বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৫:৪৬ এম
যদি ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো প্রচেষ্টা করে, তাহলে মার্কিন সামরিক বাহিনী তার কঠোর জবাব দেবে—এমন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বুধবার (৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত একটি সংবাদ ব্রিফিংয়ে এই কড়া বার্তা প্রদান করেছেন।
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ইরান যদি এই প্রণালিটি বন্ধ করার চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এটাই হচ্ছে অনস্বীকার্য সত্য। তিনি পূর্ববর্তী একটি সমঝোতার প্রসঙ্গে বলেন, আমাদের মধ্যে মূল চুক্তিটি ছিল এমন—আপনারা যদি জাহাজে হামলা চালানো বন্ধ করেন, তাহলে আমরা আমাদের অবরোধ তুলে নেব। কিন্তু যদি আপনারা জাহাজে গুলি বা হামলা চালিয়ে যেতে থাকেন, তাহলে আমরাও পাল্টা আঘাত করব।
গত রাতে ঘটে যাওয়া একটি হামলায় ইঙ্গিত করে ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেন, তারা চাইলে এই নিয়ম মেনে চলতে পারে। অন্যথায়, তারা গত রাতে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, ঠিক একই পরিস্থিতির পুনরাবৃত্তির সম্মুখীন হবে। যতক্ষণ না তারা সেই নৌপথকে উন্মুক্ত করছে এবং জাহাজে হামলা চালানো বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যবস্থা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার মন্তব্য করেছেন যে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য আগের বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন ও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। সাক্ষাতে আলোচনা হয়েছে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান, কৃষি, ডেইরি, পোলট্রি, মৎস্য এবং ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নারীরা যেন তাদের হাতে তৈরি পণ্যসমূহ পাকিস্তানে কোনো বাধা ছাড়াই রপ্তানি করতে পারে, সে বিষয়ে পাকিস্তানের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির আহ্বান জানান পাকিস্তানকে। পাকিস্তানের হাইকমিশনার এসময় উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য আগের বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং তা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন। তিনি জানান, পাকিস্তানে বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে। এই সুযোগ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানান। হাইকমিশনার বলেন, সম্প্রতি বাংলাদেশের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে উচ্চ শিক্ষার জন্য পাকিস্তানে গেছেন। এছাড়া, বাংলাদেশ সিভিল সার্ভিসের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের একটি দল অ্যাকাডেমিক প্রশিক্ষণের জন্য পাকিস্তান সফর করেছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময়ে মন্ত্রী দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের পরিমাণ বৃদ্ধি করার আহ্বান জানালে, পাকিস্তানের হাইকমিশনার স্কলারশিপের সংখ্যা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লঘুচাপজনিত অতিবৃষ্টির কারণে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ, মাঠ অথবা বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বুধবার (৮ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। যেসব বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতেও আশ্রয়কেন্দ্র চালু থাকা পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ এবং চলাচলের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব বিদ্যালয়ে অবশ্যই শ্রেণি পাঠদান বন্ধ রাখতে হবে। ইতোমধ্যে যেসব প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার পুরো সময়জুড়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। কোনো অবস্থাতেই অতি উৎসাহী হয়ে জলমগ্ন অথবা ঝুঁকিপূর্ণ কোনো বিদ্যালয়ে পাঠদান চালু রাখা যাবে না।
নির্দেশনাটি চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তারা তাদের আওতাধীন সব উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।
এর আগে তার মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে। এসময় শহরটিতে একটি শোক র্যালির আয়োজন করা হয়ে, যেখানে লাখো অনুসারী যোগ দেন।
বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার ভোর থেকে কড়া নিরাপত্তার মধ্যে শোকযাত্রা শুরু হয়। ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি একটি বিশেষ কাচের বাক্সে বহন করা হয়। হজরত আলি (রা.)-এর পবিত্র মাজারে তার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরদেহ কারবালার উদ্দেশে নেওয়া হয়, যেখানে ইমাম হুসেন (রা.) ও হজরত আব্বাস (রা.)-এর মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হবে।
ইরাকে শোকযাত্রায় অংশ নেওয়া লাখো মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, কালো শোকপতাকা এবং প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা। রাস্তা জুড়ে বুক চাপড়ে মাতম করতে দেখা যায় বহু শোকাহত মানুষকে।
নাজাফ ও কারবালার বিভিন্ন সড়কে শোকযাত্রীদের জন্য স্বেচ্ছাসেবীরা বিনা মূল্যে খাবার ও পানীয় বিতরণ করেন।
খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের এ আয়োজন এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা-পালটা হামলার মধ্যেই এ শোকানুষ্ঠান চলছে। ইরানের কর্মকর্তাদের আশা, বিপুল জনসমাগম দেশটির জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।
ইরাকের নাজাফ শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র নগরী। ইতিহাসের বিভিন্ন সময়ে অসংখ্য শিয়া ধর্মীয় নেতা এখানে শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান করেছেন। তাদের মধ্যে ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিও রয়েছেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শিয়া মুসলিম নাজাফ ও কারবালা সফর করেন।
এদিকে নিরাপত্তাজনিত কারণে খামেনির উত্তরসূরি হিসেবে নির্বাচিত দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি এখনো জনসমক্ষে আসেননি। তবে লিখিত বার্তার মাধ্যমে তিনি দায়িত্ব পালন করে আসছেন বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরাকে লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এই শোকযাত্রা শুধু ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং ইরান-ইরাকের ঘনিষ্ঠ রাজনৈতিক ও আধ্যাত্মিক সম্পর্কেরও প্রতীক। ২০০৩ সালে সাদ্দাম হুসেইনের পতনের পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা লাভ করে, যার প্রতিফলন দেখা যাচ্ছে খামেনির শেষ বিদায়ের এই ঐতিহাসিক আয়োজনে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মন্ত্রণালয় প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুখবর দিয়েছে।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নেওয়া হচ্ছে। এছাড়াও সহকারী শিক্ষকের শূন্য পদসমূহে নিয়োগ কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৮ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এক জরুরি সরকারি পরিপত্র প্রকাশের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালককে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, "দেশের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্য পদসমূহে নতুন নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে।"
মন্ত্রণালয়ের এই নির্দেশনা জারির পর প্রাথমিক শিক্ষা অধিদফতর দ্রুততম সময়ের মধ্যে বিভাগ ও জেলাভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত করে পদোন্নতি ও নতুন নিয়োগের পরবর্তী আনুষ্ঠানিকতা শুরু করবে, বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ