০৭:২৭ পি.এম
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানের মধ্যে পড়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানসহ তিনজনকে আটক করে পুলিশ। ইয়াবা সেবনের অভিযোগে এই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
রবিবার (১২ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এই দণ্ডাদেশ দেন। আদালত সূত্র থেকে জানা যায়, শনিবার (১১ জুলাই) হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার ও পূর্ব গোবরাকুড়া এলাকায় পুলিশের একটি বিশেষ দল পরিচালনা করে মাদকবিরোধী অভিযান। এই অভিযানের সময় ইয়াবা সেবনের অভিযোগে আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ এবং নবী হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের ডোপ টেস্ট করার পর মাদক সেবনের সংশ্লিষ্টতা প্রমাণ হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের দণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
রায়ে আনিসুর রহমানকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, আরিফুল ইসলাম আকাশ এবং নবী হোসেনকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন