ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পেল ৮৪২ শিক্ষার্থী


মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পেল ৮৪২ শিক্ষার্থী

মুন্সীগঞ্জে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে জেলায় মোট ৮৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৬১ জন এবং সাধারণ গ্রেডে ৪৮১ জন শিক্ষার্থী রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে জানা গেছে, উপজেলা ভিত্তিক ফলাফলে মুন্সীগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১১৫ জন এবং সাধারণ গ্রেডে ১৬০ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি সিরাজদিখান উপজেলায় ১৩৯ জন (ট্যালেন্টপুলে ৬৪ জন, সাধারণ গ্রেডে ৭৫ জন), শ্রীনগরে ১৩৩ জন (ট্যালেন্টপুলে ৫৫ জন, সাধারণ গ্রেডে ৭৮ জন), টঙ্গিবাড়ীতে ১০৬ জন (ট্যালেন্টপুলে ৪৬ জন, সাধারণ গ্রেডে ৬০ জন), লৌহজংয়ে ৯৮ জন (ট্যালেন্টপুলে ৪৪ জন, সাধারণ গ্রেডে ৫৪ জন) এবং গজারিয়ায় ৯১ জন (ট্যালেন্টপুলে ৩৭ জন, সাধারণ গ্রেডে ৫৪ জন) শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

এদিকে জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ইয়াজউদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এই ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলায় শীর্ষস্থান অর্জন করেছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ফলাফল প্রকাশের পর অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখতে নিয়মিত অধ্যবসায়, মানসম্মত শিক্ষা কার্যক্রম এবং সবার সম্মিলিত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে শিশু মৃত্যুর ঘটনায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর, চিকিৎসককে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


নাটোরে শিশু মৃত্যুর ঘটনায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর, চিকিৎসককে মারধর

নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে নবজাতকের মৃত্যুতে অসন্তুষ্ট স্বজন ও জনতা হামলা চালিয়ে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাবুজ্জামানকে আক্রমণ করে। হামলার সময় হাসপাতালে অবস্থিত গ্লাস ভাঙচুর করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত সন্তানটি জন্ম দিয়েছেন রুমা খাতুন। অন্যদিকে, শিশুটির পরিবারের দাবি, তারা জীবিত শিশুর জন্ম দিয়েছেন।

নবজাতকের মৃত্যুর কারণে চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আক্রমণের শিকার হন ডা. শাহাবুজ্জামান। পরে পুলিশ এসে তাকে নিরাপদ আশ্রয়ে নেয়। এ সময় বিক্ষুদ্ধ জনতারা হাসপাতালের গ্লাস ভাঙচুর করে।

সদর উপজেলার আগদিঘা গ্রামের রিকশা চালক বাবু হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমা খাতুনকে নিয়ে শনিবার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদের বাড়ি পাঠিয়ে দেয়। রোববার প্রসূতির পুনরায় ব্যথা শুরু হলে সকালে আবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় অপেক্ষার পর রুমা খাতুন ছেলে সন্তান জন্ম দেন।

নবজাতকের জন্মের পর শ্বাসকষ্ট দেখা দিলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকেরা শিশুটিকে সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু অক্সিজেন ছাড়াই শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হলে শিশুটি মারা যায়। এ ঘটনার বিচার দাবি করেছেন পরিবার।

নবজাতকের বাবা বাবু হোসেন জানান, অক্সিজেন ছাড়াই তার সন্তানকে হাসপাতালে পাঠানো হয়েছিল। নবজাতকের মা রুমা খাতুন জানায়, সকাল ৯টার দিকে তারা হাসপাতালে এসেছিলেন কিন্তু ডাক্তাররা হাসপাতালে ছিলেন না। ১০টার পরে তাকে অপারেশন থিয়েটারে নরমাল ডেলিভারি করানো হয়। তার সন্তান সেসময় শ্বাস নিচ্ছিল।

নাটোর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাবুজ্জামান বলেন, নবজাতক পেটের ভিতরে উল্টো অবস্থায় থাকায় মৃত অবস্থায় জন্ম নেয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, এই ঘটনায় নবজাতকের বাবা বাবু হোসেন নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা মোকাবিলায় ১৬১টি টেকনিক্যাল স্কুল ও কলেজের মালামাল নিরাপদ স্থানে সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


বন্যা মোকাবিলায় ১৬১টি টেকনিক্যাল স্কুল ও কলেজের মালামাল নিরাপদ স্থানে সরানোর নির্দেশ

 দেশের চলমান বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কার কারণে কারিগরি শিক্ষা অধিদপ্তর ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রাতিষ্ঠানিক সম্পদ রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।

আজ রোববার অধিদপ্তরের ভোকেশনাল-১ শাখার এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশে টানা বৃষ্টির কারণে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বিভিন্ন পয়েন্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর, ফেনী ও নোয়াখালীর নদ-নদীতে পানি দ্রুত বাড়তে শুরু করেছে, ফলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, দেশের বেশিরভাগ নদ-নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।

এই আকস্মিক দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ৪টি জরুরি নির্দেশনা অবিলম্বে প্রতিপালন করতে করা হয়েছে অধ্যক্ষদের প্রতি।

নির্দেশনায় বলা হয়েছে, বন্যার পানি প্রবেশের আশঙ্কাকে মাথায় রেখে ল্যাবরেটরির মূল্যবান বৈজ্ঞানিক ও কারিগরি যন্ত্রপাতি, কম্পিউটার, লাইব্রেরির বই, ছাত্র-ছাত্রীদের আসবাবপত্র এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র দ্রুততার সঙ্গে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় নিরাপদ স্থানে স্থানান্তর করা আবশ্যক।

দুর্যোগকালীন সময়ে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি প্রয়োজন বা চিকিৎসাজনিত কারণ ছাড়া অন্য কোনো প্রকারের ঐচ্ছিক ছুটি প্রদান করা যাবে না। সমস্ত সংশ্লিষ্টদের সার্বক্ষণিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে স্থানীয়ভাবে একটি 'জরুরি দুর্যোগ মোকাবিলা সেল' গঠন করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো জরুরি অবস্থার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন এবং বিভাগীয় আঞ্চলিক পরিচালকের কার্যালয়কে অবহিত করতে হবে।

নির্দেশনায় আরো উল্লেখ করা হয়েছে, স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বন্যা উপদ্রুত এলাকার প্রতিষ্ঠানসমূহকে সাময়িকভাবে স্থানীয় জনগণের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনের অপরাধে পাকুন্দিয়ায় যুবক দণ্ডিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


মাদক সেবনের অপরাধে পাকুন্দিয়ায় যুবক দণ্ডিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে ২৮ বছর বয়সী সুজন নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তাকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

সুজনের বিরুদ্ধে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার সম্মানিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত সুজন আলমগীর ও সালমা বেগম দম্পতির ছেলে। পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি জানান, সুজন দীর্ঘদিন ধরে টাকা ছাড়া বাবামায়ের সাথে খারাপ আচরণ করতেন।

তিনি বলেন, "টাকা না পেলে ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন।" এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযানে যায়।

অভিযানের সময় সুজনকে নিজের ঘরে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা প্রদান করেন। রুপম দাস জানান, "মাদক সেবন করে জনশৃঙ্খলা নষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই সাজা দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ তিনজন দণ্ডিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ তিনজন দণ্ডিত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানের মধ্যে পড়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানসহ তিনজনকে আটক করে পুলিশ। ইয়াবা সেবনের অভিযোগে এই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

রবিবার (১২ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এই দণ্ডাদেশ দেন। আদালত সূত্র থেকে জানা যায়, শনিবার (১১ জুলাই) হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার ও পূর্ব গোবরাকুড়া এলাকায় পুলিশের একটি বিশেষ দল পরিচালনা করে মাদকবিরোধী অভিযান। এই অভিযানের সময় ইয়াবা সেবনের অভিযোগে আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ এবং নবী হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের ডোপ টেস্ট করার পর মাদক সেবনের সংশ্লিষ্টতা প্রমাণ হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের দণ্ড প্রদান করা হয়।

রায়ে আনিসুর রহমানকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, আরিফুল ইসলাম আকাশ এবং নবী হোসেনকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%