সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৩:৫৯ পি.এম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) প্রথমার্ধ সেরা ফিচার রিপোর্টার হলেন বেরোবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য মাসফিকুল হাসান। তিনি "বেরোবি শিক্ষার্থীদের চোখে বাবার ত্যাগ, ভালোবাসা ও প্রেরণার গল্প" এই শিরোনামের ফিচার করে সেরা ফিচার রিপোর্টার হিসেবে মনোনীত হন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে বেরোবিসাসের একযুগ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এ সম্মাননা তুলে দেন। মাসফিকুল হাসান বর্তমানে বেরোবিসাসের একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে কাজ করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী।
তিন ক্যাটাগরিতে তিনজনকে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। অনুসন্ধানী, ফিচার এবং বর্ষসেরা ভিডিও রিপোর্টার এই তিন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত ছয় মাসের করা ২০২৬-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিবেদনে বিচারকের রায়ে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কৃতদের মধ্যে ফিচারে পুরস্কার পেয়েছেন মাসফিকুল হাসান । এছাড়া অনুসন্ধানী পুরষ্কার সাজ্জাদুর রহমান ও ভিডিও রিপোর্টার হিসেবে রিপন আহমেদ এ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়।
সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন - বেরোবিসাসের সভাপতি ও এশিয়া পোষ্ট এর প্রতিনিধি মোঃ আবু সাঈদ, এনটিভি বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবুল খায়ের জায়ীদ (বেরোবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক)।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ক্যাম্পাসের দর্পণ। একজন শিক্ষার্থী হিসেবে তথ্যকে সবসময় ইতিবাচকভাবে তুলে ধরতে হবে। এছাড়া তাদের উচিত বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিং করা।
বেরোবিসাস এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন - বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাইদ, ডেইলি ক্যাম্পাসের বেরোবি প্রতিনিধি কামরুজ্জামান পুলক (বেরোবিসাসের সাধারণ সম্পাদক )। আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন আলী, বেগম, বেরোবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের জায়ীদ সহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।
বর্ষসেরা ফিচার লেখকের পুরস্কার গ্রহণের পর সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে মাসফিকুল হাসান বলেন, বর্ষসেরা ফিচার লেখকের এই সম্মাননা পাওয়ায় আমি সাংবাদিক সমিতির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমন স্বীকৃতি আমাদের আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। ক্যাম্পাস সাংবাদিকতা ক্ষমতা কিংবা আর্থিক লাভের জায়গা নয়; বরং ক্যাম্পাসের সমস্যা, সম্ভাবনা, আয়োজন ও অর্জনগুলো তুলে ধরতে ভালো লাগে বলেই এই পেশার সঙ্গে যুক্ত হওয়া। নিয়মিত কাজ করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, যা ধীরে ধীরে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করে। আশা করি, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা করতে উৎসাহিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের আসন্ন নির্বাচনের পূর্বে ইরানে হামলার কোনো পরিকল্পনা নেই, এমনটি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি ইরান ইস্যুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান আইয়াল জামিরের মধ্যে বিরোধের খবরও নাকচ করেছেন।
কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ইরান ইস্যুতে রাজনৈতিক নেতৃত্ব এবং ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে মতপার্থক্য নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
তিনি আরও বলেন, "আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, ইসরাইলের নির্বাচনের আগে ইরানে হামলা শুরু করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা ইসরাইলের ছিল না।" কাৎজ জানান, ইরান যদি ইসরাইলে হামলা চালায়, তবে দেশটি যে অত্যন্ত শক্তিশালী জবাব দেবে, তা স্পষ্ট করে জানানো হয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রকাশিত সব প্রতিবেদনই সম্পূর্ণ মিথ্যা।
এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান-সংশ্লিষ্ট একটি সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু এবং সেনাপ্রধান জামিরের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ওই অভিযান ইসরাইলের নির্বাচনের আগে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। তবে কাৎজের বক্তব্যে সেই খবর প্রত্যাখ্যান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষিমন্ত্রী হাজি আমিনুর রশিদ ইয়াসিন মন্তব্য করেছেন যে, দেশে সারের সংকট কখনো ছিল না এবং বর্তমানে ও কোনো সংকট নেই। তিনি জানান, বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত বিদ্যমান।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একটি অসাধু চক্র সারের কৃত্রিম সংকট দেখানোর অপচেষ্টা করেছে। তবে এই চেষ্টা করে কোনো লাভ নেই। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুত রয়েছে।’
সারের ডিলারশিপ বিতরণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানান, ডিলারশিপ দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ডিলারশিপ দেয়ার পর ৯০ দিনের মধ্যে যদি কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া যায়, তবে তা পরিবর্তনের সুযোগ রয়েছে এবং বিষয়গুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
মন্ত্রী আমদানি-নির্ভর পণ্যের তালিকা কমে আসার বিষয়টি উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর থেকে কিছু পণ্য ছিল যা প্রতিবছরই আমদানি করতে হয়েছে। তবে এ বছর ব্যতিক্রম ঘটেছে এবং এখন পর্যন্ত সেগুলো আমদানি করার প্রয়োজন পড়েনি।
তিনি জানান, মন্ত্রণালয় কৃষির প্রসারে ইতিবাচক ও ভালো কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেছেন যে, ইসরাইলের নির্বাচনের ফলাফলের কারণে ইরানের ওপর কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন।
সোমবার অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বাঘাই উল্লেখ করেন, ‘আমাদের অঞ্চলে যারা কেবল সহিংসতা ও হত্যাকাণ্ডই বয়ে এনেছে, সেই শাসনব্যবস্থার হাল কে ধরল, তাতে আমাদের কিছু যায় আসে না।’
মঙ্গলবারের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি নেতানিয়াহুর লিকুদ পার্টির তুলনায় এগিয়ে রয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের হামলায় অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এসব ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি নিহত হন। এ হত্যাকাণ্ডের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায়। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ বিভিন্ন বসতবাড়ি হামলার শিকার হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা এলাকায় একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এতে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ