০৩:০২ পি.এম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশন সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই সময় নতুন উপাচার্য সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।
সাংবাদিকদের তিনি আরও জানান, ‘শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।’
বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে তিনি ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে এসব কথা বলেন।
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান জানালেন শামা
ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘আমি এই অঞ্চলেরই সন্তান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যা করা প্রয়োজন, আমি তা করার সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।’
এর আগে ক্যাম্পাসে পৌঁছান নবনিযুক্ত উপাচার্য। তার সঙ্গে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন আর রশিদ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।
পরে উপাচার্য ড. এস এম হেমায়েত জাহান আনুষ্ঠানিকভাবে তার কার্যালয়ে প্রবেশ করেন এবং দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আরও পড়ুন: আ.লীগ সন্ত্রাসী সংগঠন, পুলিশের ওপর হামলার ঘটনায় দাবি আবু হানিফের
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
নবনিযুক্ত উপাচার্যের যোগদানের ফলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলোর সমাধান হবে এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন গতি ফিরে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন