ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পতিত আ.লীগ ভারত থেকে দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে :রিজভী


পতিত আ.লীগ ভারত থেকে দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে :রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, পতিত আওয়ামী লীগ প্রতিবেশী দেশ থেকে উসকানি ও ইন্ধন দিয়ে দেশের অভ্যন্তরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবেন যাতে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করা যায়।

গতকাল রোববার রাজধানীর জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, যদিও আওয়ামী লীগের পতন ঘটেছে, তাদের ফ্যাসিবাদী শক্তি এখনও সক্রিয় রয়েছে। তারা দেশের অভ্যন্তরীণ ও বাইরের জায়গা থেকে গোপনে নাশকতা চালানোর চেষ্টা করছে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া, বোমাবাজি এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা চলছে।

আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, প্রতিবেশী দেশ থেকে ইন্ধন নিয়ে শেখ হাসিনার অনুসারীরা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকদের প্রবেশে বাধা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা কখনো সফল হবে না উল্লেখ করে রিজভী বলেন, নাশকতামূলক কার্যক্রমে জড়িত ব্যক্তিরা প্রতিদিন গ্রেফতার হচ্ছে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার দ-ের প্রসঙ্গে তিনি বলেন, পতিত শেখ হাসিনার দ- হয়েছে। তিনি দেশে ফিরে এলে তার দ- বহাল থাকবে এবং কার্যকর করা হবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন যে, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হুথিদের সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি

এদিকে, অপর এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রযুক্তির দ্রুত উৎকর্ষ সাধন সত্ত্বেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে পড়েছে। দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত তথ্যের ফাঁস নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত।

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)’ এই সেমিনারের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যেতে পারত না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং বিদেশেও অসংখ্য দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। রাষ্ট্রের দায়িত্ব হলো এই মেধাবীদের কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। তা না হলে অন্য দেশ আমাদের সব তথ্য পেয়ে নিজেদের মতো করে কলাকৌশল ও পলিসি প্রয়োগের সুযোগ পাবে।

প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।

আরও পড়ুন: জনগণ ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে: বিক্ষোভে বক্তাদের অঙ্গীকার

প্রযুক্তির উৎকর্ষের সাথে নৈতিকতার মেলবন্ধন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের উদাহরণ টেনে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনে। তাই সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কঠোর রেগুলেশন ও আইন প্রণয়ন জরুরি।

সেমিনার শেষে রুহুল কবির রিজভী আয়োজকদের উদ্দেশে বলেন, সেমিনারে উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সারসংক্ষেপ আকারে নীতিনির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো উচিত, যাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: গোপালগঞ্জে তিন থানার ওসি বদলি, আইনশৃঙ্খলা রক্ষার উদ্যোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বর মাসে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ এম


ডিসেম্বর মাসে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বড় ধরনের কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন এসআরবির কর্মকর্তারা। তারা জানিয়েছেন, "আমরা মাঠে আছি। অন্যান্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি।" দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় গতকাল রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে।

খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, "গত কিছুদিনে খুলনায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।" বিভিন্ন অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। খুলনায় এসআরবির বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন। খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেষ্টা চলছে।

অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা কোনো সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা সম্পর্কে গোয়েন্দা তথ্য জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, "গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কারণ, প্রকাশ করা হলে সেটি আর গোয়েন্দা তথ্য থাকে না।" রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে তিনি জানান, মাঠপর্যায়ে এসআরবির কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। মোবাইল টহল ও ফুট পেট্রোল অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, সেগুলো বিশ্লেষণ করে ওই সময়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিষয়েও নজরদারি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।

এত চেকপোস্ট ও টহলের পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুরো ঢাকা শহরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে রাখা সম্ভব নয়। ঢাকা অনেক বড় একটি শহর।" তবে এসআরবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়ে তিনি জানান, ঘটনাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহী এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যে ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ এম


বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যে ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন

জ্বালানি নিরাপত্তা, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য প্রতিযোগিতা, দক্ষিণ চীন সাগরের বিরোধ এবং মিয়ানমারের গৃহযুদ্ধের মতো একাধিক সংকটের প্রেক্ষাপটে গতকাল শনিবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৯তম সম্মেলন শুরু হয়েছে। মূল শীর্ষ সম্মেলন রোববার থেকে শুরু হয়েছে এবং এটি ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। এতে আসিয়ানের ১১ সদস্যদেশের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপানসহ বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। যদিও বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়, তবে এবারের সম্মেলনের আলোচনাগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ গভীরভাবে জড়িত।

বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাব এবারের সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। ফিলিপিন্সের নেতৃত্বে আয়োজিত সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষার বিষয়েও আলোচনা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবিলায় সদস্যদেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত আসিয়ান বর্তমানে ১১টি দেশ নিয়ে গঠিত। এই দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর। প্রায় ৬৯ কোটি মানুষের এই আঞ্চলিক জোটের সম্মিলিত অর্থনীতি ও বিশাল বাজার আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণের বিষয়টিও সম্মেলনটির ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। ট্রাম্পের আসিয়ান নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ১৭ নভেম্বর।

বাংলাদেশের জন্য এবারের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং শ্রমবাজারের সম্পর্ক ক্রমেই বাড়ছে। একই সঙ্গে মিয়ানমারের চলমান সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশের জন্য সরাসরি জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত। ফলে সম্মেলনে আলোচিত প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুর সঙ্গেই কোনো না কোনোভাবে বাংলাদেশের স্বার্থ জড়িয়ে রয়েছে।

ঢাকা আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক বাড়াতে উদ্যোগী হয়েছে। বাংলাদেশ জোটটির সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত জুনে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জুলাইয়ে ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের এই আগ্রহের পক্ষে সমর্থন চেয়েছেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ফিলিপাইনের কাছেও এ বিষয়ে সহযোগিতা চেয়েছে ঢাকা।

বাণিজ্যের ক্ষেত্রেও আসিয়ান বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার বাজার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আসিয়ানভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৮৮ কোটি ২০ লাখ ডলারের। তবে এসব দেশ থেকে আমদানির তুলনায় রপ্তানি অনেক কম। ফলে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে বিনিয়োগ আকর্ষণের সুযোগ রয়েছে। আরসিইপিতে যুক্ত হতে পারলে আঞ্চলিক সরবরাহব্যবস্থা ও উৎপাদন নেটওয়ার্কে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির রাখাইন রাজ্যের অস্থিতিশীলতা এবং সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হচ্ছে না। প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করছে। মিয়ানমার সংকট সমাধানে আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবারের সম্মেলনে পর্যালোচনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাশিত ফল দিতে পারেনি। বাংলাদেশের প্রত্যাশা, আসিয়ান মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

এদিকে দক্ষিণ চীন সাগরের বিরোধও সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। চীন ও আসিয়ানের কয়েকটি সদস্যদেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিরোধ নিষ্পত্তিতে আচরণবিধি বা কোড অব কন্ডাক্ট চূড়ান্ত করার আলোচনা চলছে। অন্যদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বিরোধ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং ইন্দোনেশিয়ার দাবানল থেকে সৃষ্ট আন্তসীমান্ত ধোঁয়া নিয়েও উদ্বেগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, এবারের সম্মেলনের সিদ্ধান্তগুলো বাংলাদেশের জন্য সরাসরি বাধ্যতামূলক না হলেও আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ, বিনিয়োগ ও নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব পড়বে। বিশেষ করে আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক সমর্থন আদায়ে সম্মেলনটি বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ। সদস্যপদের বাইরে থেকেও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই জোটের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা এখন ঢাকার অন্যতম কৌশলগত অগ্রাধিকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবির ‘সঞ্চারী’ বাসে ইট নিক্ষেপ, পুলিশে হেফাজতে দুই অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ এম


ইবির ‘সঞ্চারী’ বাসে ইট নিক্ষেপ, পুলিশে হেফাজতে দুই অভিযুক্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঝিনাইদহ রুটে চলাচলকারী ডাবল ডেকার বাস ‘সঞ্চারী’তে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক বাসটি লক্ষ্য করে ইট ছুঁড়ে মারেন। এতে চালকের পাশের জানালার কাচ ভেঙে যায়। অল্পের জন্য রক্ষা পান বাস চালক ও শিক্ষার্থীরা।

রোববার (১৫ নভেম্বর) রাতে ঝিনাইদহের ভাটই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভাটই বাজার এলাকা পার করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুই আরোহীর একটি মোটরসাইকেল বাসটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। রাস্তার নির্মাণকাজ চলমান থাকায় এক পাশের লেন বন্ধ থাকায় মোটরসাইকেলটি বাসের পাশে ধাক্কা লেগে বালুর ওপর পড়ে যায়। পরে আরোহীরা উঠে বাসকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায়।

বাসটির চালক মিথুন বলেন, ‘আমি চলাচলের নির্ধারিত লেন দিয়ে যাচ্ছিলাম। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসছিল। মোটরসাইকেলটি বালুতে পড়ে যাওয়ার পর আরোহীরা উঠে আমার দিকে ইট ছুঁড়ে মারে। পরে আমি সামনে গিয়ে বাস থামাই। তখন শিক্ষার্থীরা তাদের আটক করতে গেলে চেষ্টা করলে পালানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দুই কিশোরকে পুলিশি হেফাজতে দেয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের কর্মকর্তারা জানান, ঘটনার পর বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় যুবকদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শৈলকূপা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদের নিয়ে বাসটি ক্যাম্পাসের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে বাসটি ক্যাম্পাসে পৌঁছায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, জানতে পেরেছি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের আরোহীরা ক্ষিপ্ত হয়ে বাস লক্ষ্য করে ইট ছুঁড়ে। এতে আমাদের শিক্ষার্থীরাও ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে আটক করে। ফলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রক্টরের তৎপরতায় শৈলকূপা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহীরা পড়ে যান। পরে তারা উঠে বাস লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে বাসের একটি জানালার কাঁচ ভেঙে যায়।

পুলিশ বরাত তিনি বলেন, বর্তমানে ওই দুই কিশোর ও মোটরসাইকেলটি শৈলকূপা থানা-পুলিশের হেফাজতে রয়েছে। আগামীকাল এ বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় ৪৭০০ কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি:

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ এম


নকলায় ৪৭০০ কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ

শেরপুরের নকলায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরে মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ও শেরপুর জেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন সাঈদী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার কৃষক-কৃষানী ও উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, উপজেলার ৪ হাজার ৭০০ জন কৃষকের মাঝে প্রতি জনে ১ কে.জি করে সরিষা বীজ, ১০ কে.জি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কে.জি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হচ্ছে। আগামী দুই-তিন দিনের মধ্যে সকল বিতরণ কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান। বিতরণকৃত এসব সরিষা বীজ ও সার কৃষকের মাঠে যথাযথ ব্যবহার হলে নকলা উপজেলার কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি সরিষার উৎপাদন বৃদ্ধি হবে; এতেকরে কৃষি অর্থনীতি অধিক সমৃদ্ধ হবে বলে তিনি আশাব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%