প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরার পরিকল্পনা ছিল তাঁর, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বমি করতে শুরু করেন। পরে তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই কারণে তাঁর দেশে ফেরার যাত্রা স্থগিত করা হয়েছে।
ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সিঙ্গাপুর শাখার উপদেষ্টা মো. বাবুল খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে পৌঁছানোর পর ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালেই অবস্থান করছেন।
রোববার দুপুরে, তাঁর ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাবার অসুস্থতার খবর জানান। তিনি উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা নির্ধারিত দিনে দেশে ফিরতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।
এছাড়া, ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারের স্ত্রী ও নারী নেত্রী নায়িমা খন্দকার জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও কিছুদিন সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হবে। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
গত ৫ নভেম্বর, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১০ দিন পর, ১৫ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।
ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো নির্বাচিত হন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি দলটির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ওই সময়ে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
কুমিল্লা-১ আসনের এই প্রবীণ রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকেও তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন