ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় ৮ লাখ মানুষ, সাধারণ ধর্মঘটের হুঁশিয়ারি


ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় ৮ লাখ মানুষ, সাধারণ ধর্মঘটের হুঁশিয়ারি

ফ্রান্সজুড়ে টানা দ্বিতীয় সপ্তাহান্তে ব্যাপক বিক্ষোভে লাখো মানুষ অংশগ্রহণ করেছেন। শনিবার দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব বিক্ষোভের অধিকাংশই ছিল শান্তিপূর্ণ। তবে কিছু স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদিন দেশজুড়ে প্রায় এক হাজার মানুষকে আটক করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ফ্রান্সজুড়ে ৪ লাখ ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এর মধ্যে রাজধানী প্যারিসে প্রায় ১ লাখ ১০ হাজার বিক্ষোভকারী ছিলেন। গত সপ্তাহান্তেও রাজধানীতে প্রায় একই সংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

বিক্ষোভকারীরা দেশের শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

অন্যদিকে, ট্রেড ইউনিয়নগুলোর হিসাব অনুযায়ী, শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে অংশগ্রহণকারী সংখ্যা ছিল প্রায় ৮ লাখ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, গত সপ্তাহের বিক্ষোভে ৩৮৫ জনকে আটক করা হয়েছিল। এবার আটক করা হয়েছে প্রায় এক হাজার মানুষকে। সাংবাদিকদের তিনি বলেন, "প্যারিসে বড় একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে, যা শান্তিপূর্ণ ছিল। দেশের অন্যান্য স্থানে অনুষ্ঠিত অধিকাংশ মিছিলও শান্তিপূর্ণ ছিল।"

তবে, বিক্ষোভকারীদের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান নুনেজ। তিনি বলেন, অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে মিছিল নিয়ে যাওয়া কিংবা শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হওয়া থেকে বিক্ষোভকারীদের বিরত রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কিছু শহরে সীমিত পরিসরে ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। তবে গত সপ্তাহের তুলনায় এসব ঘটনা অনেক কম ছিল। গত সপ্তাহান্তে পৌরসভা কার্যালয় ও থানার মতো সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটলেও এবার এ ধরনের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হয়নি বলে তিনি জানান।

আরও পড়ুন: ‘নেতানিয়াহু সরকারের প্রতি আস্থার অভাব’, বুথফেরত জরিপে মন্তব্য আইজেনকোটের

তবে নিরাপত্তা বাহিনীকে ‘অত্যন্ত উচ্চমাত্রার সহিংসতার’ মুখোমুখি হতে হয়েছে বলে দাবি করেন নুনেজ। তিনি বলেন, বিক্ষোভকারীরা ক্রমাগত বিভিন্ন বস্তু ছুড়েছেন এবং আতশবাজি নিক্ষেপ করেছেন। লুটপাট ঠেকাতে শনিবার গভীর রাত পর্যন্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখার কথাও জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভ নিয়ন্ত্রণে শনিবার দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। দ্বিতীয় দফার এই বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গত শনিবার ফ্রান্সের রাজপথে পাঁচ লাখেরও বেশি মানুষ নেমেছিলেন। সেই অভিজ্ঞতার পর এবার বিশেষায়িত পুলিশ ইউনিট, হেলিকপ্টার, সাঁজোয়া যান, পুলিশ কুকুর ও জলকামান প্রস্তুত রাখা হয়।

প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মার্সেইয়ে লুটপাটের ঘটনা ঘটেছে। সিএনএনের ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীদের তথ্য অনুযায়ী, প্যারিসে শান্তিপূর্ণ মিছিল শেষ হওয়ার পর কয়েক হাজার বিক্ষোভকারী পুলিশের মুখোমুখি হন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিলটির শেষ গন্তব্য ছিল পোর্ত দে ভিনসেন। সেখানেই সংঘর্ষের সূত্রপাত হয়।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ করেন। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

সিএনএনের ফরাসি সহযোগী সংবাদমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা ঘটেছে। একটি গয়নার দোকানের জানালা ভাঙচুর করা হয়। একটি সুপারমার্কেটেও লুটপাট চালানো হয়েছে।

দেশটির আটলান্টিক উপকূলীয় শহর বোর্দোতেও বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের চিত্র দেখা গেছে। শহরের বিখ্যাত প্লাস দে লা বুর্স চত্বরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ছড়িয়ে পড়া কাঁদানে গ্যাসের মধ্যে মুখোশ পরা কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে দেখা যায়।

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

এদিকে নিস শহরে শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর উগ্র ডানপন্থী কয়েক ডজন কর্মী হামলা চালিয়েছেন বলে জানিয়েছে বিএফএমটিভি।

৫ নভেম্বর সাধারণ ধর্মঘটের হুঁশিয়ারি

ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দল লা ফ্রঁস ইনসুমিজের নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের দাবির বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাড়া না দিলে আগামী ৫ নভেম্বর দেশজুড়ে শিল্প খাতে ধর্মঘট অনুষ্ঠিত হবে।

শনিবার প্যারিসের বিক্ষোভে অংশ নিয়ে বিএফএমটিভিকে তিনি বলেন, "সিজিটি ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘট আগামী ৫ নভেম্বর সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।"

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কোফলারের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড পরিদর্শন

ইউরোপের অন্যান্য দেশেও বিক্ষোভ

ফ্রান্সের বিভিন্ন শহরে যখন সরকারবিরোধী বিক্ষোভ চলছিল, তখন ইউরোপের আরও কয়েকটি দেশেও একই ধরনের আন্দোলন হয়েছে।

ইতালির নেপলস, রোম ও মিলান শহরে বিক্ষোভের আগে দোকানপাটের জানালা ও প্রবেশপথ সুরক্ষিত করা হয়। আগের বিক্ষোভগুলোতে লুটপাটের ঘটনা ঘটায় ব্যবসায়ীরা সতর্কতামূলক ব্যবস্থা নেন।

আলবেনিয়ার রাজধানী তিরানায় বিক্ষোভকারীরা ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেন এবং পাথর ও কাঁদানে গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করেন।

আরও পড়ুন: হলুদ বিন্দু দেখে খননে ২ কোটি টাকার স্বর্ণের খণ্ড উদ্ধার

অন্যদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন এবং সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিআরটি।

সূত্র: বিবিসি ও সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

পঞ্চগড়, ২৫ অক্টোবর, ২০২৬ : উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা পরিমাপ করা হয়।

এর আগে, গতকাল শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। ওইদিন পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। ভোরের দিকে সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশার কারণে সকালে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

স্থানীয়দের মতে, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে।

তবে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় বেশ গরম অনুভূত হচ্ছে এবং রাতে ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের স্নাতক ২০১৯-২০ ও স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকার স্বামীর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ কর্তৃক। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তারা।

নাজমুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারজানার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাঁর স্বামী। গত বছরের ডিসেম্বরে মারধরের শিকার হয়ে তিনি স্বামীর বাসা ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এই ঘটনায় নারী নির্যাতনের মামলা দায়ের করেন তিনি। পরে নাজমুলের পরিবারের সদস্যরা ভবিষ্যতে নির্যাতন না করার আশ্বাস দিয়ে মামলা প্রত্যাহারের অনুরোধ জানান। দুই পক্ষের পারিবারিক সমঝোতার পর মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। পরিবারের দাবি, মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ফারজানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ফারজানার ভাই আরিফুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ফারজানাকে নির্যাতন করা হতো। এ ছাড়া বিভিন্ন সময়ে ফারজানার পরিবারের কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরিফুলের ভাষ্য, নাজমুল প্রথমে বেকার ছিলেন। পরে চাকরি পাওয়ার পর তাঁর অর্থের চাহিদা বাড়তে থাকে। একপর্যায়ে অর্থের জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতনও চলতে থাকে।

ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ফারজানার সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে জানান আরিফুল। তখন তাঁর কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। রাতে খাওয়ার জন্য ফারজানা চিপস ও কোমল পানীয়ও কিনেছিলেন। তবে রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাঁকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়।

আরিফুল আরও বলেন, ঘটনার আগের দিন বিকেলে নাজমুলের দুলাভাই তাঁকে ফোন করে মামলা প্রত্যাহার হয়েছে কি না, তা জানতে চান। জবাবে তিনি জানান, মামলা প্রত্যাহার হয়ে গেছে এবং এ-সংক্রান্ত কাগজপত্রও পাওয়া গেছে বলে তিনি জানেন। পরিবারের অভিযোগ, মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ফারজানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় পেয়েছি। এ ঘটনায় তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় তারকার জৌলুস ছাড়াই বাজিমাত, ৩ কোটির সিনেমায় আয় ১১৪ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


বড় তারকার জৌলুস ছাড়াই বাজিমাত, ৩ কোটির সিনেমায় আয় ১১৪ কোটি

মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে এটি মাত্র ৬০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। তবে সীমিত আয়োজন ও প্রচারের বিভিন্ন বাধা অতিক্রম করে ছবিটি এখন বক্স অফিসে বড় সাফল্যের নজির স্থাপন করেছে। কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ বিশ্বজুড়ে আয় করেছে ১১৪ কোটি রুপি।

পরিচালক মনোজ কুমারের নির্মিত এই সিনেমাটির বাজেট ছিল তিন কোটি রুপিরও কম। গত সেপ্টেম্বরের শেষ দিকে এটি সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শুরুতে ব্যবসা আশানুরূপ না হলেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় ধীরে ধীরে সিনেমাটির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে।

কন্নড় সংবাদমাধ্যম নিউজ কর্ণাটক ও বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদনের ভিত্তিতে, মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি ভারতের বাজারে আয় করে ৬ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে। তৃতীয় সপ্তাহে সিনেমাটির আয় ৩৯ কোটি রুপি হয়। মুক্তির ২২তম থেকে ২৯তম দিন পর্যন্ত আট দিনে আয় হয় আরও ৩০ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে ২৯ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়ায় ১১৪ কোটি রুপিতে।

সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছে ব্যতিক্রমী প্রচারকৌশল। আর্থিক সংকটে পড়ায় নির্মাতাদের বড় বাজেটের ছবির মতো প্রচার চালানোর সুযোগ ছিল না। তাই অভিনেতা ও কলাকুশলীরা নিজেরাই রাস্তায় নেমে প্রচারপত্র ও আমন্ত্রণপত্র বিলি করেন। এমনকি বাসে যাত্রীদের কাছে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানান তাঁরা। পরে দর্শকদের মুখে মুখে ছবির খবর ছড়িয়ে পড়লে প্রদর্শনীর সংখ্যা ও আয় বৃদ্ধি পেতে থাকে।

গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির গল্পে প্রেম, পারিবারিক সম্পর্ক ও দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন উঠে এসেছে। কৃষক নাগান্না স্ত্রীকে হারানোর পর একাই ছেলেকে বড় করেন। ছেলের বিয়ে নিয়ে বাবার প্রত্যাশা এবং তার ব্যক্তিগত সম্পর্ক ঘিরেই এগিয়েছে কাহিনি। গল্পনির্ভর এই সিনেমার সাফল্যে প্রশংসা করেছেন কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ যশ ও ঋষভ শেঠিও।

তবে ১১৪ কোটি রুপি আয় মানেই নির্মাতাদের সমপরিমাণ মুনাফা নয়। প্রেক্ষাগৃহের অংশ, পরিবেশনা খরচসহ অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর প্রকৃত লাভের হিসাব পাওয়া যাবে। এরপরও স্বল্প বাজেট ও সীমিত প্রচার নিয়ে ‘প্রেমাদা ওরালি’র এই সাফল্য কন্নড় চলচ্চিত্রশিল্পে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ, নির্বাচনের আগে উত্তাল পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ, নির্বাচনের আগে উত্তাল পরিস্থিতি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাঁরা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার তদন্তের জন্য একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানী তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ার’ নামে পরিচিত স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাজায় যুদ্ধের পর এটি ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন।

‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার, হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি এবং সাবেক জিম্মিদের নিয়ে সংগঠনটি গঠিত হয়েছে। হামলার পূর্বে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে তাঁরা দীর্ঘদিন ধরে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন।

বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অক্টোবর কাউন্সিল জানায়, নির্বাচনের তিন দিন আগে তাদের দীর্ঘদিনের আন্দোলনের গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তাঁদের মূল দাবি হলো সত্য উদ্ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অন্যান্য স্থানে সরকারবিরোধী বিক্ষোভও হয়েছে। তেল আবিবের সমাবেশে বিরোধী দলের নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান উল্লেখযোগ্য।

আইজেনকোটকে সমাবেশে স্বাগত জানিয়ে সমর্থকেরা ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ বলে স্লোগান দেন। তবে বিক্ষোভের মূল দাবি ছিল ৭ অক্টোবরের হামলার আগে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা।

নির্বাচনের আগে প্রকাশিত জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ও বিরোধী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা যাচ্ছে। তবে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষ পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিক্ষোভের আগে সমাবেশে বাধা সৃষ্টি ও বিশৃঙ্খলা ঘটানোর আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিল অক্টোবর কাউন্সিল। সংগঠনটির দাবি, ক্ষমতাসীন জোটের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি সমাবেশে বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারেন বলে তারা সতর্কবার্তা পেয়েছিল। এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে জরুরি চিঠিও পাঠানো হয়।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি প্রত্যাখ্যান করেছে। সরকার একটি তদন্ত কমিশনের প্রস্তাব দিয়েছে, যার অর্ধেক সদস্য নিয়োগ করবে সরকার এবং বাকি সদস্যদের নিয়োগ দেবেন বিরোধী দলের আইনপ্রণেতারা।

বিরোধী নেতারা জানিয়েছেন, রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া কোনো তদন্ত কমিশনে তাঁরা অংশ নেবেন না। তাঁদের দাবি, ৭ অক্টোবরের হামলার আগে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা অনুসন্ধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%