি শোভার সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন এবং গলায় ধারালো ছুরি ধরে হুমকি দেন চিৎকার করলে গলা কেটে লাশ গুম করা হবে বলে। এরপর চলন্ত সিএনজিতেই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় গলার স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, তিনটি স্বর্ণের আংটি এবং একটি আইফোন।
পরে কালীগঞ্জের বাইপাস মোড়ে এসে শোভাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় সিএনজিটি। স্থানীয়দের সহায়তায় শোভা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শোভাকে সঙ্গে নিয়ে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে অনুসন্ধান চালিয়ে পুলিশ চালকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
পরদিন ৬ জুন সকালে সাড়ে ৮টার দিকে পলাশ থানা পুলিশের সহায়তায় আলীরটেক এলাকায় অভিযান চালিয়ে আরমান মিয়াকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সত্যতা স্বীকার করে এবং সহযোগীর নাম শায়ন ওরফে চয়ন (২৯) বলে জানান। তার তথ্যের ভিত্তিতে পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি আটক করে এবং তার কাছ থেকে একটি স্বর্ণের আংটি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করে।
আরও পড়ুন: সিংগাইরে স্বর্ণের দোকানে চুরি, দুই নারীসহ তিনজন গ্রেপ্তার
আরমান পুলিশকে আরও জানান, ছিনতাই করা মুঠোফোনটি সায়েলের কাছে বন্ধক রাখা হয়েছে। এরপর একই সকালে ৯টা ১০ মিনিটের দিকে সায়েলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে মুঠোফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন