০৬:১৩ পি.এম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে অভিযান পরিচালনা করে অবৈধ সার বিক্রির অভিযোগে 'রিয়া ট্রেডার্স'-এর মালিক নিপেন্দ্র নাথ মাহাতোকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় এই অভিযান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে নিমগাছি বাজারে অবস্থিত রিয়া ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানের সময় দোকানে অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ বস্তা টিএসপি (TSP), ৭ বস্তা ইউরিয়া এবং ৫ বস্তা এমওপি (MOP) সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিম হোসেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
আরও পড়ুন: বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে বিড়াল হত্যায় ব্যবসায়ীকে ৬ মাস খাবার দেওয়ার নির্দেশ
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির জব্দকৃত সারগুলো সাধারণ কৃষকদের মাঝে নির্ধারিত ও ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশনা প্রদান করেন। সার বিক্রির সম্পূর্ণ প্রক্রিয়াটি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন ও মো. সেলিম রেজার তত্ত্বাবধানে পরিচালিত হয়।
কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন