ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, নতুন নিয়োগের ঘোষণা


গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, নতুন নিয়োগের ঘোষণা

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.আরিফ-উর-জামান এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিজ লূৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে, এক জেলার ডিসি বদলী করা হয়েছে। দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড,জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে বদলী করা হয়েছে। চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলমগীর কবির। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার ডিসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা প্রশাসন সরকারি ভাবে আলোচনা সভা, র‍্যালি ও নানা কর্মসূচির আয়োজন করে। চুয়াডাঙ্গার প্রশাসকের জেলায় অনুষ্ঠানের ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে বিতর্ক, প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনা ঘটে। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে এ ধরনের ঘটনা ঘটায় একে প্রশাসনের দায়িত্বহীনতার বিষয়টি স্পষ্ট হয়েছে। সেই সাথে মাঠ প্রশাসনে এখনো ফ্যাসিবাদীরা ঘাপটি মেরে বসে আছে সেটি স্পষ্ট হয়েছে। ডিসিদের এমন বিতর্কিত কর্মকান্ডের ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন স্থানীয় বিএনপির নেতারা। গতকাল জনপ্রশাসন থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.আরিফ-উর-জামানকেও অভিযোগের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার

এ ছাড়া, মেজর জেনারেল (অব:) মো.ওয়াহিদ-উজ-জামানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান পদে পদায়ন করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। অপর আদেশে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যারাই সন্ত্রাস করবে, তাদের কঠিন হস্তে দমন হবে: বিএনপি আইনজীবী ফোরামের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ এম


যারাই সন্ত্রাস করবে, তাদের কঠিন হস্তে দমন হবে: বিএনপি আইনজীবী ফোরামের দাবি

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি অনুসারী আইনজীবীদের জাতীয় সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’।

গতকাল রোববার দুপুরে সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল বলেন, "আপনারা দেশে কোনও ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন না। আমরা সুপ্রিমকোর্টের আইনজীবীসহ সারা দেশের আইনজীবীরা আপনাদের সব অপকর্ম বন্ধ করার জন্য সজাগ রয়েছি।"

তিনি আরও জানান, "আমরা বিগত ১৭ বছর রাজপথে ছিলাম। আগামীতেও রাজপথে থাকবো। আমরা সব অপকর্ম কঠিন হাতে দমন করতে প্রস্তুত।"

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, "আপনারা (আইনজীবীরা) সবাই সতর্ক থাকবেন। সারা দেশে আইনজীবী ফোরাম সতর্ক থাকবে। যারাই সন্ত্রাস ও নৈরাজ্য তথা আইনের বাইরে কাজ করবে, তাদের কঠিন হস্তে দমন করা হবে।"

বিক্ষোভ মিছিলে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ শতাধিক আইনজীবী নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতিত আ.লীগ ভারত থেকে দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে :রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ এম


পতিত আ.লীগ ভারত থেকে দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে :রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, পতিত আওয়ামী লীগ প্রতিবেশী দেশ থেকে উসকানি ও ইন্ধন দিয়ে দেশের অভ্যন্তরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবেন যাতে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করা যায়।

গতকাল রোববার রাজধানীর জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, যদিও আওয়ামী লীগের পতন ঘটেছে, তাদের ফ্যাসিবাদী শক্তি এখনও সক্রিয় রয়েছে। তারা দেশের অভ্যন্তরীণ ও বাইরের জায়গা থেকে গোপনে নাশকতা চালানোর চেষ্টা করছে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া, বোমাবাজি এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, প্রতিবেশী দেশ থেকে ইন্ধন নিয়ে শেখ হাসিনার অনুসারীরা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকদের প্রবেশে বাধা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা কখনো সফল হবে না উল্লেখ করে রিজভী বলেন, নাশকতামূলক কার্যক্রমে জড়িত ব্যক্তিরা প্রতিদিন গ্রেফতার হচ্ছে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার দ-ের প্রসঙ্গে তিনি বলেন, পতিত শেখ হাসিনার দ- হয়েছে। তিনি দেশে ফিরে এলে তার দ- বহাল থাকবে এবং কার্যকর করা হবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন যে, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, অপর এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রযুক্তির দ্রুত উৎকর্ষ সাধন সত্ত্বেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে পড়েছে। দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত তথ্যের ফাঁস নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত।

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)’ এই সেমিনারের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যেতে পারত না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং বিদেশেও অসংখ্য দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। রাষ্ট্রের দায়িত্ব হলো এই মেধাবীদের কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। তা না হলে অন্য দেশ আমাদের সব তথ্য পেয়ে নিজেদের মতো করে কলাকৌশল ও পলিসি প্রয়োগের সুযোগ পাবে।

প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।

প্রযুক্তির উৎকর্ষের সাথে নৈতিকতার মেলবন্ধন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের উদাহরণ টেনে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনে। তাই সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কঠোর রেগুলেশন ও আইন প্রণয়ন জরুরি।

সেমিনার শেষে রুহুল কবির রিজভী আয়োজকদের উদ্দেশে বলেন, সেমিনারে উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সারসংক্ষেপ আকারে নীতিনির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো উচিত, যাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বর মাসে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ এম


ডিসেম্বর মাসে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বড় ধরনের কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন এসআরবির কর্মকর্তারা। তারা জানিয়েছেন, "আমরা মাঠে আছি। অন্যান্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি।" দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় গতকাল রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে।

খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, "গত কিছুদিনে খুলনায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।" বিভিন্ন অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। খুলনায় এসআরবির বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন। খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেষ্টা চলছে।

অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা কোনো সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা সম্পর্কে গোয়েন্দা তথ্য জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, "গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কারণ, প্রকাশ করা হলে সেটি আর গোয়েন্দা তথ্য থাকে না।" রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে তিনি জানান, মাঠপর্যায়ে এসআরবির কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। মোবাইল টহল ও ফুট পেট্রোল অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, সেগুলো বিশ্লেষণ করে ওই সময়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিষয়েও নজরদারি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।

এত চেকপোস্ট ও টহলের পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুরো ঢাকা শহরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে রাখা সম্ভব নয়। ঢাকা অনেক বড় একটি শহর।" তবে এসআরবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়ে তিনি জানান, ঘটনাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহী এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যে ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ এম


বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যে ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন

জ্বালানি নিরাপত্তা, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য প্রতিযোগিতা, দক্ষিণ চীন সাগরের বিরোধ এবং মিয়ানমারের গৃহযুদ্ধের মতো একাধিক সংকটের প্রেক্ষাপটে গতকাল শনিবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৯তম সম্মেলন শুরু হয়েছে। মূল শীর্ষ সম্মেলন রোববার থেকে শুরু হয়েছে এবং এটি ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। এতে আসিয়ানের ১১ সদস্যদেশের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপানসহ বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। যদিও বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়, তবে এবারের সম্মেলনের আলোচনাগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ গভীরভাবে জড়িত।

বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাব এবারের সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। ফিলিপিন্সের নেতৃত্বে আয়োজিত সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষার বিষয়েও আলোচনা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবিলায় সদস্যদেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত আসিয়ান বর্তমানে ১১টি দেশ নিয়ে গঠিত। এই দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর। প্রায় ৬৯ কোটি মানুষের এই আঞ্চলিক জোটের সম্মিলিত অর্থনীতি ও বিশাল বাজার আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণের বিষয়টিও সম্মেলনটির ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। ট্রাম্পের আসিয়ান নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ১৭ নভেম্বর।

বাংলাদেশের জন্য এবারের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং শ্রমবাজারের সম্পর্ক ক্রমেই বাড়ছে। একই সঙ্গে মিয়ানমারের চলমান সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশের জন্য সরাসরি জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত। ফলে সম্মেলনে আলোচিত প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুর সঙ্গেই কোনো না কোনোভাবে বাংলাদেশের স্বার্থ জড়িয়ে রয়েছে।

ঢাকা আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক বাড়াতে উদ্যোগী হয়েছে। বাংলাদেশ জোটটির সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত জুনে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জুলাইয়ে ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের এই আগ্রহের পক্ষে সমর্থন চেয়েছেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ফিলিপাইনের কাছেও এ বিষয়ে সহযোগিতা চেয়েছে ঢাকা।

বাণিজ্যের ক্ষেত্রেও আসিয়ান বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার বাজার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আসিয়ানভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৮৮ কোটি ২০ লাখ ডলারের। তবে এসব দেশ থেকে আমদানির তুলনায় রপ্তানি অনেক কম। ফলে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে বিনিয়োগ আকর্ষণের সুযোগ রয়েছে। আরসিইপিতে যুক্ত হতে পারলে আঞ্চলিক সরবরাহব্যবস্থা ও উৎপাদন নেটওয়ার্কে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির রাখাইন রাজ্যের অস্থিতিশীলতা এবং সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হচ্ছে না। প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করছে। মিয়ানমার সংকট সমাধানে আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবারের সম্মেলনে পর্যালোচনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাশিত ফল দিতে পারেনি। বাংলাদেশের প্রত্যাশা, আসিয়ান মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

এদিকে দক্ষিণ চীন সাগরের বিরোধও সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। চীন ও আসিয়ানের কয়েকটি সদস্যদেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিরোধ নিষ্পত্তিতে আচরণবিধি বা কোড অব কন্ডাক্ট চূড়ান্ত করার আলোচনা চলছে। অন্যদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বিরোধ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং ইন্দোনেশিয়ার দাবানল থেকে সৃষ্ট আন্তসীমান্ত ধোঁয়া নিয়েও উদ্বেগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, এবারের সম্মেলনের সিদ্ধান্তগুলো বাংলাদেশের জন্য সরাসরি বাধ্যতামূলক না হলেও আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ, বিনিয়োগ ও নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব পড়বে। বিশেষ করে আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক সমর্থন আদায়ে সম্মেলনটি বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ। সদস্যপদের বাইরে থেকেও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই জোটের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা এখন ঢাকার অন্যতম কৌশলগত অগ্রাধিকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%