১২:৫৩ এম
নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখার পরও যদি মশা, মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে, তাহলে বাড়িতে কিছু গাছ রোপণের মাধ্যমে এই সমস্যা সমাধান করা যেতে পারে। এসব গাছের গন্ধ মশা, মাছি, পিঁপড়া ও অন্যান্য পোকামাকড়কে দূরে রাখার ক্ষেত্রে সহায়ক।
পুদিনা পাতা
পুদিনা গাছ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি বাড়ি থেকে পোকামাকড় দূরে রাখতেও কার্যকর। পুদিনা পাতার শক্তিশালী শীতল গন্ধ পিঁপড়া, মাকড়সা এবং মশার মতো পোকামাকড়ের আনাগোনা কমাতে সাহায্য করে। একটি ছোট পাত্রে পুদিনা পাতা বসিয়ে বাড়ির দরজা, জানালা অথবা বারান্দার কাছে রাখা যেতে পারে। পুদিনা পাতা দ্রুত বেড়ে ওঠে এবং এর একটি ছোট ডাল লাগালে সহজেই আরও অনেক গাছ তৈরি করা সম্ভব।
আরও পড়ুন: লিলির নতুন গ্লো সোপের উদ্বোধন, ত্বকের যত্নে সিরামের গুণ
গাঁদা গাছ
ছাদ বাগান কিংবা বারান্দায় হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল গাছ দেখতে অত্যন্ত সুন্দর। এই ফুলের বিশেষ গন্ধ কিছু ক্ষতিকর কীটপতঙ্গকে দূরে রাখে। বিশেষ করে গাঁদা গাছ বাড়িতে থাকলে সাদামাছি এবং গাছপালার ক্ষতি করে এমন পোকামাকড় দূরে থাকে। পর্যাপ্ত সূর্যের আলো পেলে গাঁদা গাছে প্রচুর ফুল ফোটে।
তুলসী গাছ
ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছ দেবী রূপে পূজিত হয় এবং এটি অনেকের বাড়িতে পাওয়া যায়। পুজোর পাশাপাশি স্বাস্থ্য উপকারিতার জন্যও তুলসী গাছ রোপণ করা হয়। এই গাছের শক্তিশালী সুগন্ধ কিছু পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে। তুলসীপাতায় থাকা প্রাকৃতিক তেলের গন্ধ মশা সহ অন্যান্য পোকামাকড়ের জন্য অপ্রিয়। তুলসী গাছ বাড়ির উঠোন, বারান্দা বা জানালার কাছে রাখা যেতে পারে, তবে এর জন্য সূর্যের আলো ও জল অপরিহার্য।
আরও পড়ুন: সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে বাংলাদেশি পর্যটকরা আর্কটিক ও অ্যান্টার্কটিকায় অভিযানে যাচ্ছেন
লেমন গ্রাস
যদি বাড়িতে মশার ব্যাপক উপদ্রব থাকে, তাহলে লেমন গ্রাস লাগানো যেতে পারে। এই গাছের পাতা থেকে বের হওয়া লেবুর মতো গন্ধ মশা ও অন্যান্য পোকামাকড়ের উৎপাত কমায়। বাড়িতে এই গাছ লাগালে মশার উপদ্রব কমে যায়। লেমন গ্রাস থেকে তৈরি সুগন্ধি তেল এবং মশা প্রতিরোধক পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। এই গাছটি বাড়ির বারান্দা বা উঠোনে রোপণ করা যেতে পারে, এবং এর জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন।
ল্যাভেন্ডার গাছ
ল্যাভেন্ডারের সুন্দর সুগন্ধ ও বেগুনি রঙ এটিকে অন্যান্য গাছের থেকে আলাদা করে। ল্যাভেন্ডারের গন্ধ অনেক পোকামাকড় পছন্দ করে না, তাই বাড়িতে এই গাছ থাকলে এর গন্ধ পেয়ে মশা, মাছি ও অন্যান্য পতঙ্গ দূরে চলে যায়। এই গাছটি বাড়ির বারান্দা, জানালা অথবা প্রধান গেটের সামনে বসানো যেতে পারে। ল্যাভেন্ডার গাছ সূর্যের আলো পছন্দ করে, তাই এটি এমন স্থানে রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায়। এছাড়া এই গাছের মাটির জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকা জরুরি।
আরও পড়ুন: প্রস্রাব ঘোলাটে হলে জানুন সম্ভাব্য কারণ ও চিকিৎসকের পরামর্শের গুরুত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন