ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ


বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামে রেলক্রসিংয়ের ওপর একটি বালুবাহী ট্রাক বিকল হয়ে গেলে পাহাড়িকা এক্সপ্রেস নামের একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটি ট্রেনের রাস্তায় বিকল হয়ে যায়, যার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ রোববার (৭ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানাচ্ছে যে, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাক লাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি লাইনের ওপর আটকে যায়। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ঘটনার ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তারা জানিয়েছেন যে, ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী এ বিষয়ে জানান যে, বারৈয়ারহাট রেলক্রসিং এলাকায় বালুবাহী ট্রাকটির কারণে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। ট্রেনটির গতি নিয়ন্ত্রণে থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: পূর্ণিমা রাতে ব্রহ্মপুত্রের তীরে লালনের সুরে মুখরিত ময়মনসিংহ

দুর্ঘটনার পর সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নিতে ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট।

গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ ও ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

এ জন্যে চাহিদা অনুযায়ী মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। তবে, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়।

রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে যশোর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল বলেন, গ্রামাঞ্চলে এখনও পাঁচ থেকে সাত ঘণ্টা লোডশেডিং হচ্ছে। নওয়াপাড়া শিল্পাঞ্চলেও বিদ্যুৎ সংকট রয়েছে।

জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন কোনো বিদ্যুতের ঘাটতি নেই। ঝড়-বৃষ্টি, গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়া কিংবা সঞ্চালন ও বিতরণ লাইনের ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

তবে সেটিকে লোডশেডিং বলা ঠিক নয়।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী জানান, গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট।

দেশে বিদ্যুতের চাহিদা পূরণে সরকার জীবাশ্ন জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বারোপ করেছে।

দেশে ৭ হাজার ৯২৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। এছাড়া ৬৬৫ মেগাওয়াট সম্মিলিত উৎপাদন ক্ষমতাসম্পন্ন মোট ১৫টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রক্রিয়া চলমান। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

মন্ত্রী বলেন, দেশের শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে কার্যক্রম হাতে নিচ্ছে।

জামায়াতের এমপি গোলাম রছুলের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, তাপমাত্রা অত্যাধিক বাড়ার ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়লেও সরকার পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

২০২৬ সালের প্রক্ষেপিত বিদ্যুৎ চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, গ্যাসভিত্তিক, কয়লাভিত্তিক ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসমূহের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ পরিকল্পনার মাধ্যমে নির্ধারিত রক্ষণাবেক্ষণ সম্পন্ন করে বিদ্যুৎ কেন্দ্রসমূহ উৎপাদনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ঘাটতিজনিত কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতাল নিজেই আইসিইউতে: সংসদে সানসিলা জেবরিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


হাসপাতাল নিজেই আইসিইউতে: সংসদে সানসিলা জেবরিন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন মন্তব্য করেছেন যে হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। তিনি রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বৈঠকে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সানসিলা জেবরিন উল্লেখ করেন, “শেরপুরের ১৭ লাখ মানুষের একমাত্র ভরসা হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরতে মহান জাতীয় সংসদে দাঁড়িয়েছি। যে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে।”

তিনি শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা উল্লেখ করে বলেন, “সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, একজন মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে এসে হাসপাতালের বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন কাতরাতে থাকে—বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। যেখানে সিনিয়র কনসালট্যান্টের ১০টির মধ্যে ১০টি পদই শূন্য, সেখানে প্রতিদিন ৭০০ রোগীর চাপ সামলাতে হিমশিম খান চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা। সেখানকার অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু চালক নেই। নয়তলা ভবন রয়েছে কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই।”

এ এমপি বলেন, “করোনাকালীন সময়ে শেরপুর সদর হাসপাতালে প্রায় ১১ কোটি টাকায় একটি আইসিইউ ও সিসিইউ ইউনিট নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমানে শেরপুর সদর হাসপাতালের ইউনিটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় ইউনিটটি এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে। দালাল, চোর, ছিনতাইকারী ও মাদকসেবীদের অপরাধের আখড়ায় পরিণত হয়েছে হাসপাতালের একটি অংশ। পাশেই ময়লার ডাস্টবিনের দুর্গন্ধ সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে।”

তিনি অভিযোগ করেছেন, “২০১৮ সালের পর থেকে এই সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কোনো স্টাফ বা কর্মী নিয়োগ দেওয়া হয়নি। গত আট বছরে ছয়বারের মতো নিয়োগ পরীক্ষার তারিখ দেওয়া হলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে পরীক্ষাটি বারবার পিছিয়ে যায়।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

গত বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াডে ছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা।

তবে রিয়াল মাদ্রিদের জার্সিতে বাজে মৌসুম কাটানোর কারণে আসন্ন বিশ্বকাপের দলে এই মিডফিল্ডারকে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম।

ফলে সতীর্থরা যখন মহাযজ্ঞের মঞ্চে অগ্নিপরীক্ষা দিতে নিজেদের প্রস্তুত করছে, কামাভিঙ্গা নিজেকে ব্যস্ত রেখেছেন ফুটবলের বাইরে ভিন্ন এক ধরনের প্রশিক্ষণে।

২৩ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার সম্প্রতি হার্ভার্ড বিজনেস স্কুলে বিনোদন, মিডিয়া এবং স্পোর্টস ব্যবসা নিয়ে একটি সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করেছেন।

২০২২ বিশ্বকাপ ফাইনালে কামাভিঙ্গা মাত্র ৪৯ মিনিটের জন্য বদলি হিসেবে খেলেছিলেন।

সেই ফাইনালে ফ্রান্স পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে হেরে যায়।

তবে এবার যখন তার সতীর্থরা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ক্যাম্পে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, তখন এই ফরাসি মাত্র পাঁচ মাইল দূরের হার্ভার্ডে পড়াশোনায় ব্যস্ত সময় পার করেছেন।

তিনি হার্ভার্ডে কাটানো সময়ের ছবি এবং তার সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

সেই পোস্টে তার সতীর্থসহ অনেক ফুটবলার মন্তব্য করেন, যার মধ্যে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র।

কামাভিঙ্গা লেখেন, 'কয়েক দিন শেখা, শোনা এবং বেড়ে ওঠা। হার্ভার্ড বিজনেস স্কুলে অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ।'

২০২০ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয় কামাভিঙ্গার।

তিনি এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন এবং সর্বশেষ মার্চে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে দেশাম কামাভিঙ্গাকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করেন।

তিনি বলেন, তার বাজে মৌসুম, কিছু ইনজুরি এবং দলে তীব্র প্রতিযোগিতাই মূল কারণ।

দেশাম আরও বলেন, 'আমি তার সম্ভাবনা বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছি না। তবে সে আমার সিদ্ধান্তে রাগ করতেই পারে, আমি বুঝি।'

কামাভিঙ্গা রিয়াল মাদ্রিদের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।

তবে গত দুই মৌসুম ক্লাবটি কোনো ট্রফি জিততে পারেনি।

তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং অঔরেলিয়ে চুয়ামেনি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলবেন।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসইসি’র নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে ডিএসই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


বিএসইসি’র নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে ডিএসই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাসুদ খান এবং নবনিযুক্ত তিন কমিশনারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।

আজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময়, তারা তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডিএসই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করীম, মুহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, স্নেহাশিস বড়–য়া, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূঁইয়া, মো. সাজেদুল ইসলাম এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে আজ সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত কমিশনের সভা শুরু হয়। সভায়, বিএসইসির সার্বিক কার্যক্রম, দেশের পুঁজিবাজারের উন্নয়নে কমিশনের রোডম্যাপ, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে বিএসইসির কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির একটি প্রতিনিধি দল নবনিযুক্ত কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময়, বিএসইসির চেয়ারম্যান ও সকল কমিশনারের পাশাপাশি, ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে, ডিএসইর পক্ষ থেকে ফুল দিয়ে নবনিযুক্ত কমিশনকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে, দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন সম্ভাবনা এবং বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ জুন মাসুদ খান বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%