০৯:৩৪ এম
ভারতের দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে পুলিশ মুক্তি দিয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিল্লি পুলিশ তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পরিকল্পনা করেছে। এ তথ্য বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দিল্লি পুলিশের মতে, আইনের ৬৫ ধারা অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দিপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিজেপি অভিযোগ করেছে যে, দিপককে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার অবস্থান সম্পর্কে পুলিশ কোনো তথ্য প্রদান করছে না।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর
দিপকের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব পালনকারী অজিঙ্কা শিন্ডে এএনআইকে জানিয়েছেন, আটকের আট ঘণ্টা পেরিয়ে গেলেও তারা দিপকের অবস্থান সম্পর্কে কিছু জানতে পারেননি। তিনি আরো অভিযোগ করেন, তাকে আইনজীবী কিংবা দলের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। আটক হওয়ার কারণ সম্পর্কেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন শিন্ডে।
শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে নির্ধারিত কর্মসূচির আগে অভিজিৎ দিপককে তার বাসা থেকে আটক করা হয়। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে এআইএসএ নেতা নেহা বোরাকেও আটক করা হয়। উল্লেখ্য, গত ১০ অক্টোবরও নেহা বোরাকে আটক করা হয়েছিল, তবে পরে তাকে মুক্তি দেওয়া হয়।
এদিকে, সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তারা বর্তমানে পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।
নয়াদিল্লিতে ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন অভিজিৎ দিপক। শুক্রবার বিকেলে কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান
কিন্তু কর্মসূচির কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ সিজেপি নেতাকে নোটিশ পাঠিয়ে প্রতিবাদ কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, পরে করোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপককে আটক করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন