ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্র, ঢাকায় ‘টেস্ট অব আমেরিকা’ খাদ্য প্রদর্শনী


বাংলাদেশে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্র, ঢাকায় ‘টেস্ট অব আমেরিকা’ খাদ্য প্রদর্শনী

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র ঢাকায় ‘টেস্ট অব আমেরিকা’ শীর্ষক খাদ্য প্রদর্শনীর আয়োজন করেছে, যা বাংলাদেশে মার্কিন কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে কৃষিপণ্যের বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকার শেরাটন হোটেলে আজ অনুষ্ঠিত এই প্রদর্শনীতে মার্কিন গরুর মাংসসহ বিভিন্ন কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী প্রদর্শন করা হয়। প্রদর্শনীটি যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যের গুণগত মান, বৈচিত্র্য এবং বাংলাদেশের বাজারে এসব পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। এটি সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির সুযোগও সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে দুই দেশের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের বাজারে মার্কিন খাদ্যপণ্যের পরিচিতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: চীন ১৯ যাত্রীর বৈদ্যুতিক বিমান তৈরি করল, এক চার্জে যাবে ৪০০ কিমি

মার্কিন খাদ্য উপকরণ ব্যবহার করে কাপকেক তৈরির প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। এতে রান্না ও খাদ্য প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকরণের বহুমুখী ব্যবহার প্রদর্শিত হয়।

এছাড়া, অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশনারও আয়োজন করা হয়।

এ আয়োজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং খাদ্য ও আতিথেয়তা খাতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, কৃষকের ন্যায্যমূল্য নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, কৃষকের ন্যায্যমূল্য নিয়ে উদ্বেগ

মৌলভীবাজার জেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। কিছু কৃষক পুরোদমে ধান কাটছেন, আবার অনেকে ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। উৎপাদন খরচ অনেকটা বেড়ে গেছে, কারণ ডিজেল, সার, কীটনাশক ও খুচরা যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেয়েছে। তীব্র শ্রমিক সংকটও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, ধানের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। কৃষি বিভাগের মতে, যন্ত্রপাতির ব্যবহার বাড়লে উৎপাদন খরচ কমবে এবং ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

মাঠে ফসলের ফলন নির্ণয়ে নমুনা শষ্য কর্তনের মাধ্যমে মৌলভীবাজার জেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেছে। মাঠজুড়ে সোনালী ধানের ছড়াছড়ি এবং কৃষাণ-কৃষাণীর মুখে উৎসবের আমেজ বিরাজ করছে। অনুকূল আবহাওয়া এবং পোকা-মাকড়ের আক্রমণ কম থাকার কারণে এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো মাঠ থেকে ধান ঘরে তুলতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

জেলায় এবার ব্রি-ধান ১০৩, ব্রি-ধান ৫১, ব্রি-ধান ৫২, ব্রি-ধান ৪৯ সহ অধিক উৎপাদনশীল জাতের ধান বেশি চাষ হয়েছে। যান্ত্রিক উপায়ে চাষাবাদ এবং সময়মতো চারা রোপন ও পরিচর্যা করায় এ বছর ধানের উৎপাদন সন্তোষজনক হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেস্বর এলাকার কৃষক শিমুল মিয়া জানান, ধানের ন্যায্য দাম না পাওয়ার কারণে কৃষকরা সব সময়ই লোকসানের মুখে পড়েন। তিনি বলেন, "নানাভাবে সিন্ডিকেট করে সার, কীটনাশক, ফসফেট ও খুচরা যন্ত্রাংশের দাম বাড়িয়ে রাখা হয়।" শ্রমিকদের মজুরি দিতে ৭০০ থেকে ৮০০ টাকা দিতে হয় এবং জ্বালানি তেলের (ডিজেল) দামও বেড়ে গেছে। ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু বাজারে ধান বিক্রি করে সেই খরচ তোলাই সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, এবারের ধানের ফলন ভালো হয়েছে। তবে ধানের বাজারদর খুবই কম। বর্তমান দরে ধান বিক্রি করে শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ পোষানো যাচ্ছে না। এবারে বাজারে ধান ৮০০, সাড়ে ৮০০ বা সর্বোচ্চ ৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এর ওপরে দাম উঠছে না।

একই এলাকার কৃষক বাচ্চু মিয়া জানান, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ ও পরিবহন খরচ বেড়েছে। বাজারে ধানের চাহিদাও কম। কৃষকরা এত কষ্ট করে ফসল ফলানোর পরও শেষ পর্যন্ত তাদের হাতে কিছুই থাকে না। কৃষি উপকরণ বা যন্ত্রাংশের দাম এখন অনেক বেশী। তিনি বলেন, "গত কয়েকদিন আগে হারভেস্টারের ১টি কাওলার (চাকা) ক্রয় করি ১ লক্ষ ১২ হাজার টাকা দিয়ে।" এর সাথে গাড়ী ভাড়া ও ফিটিং চার্জ গেছে আরও ৩ হাজার ৭ শত টাকা। এক জোড়া ভি-বেল্ট এসসি-৫৯ সাইজের ক্রয় করতে লাগে ২৬ হাজার টাকা। মবিলের দাম ও হাইড্রোলিক অয়েলের দাম অনেক বেশী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপ-পরিচালক মো: জালাল উদ্দিন জানান, এ বছর আবহাওয়া অনুকূল ছিল এবং সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। তিনি বলেন, "সার, বীজ ও কীটনাশকের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং কৃষি বিভাগের নিয়মিত তদারকির ফলে এ বছর আমনের বাম্পার ফলনের বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী।"

ধানের ন্যায্যমূল্য প্রসঙ্গে কৃষকদের পক্ষ থেকে প্রায়ই উদ্বেগ প্রকাশ করা হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে, ধান কাটার পর তা সঠিকভাবে মাড়াই-ঝাড়াই করে ভালোভাবে শুকিয়ে ১৪ শতাংশ আর্দ্রতায় এনে বাজারে তুললে কৃষক অবশ্যই উপযুক্ত মূল্য পাবেন। খাদ্য বিভাগ এ বছর প্রায় জেলা থেকে ৫ হাজার ২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আশা করা হচ্ছে, কৃষকরা নির্ধারিত এই ন্যায্য দামেই ধান বিক্রি করতে পারবেন। তবে ধান অপরিচ্ছন্ন বা ভেজা অবস্থায় বাজারে নিয়ে গেলে দাম কম পাওয়ার আশঙ্কা থাকে, সে বিষয়ে কৃষকদের আরও সতর্ক ও যত্নবান হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ধানের বাজারে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব নেই বলেই আমরা মনে করি। তবে কোথাও কোনো সিন্ডিকেট বা কারসাজির তথ্য পাওয়া গেলে আমাদের জানালে আমরা অবশ্যই প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

সার ব্যবস্থাপনার ক্ষেত্রে সারা দেশে বর্তমানে ডিলার নিয়োগ ও পুনর্বিন্যাসের কার্যক্রম চলমান রয়েছে। কোনো অসাধু চক্র বা দুষ্কৃতিকারী যেন সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে লক্ষ্যে সরকার নতুনভাবে ডিলার ব্যবস্থা ঢেলে সাজানোর মতো একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা সার্বক্ষণিক তদারকিতে রয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মৌলভীবাজার জেলায় সারের কোনো সংকট দেখা দেবে না।

বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমিক দিয়ে প্রতি বিঘা জমির ধান কাটতে যেখানে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হয়, সেখানে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কাটতে খরচ পড়ে মাত্র ২ হাজার টাকার কাছাকাছি। ফলে সময়, শ্রম ও অর্থ—সব দিক থেকেই কম্বাইন হারভেস্টার ব্যবহার কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক। চাষাবাদে যান্ত্রিকীকরণ বাড়লে শ্রমিক সংকট ও উৎপাদন খরচ উভয়েই কমে আসবে।

মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, চলতি আমন মৌসুমে জেলার ৭টি উপজেলায় ৫ হাজার ২৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পৃথকভাবে মৌলভীবাজার সদর ৯১৭ মেট্রিক টন, শ্রীমঙ্গল ৭৫৫ মেট্রিক টন, কুলাউড়া ৯৯০ মেট্রিক টন, জুড়ী ৪২৯ মেট্রিক টন, রাজনগর ৬৫০ মেট্রিক টন ও কমলগঞ্জ থেকে মেট্রিক টন ধান সরকার ক্রয় করবে। ১৪ নভেম্বর ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ ইংরেজি পর্যন্ত কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল আমন ধানের মাঠ পরিদর্শন শেষে জানান, "আমরা সবাইকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে রুপা আমন ধান কাটার উদ্বোধন করলাম।" তিনি আশা প্রকাশ করেন যে, এ মৌসুমে বাম্পার ফলন হবে এবং কৃষক ভাইয়েরা তাঁদের পরিশ্রমের কাঙ্ক্ষিত ফসল পাবেন। বর্তমান সরকার বরাবরই কৃষকবান্ধব। ইতোমধ্যে জুড়ি উপজেলায় কৃষক কার্ডের পাইলটিং শুরু হয়েছে; পর্যায়ক্রমে তা পুরো মৌলভীবাজার জেলায় চালু হবে, যার মাধ্যমে কৃষকেরা প্রায় ১০ ধরনের সুবিধা পাবেন।

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের সরকারি মূল্য প্রতি কেজি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যাতে উৎপাদন খরচ সহজেই উঠে আসে।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ধানের ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগগুলো খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। পাশাপাশি অকার্যকর কৃষি উপকরণ বা বালাইনাশক চিহ্নিত করতে কৃষি বিভাগের মাধ্যমে যাচাই করে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তুকি মূল্যে নির্ধারিত ডিলারের মাধ্যমে সার বিক্রি নিশ্চিত করা হচ্ছে। কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা পাশে আছে।

চলতি মৌসুমে জেলায় আমন চাষাবাদ হয়েছে ৯৯ হাজার ১শ ৫৪ হেক্টর জমিতে। যার সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৯০ হাজার ৫ শত ৩০ মেট্রিক টন।

সরকারিভাবে কৃষক পর্যায়ে ধান সংগ্রহের নির্দিষ্ট সর্বোচ্চ সীমা বা পরিধি বাড়ানোর দাবি কৃষকদের দীর্ঘদিনের। পাশাপাশি টেকসই ও উন্নতমানের কম্বাইন হারভেস্টার, ধান মাড়াই মেশিন, ডিজেল ইঞ্জিন, পাওয়ার টিলার সহ খুচরা যন্ত্রাংশ কম মূল্যে সরবরাহ করলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রি’তে নবান্ন উৎসব উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


ব্রি’তে নবান্ন উৎসব উদযাপন

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : আজ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। সকালে ব্রি’র প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম।

এরপর সেখানে উপস্থিত অতিথিরা ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কাটা উৎসবে অংশগ্রহণ করেন। ধান কাটা শেষে একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া নবান্ন উৎসব উদযাপনের অংশ হিসেবে ব্রি মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।

ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, নবান্ন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, "নবান্ন আমাদের গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নবান্ন উৎসবের বার্তা পৌঁছে দিতে আমাদের আজকের এই আয়োজন।" তিনি আরও বলেন, "সীমিত সম্পদ দিয়ে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান দেয়া আমাদের আগামী দিনের অন্যতম চ্যালেঞ্জ। ব্রি এই চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গীকারবব্ধ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ

পাহাড়ের প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে প্রায় ৭ কোটি টাকার কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জেলার ১০ উপজেলার কৃষকদের মধ্যে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এ সময় উপজেলা-ভিত্তিক পরিষদ সদস্যদের হাতে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, কৃষির আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবে পাহাড়ের প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র সরবরাহ করা হবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। উপজেলার কৃষকদের চাহিদা অনুযায়ী পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডল বলেন, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনতে স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী এসব আধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে। এতে কৃষিকাজে যান্ত্রিকীকরণের পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণের সুযোগ বাড়বে।

তিনি বলেন, ফুড ড্রায়ারের মাধ্যমে ফলমূল ও অন্যান্য খাদ্যপণ্য শুকিয়ে সংরক্ষণ, জুসারের মাধ্যমে ফলের জুস তৈরি এবং সিলার মেশিন দিয়ে প্যাকেজিং করা যাবে। পাশাপাশি পাওয়ার টিলার ও ধান রোপণ-কাটার যন্ত্র ব্যবহারে কৃষকের শ্রম ও সময় কমবে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাহাড়ের কৃষিতে উৎপাদনের পাশাপাশি ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ বড় চ্যালেঞ্জ। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে মৌসুমি ফলমূল ও শাকসবজির একটি অংশ নষ্ট হয়। এতে কৃষকের উৎপাদন খরচ উঠে এলেও অনেক সময় কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যায় না।

নতুন সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে পাহাড়ে উৎপাদিত আনারস, কলা, পেঁপে, আম ও কাঁঠালসহ বিভিন্ন ফল প্রক্রিয়াজাত করে জুস, শুকনো খাদ্য ও অন্যান্য পণ্য তৈরির সুযোগ তৈরি হতে পারে। সিলার মেশিনের মাধ্যমে এসব পণ্য প্যাকেজিং করে বাজারজাত করাও সম্ভব হবে। এর ফলে কাঁচা কৃষিপণ্যের পাশাপাশি মূল্য সংযোজিত পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে।

আয়তনে দেশের তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বড় রাঙামাটির বিস্তীর্ণ পাহাড়ি এলাকার মানুষের বড় একটি অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। আধুনিক প্রযুক্তি, কৃষিযন্ত্র, সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ সুবিধার সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের কৃষি সম্ভাবনার পুরোপুরি বিকাশ ঘটেনি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রায় ৭ কোটি টাকার এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকি করা গেলে পাহাড়ের কৃষিতে নতুন গতি আসবে। এতে কৃষকের শ্রম ও উৎপাদন ব্যয় কমার পাশাপাশি ফসলের অপচয় রোধ, কৃষিপণ্যে মূল্য সংযোজন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার ১ উইকেটের সেশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


লিটনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার ১ উইকেটের সেশন

জোহনেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের সকালের সেশনটি বাংলাদেশ দলের জন্য স্মরণীয় হতে পারে। গত দিনের স্কোরের সঙ্গে তারা আরও ৭৩ রান যোগ করেছে। লিটন দাস তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন। বাংলাদেশ অলআউট হওয়ার আগে তারা ৪০০ রানের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে। এরপর, বল হাতে তারা দ্রুত এডেন মার্করামের গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকবে। তারা তুলনামূলকভাবে দ্রুত বাংলাদেশের ইনিংস শেষ করতে পেরেছে এবং নিজেদের ইনিংসে কোনো উইকেট হারায়নি। তাদের জানা আছে, নতুন বলের কঠিন সময়টি পার করতে পারলে ব্যাটিং অনেক সহজ হয়ে যাবে।

হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মার্করাম। পরে তাসকিনের বলে এলবিডব্লু হন জুবায়ের হামজা, কিন্তু নো বল হওয়ায় তিনি বেঁচে যান।

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৫ ওভার খেলে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৮ রান করেছে। অ্যাকারম্যান ৭ রান করেছেন এবং হামজা অপরাজিত আছেন ৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০

dক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫ ওভারে ১৮/১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%